বিজ্ঞান অন্বেষক পত্রিকা , বর্ষ ১৭, মে-অগস্ট ২০২০ তে প্রকাশিত।
পরিবেশ শিক্ষকঃ কোভিড ২০১৯
পুরনোকে
নিশ্চিহ্ন করে, পাতা ঝরিয়ে গাছে যেমন নতুন কুঁড়ি ফোটে
তেমনই প্রকৃতি সব সময় নতুনকে আহ্বান করে। সেই প্রকৃতি আজ
আত্মরক্ষার কবচ হিসেবে বেছে নিয়েছে এক নতুন অস্ত্র, ভাইরাস।
সে বুঝিয়ে দিয়েছে যে, প্রকৃতি ও জীবনের ধ্বংসের মূলে মানুষ,
তাই মানুষের বিলুপ্তি পৃথিবীর স্বাস্থ্যের জন্য আশু প্রয়োজনীয়।
করোনা ভাইরাসের জন্য এই গ্রহের জীবকুল
স্বস্তি পেয়েছে। সেই সঙ্গে করোনা ভাইরাসের সংক্রমণ বিশ্বে মানব অস্তিত্বের স্তম্ভ নড়বড়ে করে দিলেও মানুষকে
যেন এনে দাঁড় করিয়েছে সংকটময় ভবিতব্যের
সামনে!
ওকে
বাঁধবি কে রে
গত জানুয়ারির শেষ সপ্তাহে ভারতে প্রথম মিলল নভেল করোনাভাইরাসের উপস্থিতি। জানুয়ারির ৩১ তারিখে
সংবাদপত্রগুলির প্রথম পাতায় ছোট্ট করে খবর- ভারতে
করোনা। পরের দিন সংবাদপত্রে প্রকাশ হল চিনের
গণ্ডি পেরিয়ে আরও ১৮টি দেশে করোনা ভাইরাসের সন্ধান মিলেছে। ২২ মার্চ, ২০২০। এই দিনটার কথা বোধহয় অনেকেই জীবনে ভুলতে পারবে না। ওই দিন চলছিল একদিনের জন্য জনতা কারফিউ। তারমধ্যেই জানা গেল, রাত ১২টা থেকে
এক সপ্তাহের জন্য ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হবে। বর্তমান
প্রজন্ম তো বটেই দেশজুড়ে ট্রেন বন্ধের মতো পরিস্থিতির মুখোমুখি হয়নি তার আগের
প্রজন্মও। তারপরদিনই
আবার ঘোষণা হল, ২১দিন ধরে চলবে লকডাউন। শুরুতে লকডাউন ব্যাপারটার গুরুত্ব মানুষ অতটা বুঝতে পারেনি। শুধু আমি নই, বড়রাও অনেকে বুঝতে পারেননি। মনে হয়েছিল নিছক কাজকর্ম বন্ধ থাকবে। ঘোরা, বেড়ানো, আমোদ আহ্লাদ
সবই চলবে। কিন্তু ব্যাপারটা যে সেরকম নয়, সেটা মানুষ টের পেল যখন টিভিতে খবর দেখতে
দেখতে বুঝতে পারল করোনা ভাইরাস যেরকম তাণ্ডব চালাচ্ছে বিশ্বজুড়ে, তাতে লকডাউন ছাড়া
উপায় নেই। ধীরে ধীরে মুখে মাস্ক পরা, বারে বারে হাত ধোয়া এইসব ব্যাপারে মানুষ অভ্যস্ত
হয়ে গেল। খুব প্রয়োজন ছাড়া বাড়ির কেউই বাইরে বেরচ্ছে না। একটানা সবাই ঘরবন্দি।
