উপেক্ষিত বিভা চৌধুরী
জাতীয়
বিজ্ঞান দিবস ২০২০-এর মূল ভাবনা ও বিজ্ঞানী বিভা চৌধুরী
বিজ্ঞানী বলতে আমরা কল্পনা করি অগোছালো এক প্রবীণ পুরুষের ছবি। আর ছোটবেলা থেকে কেবল বইয়ের পাতায় প্রফুল্লচন্দ্র রায়, জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু প্রমুখদের কথা। অথচ ইতিহাসের পাতায় চোখে পড়ে কিছু মহিলা বিজ্ঞানীর নাম। বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে যাঁদের অবদান অসামান্য। প্রসঙ্গটি এল চলতি বছরের জাতীয় বিজ্ঞান দিবস(২৮ ফেব্রুয়ারি)-এর মূল ভাবনা ‘Women in Science’ নিয়ে।
উচ্চশিক্ষার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক- এর পর যে কোনও স্নাতক, স্নাতকোত্তর, ডিগ্রি, ডিপ্লোমা, সার্টিফিকেট কোর্সে নথিভুক্তের সংখ্যা আর ১৮ থেকে ২৩ বছর বয়সিদের মোট সংখ্যা— এই দুইয়ের অনুপাতকে বলে গ্রস এনরোলমেন্ট রেশিয়ো, সংক্ষেপে জিইআর। ভারতে উচ্চশিক্ষায় জিইআর ২৫.২ শতাংশ। অর্থাৎ ১৮ থেকে ২৩ বছর বয়সিদের মাত্র এক-চতুর্থাংশ কলেজ-বিশ্ববিদ্যালয়ে নাম লেখায়। তথ্য বলছে মহিলা পুরুষ মিলিয়ে উন্নত বিশ্বে উচ্চশিক্ষায় জিইআর ৫০ শতাংশের বেশি। সারা বিশ্বে স্টেম (STEM: Science, Technology, Engineering, Mathematics) ক্ষেত্রে মেয়েদের সংখ্যা সত্যই কম। ইউনেস্কোর ২০১৪-এর রিপোর্ট অনুযায়ী ভারতে ৪০% স্টেমে স্নাতক। যেখানে আমেরিকায় মাত্র ১৫%। এর সঙ্গে মিলে যায় ২০১৮-এর জুন মাসে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের সদস্য তালিকায় মহিলাদের উপস্থিতি। ভারতের ২৫৫ জন সদস্যদের মধ্যে মহিলা ২৬ জন(৯%)। যেখানে সারা বিশ্বের গড় ১৬%। তালিকায় সবচেয়ে উঁচুতে রয়েছে আর্জেন্টিনা। এখানে ১৪৭ জনের মধ্যে মহিলা ৫৭ জন (৩৮%)। আবার বিজ্ঞানে নোবেল পুরষ্কার প্রাপকদের তালিকা লক্ষ্য করলে দেখা যাচ্ছে ১৯০১ থেকে ২০১৯ পর্যন্ত ৫৪ জন মহিলা রয়েছেন। এদের মধ্যে পদার্থবিদ্যা, রসায়ন ও মেডিসিন-এ নোবেল পুরষ্কার প্রাপক হলেন ২০ জন। পরিসংখ্যান বলছে ছাত্রী ও গবেষণার পর মূখ্য বিজ্ঞানী পদমর্যাদায় মহিলার সংখ্যার গড় ২৫-৩০ শতাংশ। এই হল সার্বিক চিত্র। একবিংশ শতাব্দীর দু’দশক শেষের মুখে। এখনও মেয়েদের শুনতে হয়, ‘বিজ্ঞান মেয়েদের জন্য নয়’। কেন মহিলাদের উপস্থিতি কম তা নিয়ে সমাজবিজ্ঞানীদের গভীরভাবে ভাবার সময় এসেছে।
সভ্যতার উষালগ্ন হতে পুরুষশাসিত সমাজের সীমাবদ্ধতায় মহিলারা পথ হারিয়েছে বারবার। তারপরও পুরুষতান্ত্রিক সমাজের সীমাবদ্ধতাকে পেছনে ফেলে অল্প সংখ্যক মহিলা বিজ্ঞানের ইতিহাসে আলোকশিখা জ্বালিয়েছেন। আবার ওই সকল মহিলাদের দেওয়া হয়নি প্রাপ্য সম্মান ও স্বীকৃতি। কেবলমাত্র অতীতে ঘটেছে তা নয়, আজও ঘটছে বঞ্চনা ও বৈষম্য। তাঁদেরই একজন হলেন হুগলী জেলার বিভা চৌধুরী। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় এসএসসি পাশ করেন ১৯৩৬ সালে (ওই ব্যাচের একমাত্র ছাত্রী)। তিনি আর এক কৃতী জৈব রসায়ন বিজ্ঞানী অসীমা চট্টোপাধ্যায় (১৯১৭-২০০৬)- এর প্রায় সমসাময়িক।
