রাজা রামমোহন রায়ের একটি চিঠি ও তাঁর বিজ্ঞান ভাবনা
যুগপুরুষ রামমোহন রায় সাধারণের কাছে সতীদাহ প্রথা রদ করিয়েছিলেন এই কারণে বেশি পরিচিত। তাঁর অন্যান্য গুণের পরিচয় নিয়ে চর্চা তেমন হয় না। মধ্যযুগের অন্ধকারাচ্ছন্ন ভারতবর্ষকে অগ্রদূত হয়ে পথ দেখিয়েছিলেন। বাংলা গদ্যের বীজ বপন, শিক্ষা বিস্তার, পাশ্চাত্য শিক্ষার প্রতি অনুরাগ, প্রাচ্য এবং পাশ্চাত্য সংস্কৃতির মেলবন্ধন, ধর্মান্ধতা থেকে মুক্তির পথ, বিশ্বজনীন একেশ্বরবাদ, বিজ্ঞান চর্চার উদ্যোগ, নারীর বাঁচার অধিকার, নারীর সম্পত্তিতে অধিকার, ভূমি সংস্কারে কৃষকের অধিকার, প্রশাসনিক এবং বিচার বিভাগের পৃথকীকরণের উদ্যোগ, বাংলা ধ্রুপদী গানের বিস্তার, লবণ আন্দোলনে অগ্রণী ভূমিকা, সংবাদপত্রের স্বাধীনতা, নাগরিক অধিকার, জাতিপুঞ্জ গঠনের প্রাথমিক উদ্যোগ ইত্যাদি মানবিক কর্ম প্রয়াসে তাঁর অনন্য ভূমিকা ছিল। তাঁর জীবদ্দশায় সব ক্ষেত্রে তিনি সফল হননি কিন্তু পরবর্তী সময়ে তাঁর কাজের ফল আমরা ভোগ করছি। রামমোহনের কাছে ইংরেজ সভ্যতার সঞ্জীবনী শক্তি হলো শিক্ষা- যুক্তিনির্ভর ও বিজ্ঞানভিত্তিক আধুনিক শিক্ষা। এখন থেকে ১০০ বছর আগে তিনি বুঝেছিলেন, প্রচলিত শিক্ষা ব্যবস্থার পরিবর্তন না হলে আগামী ১০০ বছরেও ভারতের ঘুম ভাঙানো যাবে না।...