সড়ক ও আকাশ পরিবহণ দুইই বন্ধ দেশে। আকাশ এবং বাতাসে জমা ধোঁয়া পরিষ্কার হতে সময় লাগল না। আকাশ অনেক বেশি নীল দেখাল, শুধু তাই নয়, শহরের বাতাসে দূষিত গ্যাস, ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র ধূলিকণা পরিমাণ যে কমছে তা কোনও বিশেষ ধরণের যন্ত্র ছাড়াই বোঝা যাচ্ছিল। আকাশ জুড়ে পরিষ্কার ঝকঝকে রামধনু দেখা গেল। সব সময় দেখা যে যায় না, তা নয়। তবে এমন পরিষ্কার ভাবে সাম্প্রতিক অতীত তো ছাড়, সুদূর অতীতেও সাতটি রং শেষ কবে দেখা গিয়েছিল, তা বেশির ভাগ মানুষেরই স্মৃতির আকাশে অস্পষ্ট।
পৃথিবীতে মোট কার্বন নিঃসরণের এক
চতুর্থাংশ ঘটে থাকে পরিবহণের কারণে, তা ব্যাপক হ্রাস পেতে শুরু করল। পৃথিবীর অন্য দেশ - আমেরিকা, ইতালি, স্পেন,
এবং ব্রিটেনে দূষণ নিঃসরণের পরিমাণ ব্যাপক কমেছে, বাতাসের মানও বৃদ্ধি ঘটেছে। ভারতের বড় শহরগুলিতে
দুষণের মাত্রা কমেছে। নয়া দিল্লি ও মুম্বই তার সবচেয়ে বড় উদাহরণ। চিনে উপগ্রহ চিত্র
থেকে দেখা গেল, দূষণের মাত্রা সেখানে ব্যাপক কমেছে। বিবিসির এক রিপোর্ট অনুসারে লকডাউনের
ফলে গত বছরের তুলনায় সেখানে নিঃসরণের পরিমাণ কমেছে ২৫ শতাংশ, এবং ৩৩৭টি শহরে ভাল মানের বাতাসের অনুপাত বেড়েছে ১১.৪ শতাংশ। গত বছরের
তুলনায় নিউইয়র্কে কার্বন মনোঅক্সাইডের পরিমাণ ৫০ শতাংশ কমেছে বলে জানিয়েছেন
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। লকডাউনের দূষণ-হীন পরিষ্কার আকাশে জ্যোতির্বিজ্ঞানীরা
খুঁজে পেয়েছেন ১৬০০ আলোকবর্ষ দূরের তারা। যাদের অনেকগুলির কথাই আগে জানা ছিল না। করোনা ভাইরাসের এক ধাক্কায় দূষণ
নিম্নগামী, নদী হ্রদ
সমুদ্র পরিষ্কার এবং গাছ নিশ্চিন্ত, প্রকৃতি মুক্ত।
করোনা ভাইরাসের কারণে যখন জীবনহানির শঙ্কায় মানুষ, তখন যেন নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে পৃথিবী।
দেশজুড়ে
লকডাউনের জেরে প্রকৃতি একেবারে শান্ত-নিঝুম। তা মুম্বই হোক কিংবা কলকাতার মতো
দেশের বিভিন্ন ব্যস্ততম শহরগুলো। রোজ সকালে পাখির ডাকে ঘুম ভাঙছে শহরবাসীদের। শুধু
শহর নয়, গ্রাম বাংলা থেকে হারিয়ে যাওয়া হরেক রকমের পাখি যাদের এক সময় অবাধ বিচরণক্ষেত্র
ছিল বাংলার মাঠঘাট, নদী, খাল বিল-এ। এই
প্রজন্মের অনেক শিশু কিশোর কখনও দেখেনি মুক্ত আকাশে উড়ন্ত এ সব পাখি, শোনেননি এদের ডাকও। এই করোনার সৌজন্যে তারাও ফিরে এসেছে। করোনা ভাইরাস
কি প্রকৃতির কাছে কিছু ক্ষেত্রে আশীর্বাদ হয়ে এল? এর উত্তর হ্যাঁ। আর লকডাউনের সুবাদে
বেশকিছু বিলুপ্তপ্রায় প্রাণীদের দেখা মিলছে রাস্তায়। কোথাও জেব্রা ক্রসিংয়ের উপর