১৯৩৬-এ বিভা এমএসসি’র পর
তিনি গবেষণার কাজ শুরু করলেন কলকাতা
বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের পালিত অধ্যাপক দেবেন্দ্রমোহন বসু’র
সঙ্গে। তাঁর আগ্রহের বিষয় ছিল পদার্থবিদ্যা এবং মহাজাগতিক রশ্মি। বিভা
ও দেবেন্দ্রমোহন ইলেকট্রন প্রোটন নিউট্রন এই তিন আদিকণাদের ছাড়া আরও কিছু মৌলিক
কণার অস্তিত্ব রয়েছে কিনা তার সন্ধান করছিলেন মহাজাগতিক রশ্মির মধ্যে। শুরু হল
মহাজাগতিক রশ্মির মধ্যে লুকিয়ে থাকা কণিকাদের খোঁজ। দেখা গেল ফটোগ্রাফির প্লেট যদি দীর্ঘ সময় ধরে রেখে দেওয়া যায়, তার
উপর মহাজাগতিক রশ্মি এসে পড়লে ওই মৌল
কণাদের যাত্রাপথ প্লেটের ওপর নিজে নিজেই আঁকা হয়ে যায়। বিভা আর দেবেন্দ্রমোহন এই
পদ্ধতি এবং সেই পথ রেখা থেকে বের করার চেষ্টা করছিলেন কণাগুলোর ভর।
সচরাচর পাহাড়ের উপরে কোনও উঁচু জায়গায় তাঁরা রেখে আসতেন, যেখানে বায়ুমণ্ডল এর ঘনত্ব কম, যাতে মহাজাগতিক রশ্মিরা আসার পথে বেশি বাধা না পায়। দার্জিলিং (৭০০০ ফুট),
সান্দাকফু(১২০০০ফুট), ফারিজং(১৪০০০ফুট) বিভিন্ন উচ্চতায় পরীক্ষা করে তাঁরা মেসন কণা ভর নির্ণয়ের পথে অনেক দূর অগ্রসর হন।
পৃথিবীর বিখ্যাত ‘নেচার’ জার্নালে তিনটি
( Photographic
plates as detector of mesotron showers; Origin and nature of heavy
ionization particles detected on photographic plates exposed to cosmic rays ; A photographic method of
estimating the mass of mesotron ) গবেষণাপত্রও প্রকাশিত হয়। একে পরাধীন দেশ, তার উপর আর্থিক আনুকূল্য নেই একেবারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এসে পড়ায় খুব বেশি এগোতে পারলেন না তাঁদের গবেষণা নিয়ে। আরও কয়েক বছর পরে একই পরীক্ষা করে ব্রিটিশ বিজ্ঞানী ফ্রাঙ্ক পাওয়েল(১৯০৩-১৯৬৯)
পাই মেসন ও মিউ মেসন আবিষ্কার করার জন্য নোবেল পুরস্কার পান ১৯৫০ সালে।
এই দুটো কণার প্রাথমিক চিহ্ন পাওয়া গিয়েছিল বিভা চৌধুরীর
পরীক্ষা-নিরীক্ষাতেও। ১৯৪৫-এ বিভা গবেষণার জন্য যোগ দেন নোবেলজয়ী (১৯৪৮) বিজ্ঞানী ম্যাঞ্চেস্টার বিশ্ববিদ্যালয়ের প্যাট্রিক ব্লাকেট-এর (১৮৯৭-১৯৭৪) কাছে। ‘extensive air showers associated with
penetrating particles’ বিষয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি পান। ম্যাঞ্চেস্টার পর্বে বিভা
সম্পর্কে The Manchester Herald লিখেছিল, ‘Meet India’s new woman scientist- she has an eye for
cosmic rays.’ ১৯৫২য় পিএইচ ডিগ্রি লাভ করেন।
হোমি ভাবা’র আহ্বানে প্রথম মহিলা গবেষকরূপে ১৯৪৯ -১৯৫৭ যুক্ত ছিলেন টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ-এ। পরে যোগ দিলেন
আমাদাবাদের ‘ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি’তে।
সমকালীন ডিরেক্টর বিক্রম সারাভাই’র তত্ত্বাবধানে কোলার স্বর্ণ খনিতে গবেষণার
কাজ করছিলেন। সারাভাইয়ের অপ্রত্যাশিত মৃত্যুর পর থমকে যায় বিভার গবেষণা। পেলেন না কাজের উপযুক্ত পরিবেশ।
