খবরের কাগজে মোড়া খাবার খেয়ে কী বিপদ ডাকছেন?

 

সংবাদপত্র হল জীবনযাত্রার এক অঙ্গ। সমাজ সম্পর্কে দেশবাসী যতটা সচেতন থাকবে ততই সমাজের প্রতি তাদের কদর এবং দায়িত্ববোধ বৃদ্ধি পাবে। দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চলের আধুনিকতম সংবাদ জনগণের সামনে তুলে ধরে সংবাদপত্রগুলো। সংবাদপত্র এই ভাবেই সম্যকরূপে শিক্ষিত করে তোলে দেশবাসীকে; পাশাপাশি সমাজ ও সভ্যতার প্রগতিকেও দিগদর্শন করায় । খবরের কাগজ দিনের দিন পড়ার জন্য হলেও তার পরে নানা কাজে ব্যবহৃত হয়। পেতে বসা থেকে তার উপরে খাবার রেখে খাওয়া সবই করা হয়। প্রায় কারও ঘরেই এগুলো সংরক্ষণের জায়গা নেই এবং প্রয়োজনও পড়ে না। সেগুলো ফেরিওয়ালার কাছে বিক্রি করা হয়। খবরের কাগজে মুড়ে বা ঠোঙায় খাবার দেওয়ার চল কিন্তু বেশ পুরনো। রাস্তার ধারে ভাজাভুজির দোকানগুলিতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেই সব পুরনো খবরের কাগজ। ঝাল মুড়ি, ছোলা, পেঁয়াজ, ফুচকা, গরম জিলাপি, শুকনো মিষ্টি, লবণ মাখানো আমড়াসহ বিভিন্ন ধরনের আচার, চানাচুর ক্রেতার হাতে দেওয়ার জন্য এসব ঠোঙা বা কাগজই একমাত্র ভরসা। এক কথায় খবরের কাগজ এক বার পড়া হয়ে গেলে তার ব্যবহার কিন্তু বহুমুখী।

 

২০১৬ সালে ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া’ (এফএসএসএআই)-র তরফে নির্দেশ দেয়, খাদ্য সামগ্রী প্যাকিং, সংরক্ষণ এবং পরিবেশনের জন্য খবরের কাগজের ব্যবহার একেবারে বন্ধ করে দিতে হবে। কেন এই সিদ্ধান্ত? কী এমন আছে খবরের কাগজে, যা শরীরে গেলে মারাত্মক ক্ষতি হয়ে যাবে? বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে পরিষ্কার, স্বাস্থ্যকর ভাবে রান্না করা খাবারও খবরের কাগজে মুড়ে রাখলে বিষক্রিয়া হতে পারে। একই মত ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অব ইন্ডিয়া-র। খবরের কাগজের কালিতে থাকে চার রকমের রাসায়নিক পদার্থ- পিগমেন্ট, রেজিন, সলভেন্ট, অ্যাডিটিভ। এগুলি হল ন্যাফথাইলামাইন, অ্যারোম্যাটিক হাইড্রোজেন আর কার্বন যৌগের মতো একাধিক বায়োঅ্যাকটিভ পদার্থ, ইথানল, প্রোপানল, ডাই মিথাইল সালফোক্সাইড, ডাই আইসোবিউটাইল ফ্যাথালেট এবং আইসোবিউটাইল। এছাড়া থাকে প্যাথজেনিক মাইক্রো অরগ্যানিজ়ম এবং ক্যাডমিয়াম, পারদ, সিসা, ক্রোমিয়ামের মতো ভারী ধাতু।

হার্টের অসুখ, কিডনির অসুখ, লিভার-ফুসফুসের কর্মক্ষমতা কমে যাওয়া, হাড় দুর্বল হয়ে যাওয়ার মতো একাধিক সমস্যার কারণ খবরের কাগজে ব্যবহৃত কালি। ২০২১ –এ অ্যাপ্লাইড ন্যানো বায়োসায়েন্সে প্রকাশিত গবেষণা পত্র জানাচ্ছে- কালিতে থাকা ন্যাফথাইলামাইন যৌগ শরীরে প্রবেশ করলে যৌনজীবনের উপরেও তার প্রভাব পড়ে, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা কমে যায়; ৪-অ্যামিনোবিফিনাইল, বেনজিডিন এবং ন্যাফথাইলামাইন মূত্রাশয় ক্যানসারের অন্যতম প্রধান কারণ; যৌগ বেঞ্জোপাইরিনকে ফুসফুসের ক্যানসার হওয়ার অন্যতম কারণ। পাশাপাশি কারও কারও হরমোনের ভারসাম্যহীনতার ঝুঁকিও থাকতে পারে। কালিতে থাকা বিপজ্জনক রাসায়নিক ডি আইসোবিউটাইল ফ্যাথালেট এবং আইসোবিউটাইল গরম খাবারের সঙ্গে মিশে গেলে এগুলি বিষাক্ত হয়ে যায়। দেখা যাচ্ছে ক্যানসার নয়, খবরের কাগজের কালি শরীরে একাধিক রোগের বাধার কারণ হতে পারে। অন্যদিকে বিক্রেতাদের দোকানে খোলা জায়গায় দিনের পর দিন কাগজ বা ঠোঙা পড়ে থাকার কারণে সেগুলি ব্যাক্টেরিয়ার সংক্রমণও হয়। সেই কাগজে মোড়া খাবার খেলে শরীরে ব্যাক্টেরিয়া সংক্রমণের ঝুঁকিও বাড়ে।

 

আমাদের দেশে খাবারের বিশুদ্ধতা রক্ষা করা কঠিন, তারপর যদি লেখার কালি খাবারের সঙ্গে গলাধঃকরণ করতে হয়, তাহলে সেটা হয়ে ওঠে মড়ার উপর খাঁড়ার ঘা। তাই খবরের কাগজ বা ছাপা কালির লেখা কাগজের বিকল্প হিসাবে শালপাতা, কাঁঠালপাতা, কলাপাতা প্রক্রিয়াজাত করে এসব কাজে ব্যবহারের উপায় বের করতে হবে। কেন্দ্র বা রাজ্য সরকারকে সাধারণের মধ্যে বেশি সচেতনতা তৈরির চেষ্টা করতে হবে।  স্বাস্থ্য দফতরের খাদ্য সুরক্ষা বিভাগের তরফে এ নিয়ে নিয়মিত প্রচারাভিযান চালাতে হবে। সবার উদ্যোগ ও আগ্রহ যদি সর্বদা জারি থাকে, তবে অবশ্যই ক্ষতিকর এসব কাগজের ব্যবহার থেকে সরে আসা সম্ভব হবে। ভুলে গেলে চলবে না ‘এফর্টস আর বেটার দ্যান প্রমিসেস’।

ঋণ :

১)Letters in Applied Nano BioScience Volume 10, Issue 3, 2021, 2614 – 2623 (nanobioletters.com)

২) আনন্দবাজার পত্রিকা - ২৬ নভেম্বর ২০২১ , ১ অক্টোবর ২০২৩

Comments

Popular posts from this blog

নমন্তি গুণিনো জনাঃ