দিয়ে হেঁটে চলেছে বিলুপ্তপ্রায় প্রজাতির বনবিড়াল তো কোথাও রাতের রাজপথে নেমে ঘুরে
বেড়াচ্ছে হরিণরা। কিংবা কোনও সমুদ্র সৈকতের কাছে ডলফিনের ঝাঁক খেলছে তো আবার
প্রকাশ্য দিনের আলোয় ঘুরে বেড়াচ্ছে বাইসন, নীলগাই, আবার
জনশূন্য সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছে কচ্ছপরা। পরিবেশপ্রেমীদের কথায়, এসব অকল্পনীয় দৃশ্য! প্রকৃতি যেন শ্বাস নিচ্ছে। অকল্পনীয় দৃশ্যই বটে! চণ্ডীগড়ে
স্ট্রিটলাইটের আলোয় রাতের রাস্তা পেরচ্ছে এক হরিণ। নয়ডার রাস্তায় নীলগাইকে ঘুরে
বেড়াতে দেখা গেল। অনেকটা চিতা বাঘের মতো
দেখতে বিরাটাকার বিলুপ্তপ্রায় এক বনবিড়ালকে দেখা গেল কেরালার কালিকটের রাস্তায় ঘুরে
বেড়াতে। পশুপ্রেমীদের দাবি, শেষবার এই জন্তুটিকে ১৯৯০ সালে
দেখা গিয়েছিল। মুম্বইয়ের সমুদ্রতটের কাছে নীল জলরাশির মাঝে ডলফিনদের অবলীলায় খেলা
করতে দেখা গিয়েছে। সব অসম্ভবকেই যেন সম্ভব করে তুলছে করোনা ভাইরাস। হ্যাঁ, লকডাউনের মধ্যে পাঞ্জাব, উত্তরপ্রদেশ ও বিহারের নানা প্রান্ত থেকে হিমালয়ের
বিভিন্ন চূড়া দেখা গেছে। প্রতিবেশী নেপালের কাঠমাণ্ডু থেকে ২০০ কিমি
দূরে এভারেস্টকেও দেখেছেন সাধারণ মানুষ।
বহে নিরন্তর আনন্দ ধারা
করোনা ভাইরাসের সৌজন্যে যেমন নতুন
করে প্রাণ ফিরে পাচ্ছে প্রকৃতি। তেমনই বদলে যাচ্ছে অনেক নদীর চেহারাও। গঙ্গা, যমুনার দূষণমুক্ত চেহারা দেখে রীতিমতো উচ্ছ্বসিত
পরিবেশকর্মী থেকে সাধারণ মানুষ। নিছক সংস্কারের বশে এখনও বহু মানুষ গঙ্গায় স্নান করেন। এমনকি গঙ্গার জল পান
করেন তাঁরা। এতে পুণ্য অর্জন হোক বা না হোক, শরীরে প্রবেশ
করে নানা ক্ষতিকর পদার্থ। নদী তীরবর্তী কলকারখানা এবং হোটেল
ও ধর্মশালার বর্জ্যপদার্থ এসে মিশত গঙ্গার জলে। আর তার ফলেই
মারাত্মক দূষণের শিকার হত ভারতবর্ষের দীর্ঘ ইতিহাসের ধাত্রী
গঙ্গা নদী। লকডাউনের ফলেই নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে গঙ্গা
নদী। চুরাশি দিনের লকডাউন যেন পুরো ছবিটাই বদলে দিল। গঙ্গার
জল এখন স্নান করার জন্য সম্পূর্ণ নিরাপদ বলে মনে করছেন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের
বিশেষজ্ঞরা। আইআইটি বেনারসের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ জলের নমুনা পরীক্ষা করে
জানিয়েছে, অনেকটাই ‘শুদ্ধকরণ’ হয়েছে গঙ্গার। অন্তত ৪০-৫০%। লকডাউনের আগের চেয়ে জলে দ্রবীভূত অক্সিজেনের