স্বেচ্ছা অবসর নিয়ে কলকাতার সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স এবং
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স-এ বিজ্ঞানীরূপে কাজ করেছেন
আমৃত্যু। মৃত্যুর এক বছর আগে ১৯৯০-এও সহ
গবেষকরূপে গবেষণা পত্র প্রকাশিত হয়েছে ‘ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স’-এ।
ভারতীয় আধুনিক বিজ্ঞান
সাধনার অন্যতম অগ্রদূত বিভা চৌধুরী কোনওদিনও খুব একটা খ্যাতির
আলোয় আসেননি। না, জীবিত(১৯১৩-১৯৯১) অবস্থায় বিভা পাননি
কোনও জাতীয় বা আন্তর্জাতিক স্বীকৃতি। এমনকি ২০০৮-এ ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ সায়েন্স
থেকে প্রকাশিত এবং রোহিণী গডবোলে ও রাম রামস্বামী সম্পাদিত ‘লীলাবতী’স ডটারসঃ দ্য উইমেন সায়েন্টিস্টস
অফ ইন্ডিয়া’ বইটিতে মোট ৯৮ জনের মধ্যে বিভা চৌধুরীর নামোল্লেখই নেই । অবশ্য এরকম অবিচার বিজ্ঞানের ইতিহাসে রয়েছে। অ্যান্টোনি হিউইস, জোসেলিন
বেল বার্নেল এবং মার্টিন রায়াল ২৮ নভেম্বর ১৯৬৭
প্রথম একটি দ্রুত ঘুর্ণনশীল চৌম্বক নিউট্রন তারা বা পালসার আবিস্কার
করেন। কিন্তু ১৯৭৪-এ পালসার আবিষ্কারের জন্য নোবেল পান অ্যান্টোনি হিউইস ও মার্টিন রায়াল। আয়ারল্যান্ডের জোসেলিন বেল বার্নেল এ
প্রসঙ্গে বলেছিলেন, ‘ While filling up any form one has to tick off one
of the two boxes specifying one’s gender. Have ever noticed which
gender comes first? Now, let me ask you, is that order alphabetical? The day when
this order will become alphabetical, you can start thinking that our world has
started to change. Not before that.’
স্বদেশীয়গণ ভুলে গেলেও বিভাকে
ভোলেনি প্যারিসের
ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন। সম্প্রতি পৃথিবী থেকে ৩৪০ আলোকবর্ষ
দূরে একটি হলদে-সাদা খুদে নক্ষত্রের নামকরণ করেছে বাঙালি বিজ্ঞানী বিভা চৌধুরীর নামে। ২০২০য় জাতীয় বিজ্ঞান দিবস এর মূল ভাবনা ‘Women in Science’ হলেও বিস্মৃতির অন্তরালে চলে যাওয়া বিভা
চৌধুরীকে খ্যাতির
আলোয় ফিরিয়ে আনল আমাদের দেশ নয়, একটি আন্তর্জাতিক বিজ্ঞান সংস্থা।
তাঁর জীবন কাহিনী 'A jewel unearthed: Bibha
Chowdhuri' (লেখক- রাজিন্দর সিং ও সুপ্রকাশ সি রায়, ২০১৮) প্রকাশিত হয়েছে জার্মান প্রকাশনা সংস্থা ‘শেকের
ভার্লাগ’ থেকে। উপযুক্ত পরিকাঠামো পেলে আরও কী আবিষ্কার করতে পারতেন বিভা জানা হল না আমাদের। বিজ্ঞানের বৃহৎ
দিকগুলির কীর্তিমানদের নিয়ে চর্চা হয়, কিন্তু বাঙালি বিজ্ঞানী বিভা চৌধুরী ভারতীয় বিজ্ঞানের
ইতিহাসকে যিনি ঋদ্ধ করেছেন, তিনি
স্বদেশবাসীর কাছে রয়ে গেলেন বিস্মৃতির অন্তরালে।
তথ্যসূত্রঃ
Indian Journal of History
of Science, 50.3 (2015)
বিস্মৃতপ্রায় বাঙালি বিজ্ঞানী (১ম খণ্ড) – রণতোষ চক্রবর্তী, জ্ঞান বিচিত্রা।
The Telegraph- 25-11-2018
India
Science Wire – 5-12-2018
দেশ-
১৭ মার্চ ২০১৯
Comments
Post a Comment