মাত্রা বেড়েছে। কমেছে ফিকাল কলিফর্ম ব্যাক্টেরিয়ার উপস্থিতি। তাঁদের বক্তব্য,
‘আমরা তিন বছর ধরে মনিটরিং করছি। এতদিন হাজার হাজার কোটি টাকা খরচ
করে, নানা উপায় ব্যবহার করেও যে সাফল্য আমরা পাইনি, তা লকডাউনের এই ১০ দিন দেখিয়ে দিয়েছে। বারাণসীর গঙ্গায় পরীক্ষা করে আমরা
দেখেছি, দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ ৮-৯ মিলিগ্রাম/লিটার
রয়েছে। সাধারণত ৫-৬ মিলিগ্রাম/লিটারের বেশি থাকে না। জৈব-রাসায়নিক অক্সিজেনের চাহিদা
প্রতি লিটারে ৬-৭ মিলিগ্রামের আশপাশে থাকে, সেটা কমে ২-২.৫
মিলিগ্রাম/লিটারে দাঁড়িয়েছে। ফিকাল কলিফর্ম ব্যাক্টেরিয়া প্রতি ১০০ মিলিমিটারে
হামেশাই ২০ হাজারের উপরে থাকে, সেটাও কমে দু’হাজারে নেমে এসেছে।’ এরপর আরও দুমাসে গঙ্গার
দূষণমুক্তি ঘটেছে। করোনা উত্তর সময়ে গঙ্গা নদীর এই দূষণমুক্ত চেহারা কীভাবে
ভবিষ্যতেও ধরে রাখা যায়, সেই বিষয়েই চিন্তিত সংশ্লিষ্ট
সকলেই।
উত্তরের সঙ্কোশ থেকে
দক্ষিণের বুড়িগঙ্গাকে নিয়ে আমাদের রাজ্যে বড় নদীর সংখ্যা ১১০টি। কয়েক বছর আগেই
পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ রাজ্যের কিছু নদীকে দূষিত নদী হিসেবে চিহ্নিত
করেছিল। লকডাউনের মধ্যে ওই নদীগুলোর জলের গুণমাণ পরীক্ষা করে দেখা গেছে,
প্রায় সব নদীতে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ বেড়ে গেছে। আত্রেয়ী নদীতে একটা
বিশেষ মাছ পাওয়া যেত। যার নাম রাইখর। দূষণের
জন্য মাছটা প্রায় নদী থেকে হারিয়ে যেতে বসেছিল। কিন্তু লকডাউনের মাঝামাঝি সময় থেকে
আত্রেয়ীতে রায়খর মাছের আনাগোনা বেড়েছে। তিস্তা ও তোর্সা নদীতেও বোরলি মাছ ফিরে এসেছে।
তাদের ফেরার সংখ্যাটা আগের থেকে অনেক বেশি। লকডাউন থেকে আমাদের শিক্ষা
নিতে হবে। আমাদের আরও পরিবেশবান্ধব হতে হবে। শিক্ষা না নিলে ‘জিরো সাম গেম’-এর
মতো আবার আগের জায়গাতেই ফিরে যাবে নদী।
লকডাউন যখন একমাসের মাথায়
ওড়িশায় ভারতীয় কৃষি অনুসন্ধান কেন্দ্রের কেন্দ্রীয় মৎস্য শিক্ষণ সংস্থার
প্রিন্সিপাল সায়েন্টিস্ট কালীকৃষ্ণ মহাপাত্র জানিয়েছিলেন, ‘‘লকডাউনের ফলে
জলজ পরিবেশের প্রভূত উন্নতি ঘটবে তার ইঙ্গিত আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। পৃথিবীর
বৃহত্তম খাঁড়িমুখের প্রায় সাড়ে ১৯ কিলোমিটার এলাকা জুড়ে পরিবর্তন স্পষ্ট দেখা
যাচ্ছে। আমাদের হিসেব মতো সাগরদ্বীপ থেকে দিঘার মুখ (বঙ্গোপসাগর) পর্যন্ত এই খাঁড়ি
মুখ জলজ প্রাণীর যাতায়াতের পথ। আমাদের হিসেবে রয়েছে এই পথে সাড়ে চোদ্দ হাজার
মাছ ধরার জাল বিছানো থাকে। একেকটি জালের দৈর্ঘ্য প্রায় চার কিলোমিটার পর্যন্ত
বিস্তৃত হয়। এ ছাড়াও অসংখ্য ছোট নৌকো মাছ ধরে। বিপুল পরিমাণ কর্মকাণ্ড চলে এই
জলপথে। এখন এসব বন্ধ।’’ কালীকৃষ্ণের মতে, এর ফলে বিভিন্ন জলজ প্রাণী, বিশেষ করে সামুদ্রিক মাছ,
ইলিশ, ডলফিন, নতুন করে
বাঁচার রসদ খুঁজে পাবে।
আজি হে ভারত লজ্জিত হে
লকডাউনের সরকারি ঘোষণায় অরণ্য ও বন্যপ্রাণ সংরক্ষণ জরুরি পরিষেবাভুক্ত ছিল। ভারতে বন্যপ্রাণ সংরক্ষণ আইনের অধীনে প্রাণিকুল গুরুত্ব ও বিপন্নতার নিরিখে কয়েকটি শিডিউল বা তফশিলভুক্ত। প্রথম তফশিলে আছে কৃষ্ণসার, চিতা, বাঘ, গন্ডার, হাতির ন্যায় ‘সর্বাধিক সংরক্ষণযোগ্য’ প্রাণী। লকডাউনে এই প্রাণীরাই লক্ষ্য হয়েছে বেশি। কিন্তু শজারু, লাঙ্গুর, চিত্রল হরিণ, সম্বর, বন্য শূকরের ন্যায় দ্বিতীয় ও তৃতীয় তফশিলভুক্ত প্রাণীর চোরাশিকারের ঘটনা খুব বেশি বাড়েনি। আসামের বাঘজানের তৈলখনিতে আগুন লাগল ৯ জুন। বাঘজানের কাছেই ডিব্রু সাইখোয়া জাতীয় উদ্যান বেশ কিছু বিরল প্রজাতির প্রাণীর বাসভূমি। একটি বৃহৎ জলাশয়ও জীববৈচিত্রের কারণে সংরক্ষিত। সম্পূর্ণ এলাকাটি বিশ্বের ৩৫টি সর্বাধিক সংবেদনশীল প্রাণীবৈচিত্রময় অরণ্যের একটি। তৈলখনি থেকে চৌদ্দো দিন ধরে নির্গত গ্যাস, এবং আগুন লাগার পর উৎপন্ন ধোঁয়া ও তাপ এই অঞ্চলটির যে ক্ষতি করল, তাহার পরিমাপ অসম্ভব। ‘জাতীয় বন্যপ্রাণী পরিষদ’ দূষণকারী শিল্প থেকে বন্যপ্রাণের সুরক্ষার প্রধান দায়িত্ব পালন করে। অথচ পরিবেশ ও বন্যপ্রাণ সুরক্ষার বিধিগুলি উপেক্ষিত হয়েছে, বিশেষজ্ঞদের পরামর্শে কেউ কান দেয়নি। বিরল প্রজাতির বিলুপ্তির অপূরণীয় ক্ষতি নিবারণের চেষ্টা করা হয়নি। প্রসঙ্গত বলা দরকার যে, লকডাউন চলাকালীনই বেশ কিছু অভয়ারণ্যের কাছে উন্নয়ন প্রকল্প শুরুর অনুমতি দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের এই মনোভাব উদ্বেগজনক। শিল্পস্থাপন, খনিজ উত্তোলন, উন্নয়ন প্রকল্পের রূপায়ণ সরকারের দায়িত্ব। প্রয়োজনীয়ও বটে। কিন্তু অভয়ারণ্য ধ্বংস হবার মূল্যে, মানুষের প্রাণের মূল্যে তা করতে হবে কেন? নিরাপত্তা ও প্রকৃতি সংরক্ষণের বিধি মেনে শিল্পায়নের দৃষ্টান্ত তো বিশ্বে কম নেই! আরেকটি আশঙ্কার কথা জানিয়েছে ‘বায়োলজিক্যাল কনজারভেশন’। অর্থনীতির উপরে লকডাউনের নিশ্চিত প্রভাব পড়েছে। লকডাউন উঠলে বিপাকে পড়তে পারে জঙ্গল নিয়ে কাজ করা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাগুলো। অর্থের জোগান কমবে। জীববৈচিত্র রক্ষায় তার পরোক্ষ প্রভাব পড়তে পারে।
ভুল
করেছিনু ভুল ভেঙেছে
বায়ুমণ্ডলের ওপরের দিকে আছে ওজোন স্তর, যা সূর্য থেকে নির্গত ক্ষতিকর
রশ্মিকে আমাদের এই পৃথিবীতে আসতে দেয় না। অর্থাৎ ওজোন স্তর যদি না থাকে তাহলে
সূর্যের অতিবেগুনী রশ্মি আমাদের এই পৃথিবীতে এসে পৌঁছাবে যা মানুষ, প্রাণী এবং উদ্ভিদের জন্যে ক্ষতিকর। নানা ধরনের কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ ব্যবহারের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে এই ওজোন স্তর,
সেখানে বড় বড় গর্ত তৈরি হচ্ছে যার ভিতর দিয়ে
পৃথিবীতে ঢুকে পড়ছে ক্ষতিকর রশ্মি। লকডাউনের মধ্যে একদল বিজ্ঞানী জানিয়েছিলেন
আর্কটিক অঞ্চলের উপর থাকা সবচেয়ে বড় ওজোন স্তরের ক্ষত সেরে উঠেছে। পরবর্তী সময়ে বিজ্ঞানীরা জানিয়েছেন লক ডাউনের
সঙ্গে ওজোন স্তরের ক্ষত সারানোর কোনও সম্পর্ক নেই। ওই বিজ্ঞানীদের মতে এক
শক্তিশালী এবং দীর্ঘকালীন মেরু ঘূর্ণির জন্য এটি ঘটেছে। কাকতালীয়ভাবে তা লকডাউনের
সময়ে ঘটেছে।
তুমি
নব নব রূপে এস
করোনা সংক্রমণ মোকাবিলায় হঠাৎ করেই বেশ কয়েক গুণ কদর
বেড়ে গিয়েছে প্লাস্টিকজাত পণ্যের - ভেন্টিলেটর, টেস্টিং কিট,
গ্লাভস, ডিজপোজেবল সিরিঞ্জ, পার্সোনাল প্রোটেকশন ইক্যুইপমেন্ট, ওষুধ-স্যালাইন ও স্যানিটাইজারের
বোতল এমনই আরও কত কী। সেই কারণেই, প্লাস্টিকের চিকিৎসার
সরঞ্জাম বা ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তৈরি করে এমন প্রতিটি সংস্থার
প্রয়োজনীয় কাঁচামালকে অত্যাবশ্যকীয় পণ্যের তালিকাভুক্ত করেছে কেন্দ্র ও রাজ্য
সরকার। চিকিৎসা ও স্বাস্থ্যসুরক্ষা
উপকরণের পাশাপাশি খাদ্যপণ্যে ও বণ্টনেও প্লাস্টিকের ব্যবহার বেড়েছে। লকডাউনে দুস্থ ও দরিদ্র পরিবারগুলিকে প্লাস্টিকের
প্যাকেটে খাবার দেওয়া হচ্ছে। এছাড়া চাল, ডাল দেওয়ার জন্যও ক্যারিব্যাগের ব্যবহার হয়েছে।
পরিবেশ বাঁচাতে প্লাস্টিক বর্জনের স্লোগান করোনার সময় মানা হল কই!
অন্তর মম বিকশিত কর
ইংরেজিতে একটা কথা আছে, ‘ ন্যাচারাল ল অব রিভেঞ্জ বা প্রকৃতির প্রতিশোধ’।
এটা প্রকৃতি তার নিজস্ব নিয়মে মেনে চলে। করোনা ভাইরাসের দাপটে এই গ্রহের অধিকাংশ মানুষের
জীবন দুর্বিষহ হয়ে পড়লেও সামগ্রিকভাবে প্রকৃতি ফিরে পেয়েছে তার সজীবতা। যার জন্য
আমরা দেখতে পেয়েছি প্রকৃতির অভূতপূর্ব পরিবর্তন। বিগত কয়েক দশক ধরে নগরায়ন ও
শিল্পায়নের জন্য বিশ্বজুড়ে পরিবেশের যে সামগ্রিক দূষণ চিত্র দেখা যাচ্ছিল,
লকডাউনের ফলে এসেছে ইতিবাচক পরিবর্তন। মনে পড়ছে গ্রেটা
থুনবার্গ নামে সুইডিশ কিশোরীর কথা। সারা বিশ্বের কাছে হাতজোড় করে দূষণ রোধ করার জন্য আন্দোলন
করেছিল। আমরা বড়রা শুনিনি তার কথা।
কিন্তু এই বসুন্ধরা বোধহয় শুনেছিল থুনবার্গের আর্তি। তাই
করোনা ভাইরাসের মারণ ছায়ায় আমাদের দেশে হয়ে গেল ৬৮ দিনের লকডাউন,
আর আনলক ১.০ পর্ব। পৃথিবীর শ্রেষ্ঠতম জীবকুল আতঙ্কে কাঁপছে। সেইসঙ্গে ধীরে ধীরে আকাশ
থেকে সরে যাচ্ছে দূষিত গ্যাসগুলোর বিষবাষ্প। আকাশ এখন গাঢ়
নীল। ভোর হলেই কিচমিচ করতে করতে উড়ে যাচ্ছে পাখির দল। কাঠবিড়ালিটা এসে বসছে
জানলার কার্নিশে। এই পৃথিবীটা যে তাদেরও এতদিনে বুঝছি আমরা।
বহু
মানুষের প্রাণ কেড়ে নিয়েছে ও নিচ্ছে এই মারণ ভাইরাস। পৃথিবীর
অনেক শিশুর, পরিজনদের অনাথ করে দিয়েছে ও দিচ্ছে। পরিবেশ ও প্রকৃতির বিপন্নতা
মানে মানুষেরও বিপন্নতা। সেই সরল সত্যটুকু বুঝিয়ে দিল করোনা ভাইরাস। যা বোঝানোর
জন্য আঞ্চলিক , রাষ্ট্রীয়, আন্তর্জাতিক স্তরে কত আলোচনা, কর্মশালা, চুক্তি হয়েছে
তার ইয়ত্তা নেই। বলে রাখি আন্তর্জাতিক স্তরে আলোচনায় সময় কেটে যায় মূলত কূটনৈতিক
চাপানউতোরে। যেন, পৃথিবীকে বাঁচানোর
তুলনায় দেশের ক্ষুদ্রস্বার্থ রক্ষা করা বেশি জরুরি।
আইপিসিসি-র চতুর্থ রিপোর্ট প্রকাশের পর প্রায় দেড় দশক কেটে
গেল। পরিবেশ রক্ষার্থে কোনও দেশই এখনও নিজের দায়িত্ব সম্পূর্ণ স্বীকার করে উঠতে পারল না। ইকোলজির থেকে ইকনমিক্সকে বেশি গুরুত্ব দিতে গিয়েই বেঁধেছে যত গণ্ডগোল।
আমরা ভুলে গিয়েছিলাম আর্থিক কর্মকাণ্ডের পরিসর তৈরির জন্য বাস্তুতন্ত্রকে বাঁচিয়ে
রাখতেই হবে। আমরা ভুলে গিয়েছিলাম মাটি-জল-বায়ু-অরণ্য এসবই মানুষের আসল সম্পদ। সব অন্ধকারের
উল্টোপিঠেই থাকে আলো। সব রাত্রি শেষ হয়, ওঠে ভোরের সূর্য । আমরাও দেখতে পাব রোগমুক্ত
নতুন পৃথিবী। তখন যেন ভুলে
না যাই পরিবেশের যত্ন নিতে হবে।
Comments
Post a Comment