জঙ্গলের আগুনে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওজোন স্তর

 জঙ্গলের আগুনে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওজোন স্তর

বসন্তে গাছের পাতা ঝরবে এ হল প্রকৃতির স্বাভাবিক ঘটনা। আর এসময়ে দেখা যায় জঙ্গলে আগুন। অধিকাংশ ক্ষেত্রেই এই আগুন লাগার পিছনে মানুষের হাত রয়েছে বলে অনুমান। কখনো কখনো সেই আগুন ভয়াবহ অগ্নিকাণ্ডের রূপ নেয়। প্রতি বছরই দেখা যায় কয়েক লক্ষ হেক্টর বনভূমি সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আগুনের লেলিহান শিখা প্রথমে শুকনো পাতার সাহায্য নিয়ে ধীরে-ধীরে বনভূমির নীচে আধা শুকনো গাছ, গুঁড়ি, পড়ে থাকা কাঠ থেকে শক্তি সংগ্রহ করে ক্রমে রুদ্রমূর্তি ধারণ করে। তার পর তার সাম্রাজ্য বিস্তারে নানান সবুজ লতা-পাতা, ছোট-ছোট নানান প্রজাতির গাছ, গাছের চারা, বর্ষায় সময় গজিয়ে ওঠার অপেক্ষায় আগামী নতুন উদ্ভিদের কন্দ, বীজ ও মূল, মাটির নানান উপকারী জৈব-অজৈব পর্দাথ, প্রাণীদের জ্বলিয়ে-পুড়িয়ে ছারখার করে এগিয়ে যায় আরও সামনে। ছড়িয়ে পড়ে বনভূমির অন্য প্রান্তে। প্রথমেই এ আগুন নিয়ন্ত্রণ করতে না পারলে পরে এর ভয়ঙ্কর শক্তি বাগে আনা বেশ কষ্টসাধ্য হয়ে ওঠে। বিশেষ করে যদি বাতাসের গতিবেগ ভাল থাকে। যেমনটি হয়ে থাকে ব্রাজিলে আমাজনের বনে।

অন্যদিকে এই লেলিহান আগুনে বন্যপ্রাণীরা ভয় পেয়ে দিক্‌ভ্রান্ত হয়ে ছুটতে থাকে। হারিয়ে যায় ওদের বাসস্থান, মারা পড়ে ওদের ছোট বাচ্চারা। এমনকি, বড় প্রাণীরা অনেকেই হয় আংশিক ভাবে মারাত্মক ঝলসে যায়, না হয় একেবারেই মারা পড়ে। আতঙ্কের রেশেই অনেক প্রাণীর বংশবৃদ্ধিও ব্যাহত হয়। গাছে বাসা করে থাকা পাখিরা আগুনের হাত থেকে বাঁচতে যে দিকে পারে পালাতে থাকে। যারা পারে না তারা মারা পড়ে। মাটির উপরিভাগ পুড়ে পাথরের মতো নিস্প্রাণ, ভঙ্গুর এবং জৈব-অজৈব পর্দাথবিহীন এক পর্দাথের রূপ ধারণ করে। বড়-বড় গাছের কান্ডের উপর তার একমাত্র সংবহনপ্রণালি তন্ত্রের পুরু ছাল ক্ষতিগ্রস্ত হয়। ফলে তার শারীরবৃত্তীয় কাজ ব্যাহত হয়। ব্যাহত হয় তার বৃদ্ধি, পরিপাকপ্রণালী এবং বংশবৃদ্ধির নানান প্রয়াস। বেশ কিছু গাছ মারা পড়ে। মাটির উপর ছড়িয়ে মাটিকে আকড়ে থাকা শিকড়ের জাল পুড়ে ছিন্ন হয়ে যায়। আলগা হয় মাটি, পরবর্তী বর্ষায় প্রবল ভূমিক্ষয় দেখা দেয়। দেখা দেয় বৃষ্টির জল ধরে রাখার অক্ষমতা। আগুনের ফলে সৃষ্ট কার্বন-ডাই-অক্সাইড, কার্বন-মনো-অক্সাইড সহ পরিবেশের ক্ষতিকারক নানান গ্যাস ছড়িয়ে পড়ে বনের চারিদিকে। যার পরিমাণ কয়েক লক্ষ গাড়ির ধোঁয়ার সমান। সব মিলে বনে লেগে যাওয়া আগুনে ক্ষতি পরিমাণ মাপলে চমকে উঠতে হবে। এক কথায় অপূরণীয় ক্ষতি হয় পরিবেশের।

সম্প্রতি নেচার পত্রিকায় ‘ক্লোরিন অ্যাক্টিভেশন অ্যান্ড এনহ্যান্সড ওজোন ডিপ্লিশন ইনডিউসড বাই ওয়াইল্ড ফায়ার এরোশল’ (ভলিউম ৬১৫, ৯ মার্চ ২০২৩) শীর্ষক গবেষণাপত্রে সাত জন বিজ্ঞানী ‘কমিউনিটি এরোসল অ্যান্ড রেডিয়েশন মডেল ফর অ্যাটমোস্ফিয়ার’ এবং ‘কমিউনিটি আর্থ সিস্টেম মডেল’-এর মাধ্যমে দেখিয়েছেন দাবানলের ফলে উৎপন্ন ‘এরোসল’ এবং বায়ুমণ্ডলে থাকা অন্যন্য রাসায়নিক উপাদান ক্লোরিন নির্গত করে। ওই ক্লোরিন অতিবেগুনি রশ্মির সঙ্গে মিশে গিয়ে ওজোন স্তরের ব্যাপক ক্ষতি করে। ফলে ওজোন স্তরের গর্ত ক্রমশ বড় হতে থাকে। ওজোন স্তর ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে আটকায়। এই স্তরের গর্ত বা গহ্বর বড় হওয়ার ফলে অতিরিক্ত মাত্রায় অতিবেগুনি রশ্মি প্রবেশ করে ভুপৃষ্ঠে পৌঁছায়। ফলস্বরূপ ক্যানসারসহ একাধিক রোগ বৃদ্ধি পাচ্ছে। এছাড়া বিভিন্ন অঞ্চলে কৃষির উৎপাদন ক্ষমতা কমে যায় এবং বাস্তুতন্ত্রের উপর সার্বিক বিপর্যয় নেমে আসে। ওজোন স্তরের এই পরিবর্তন বিশ্বের পরিবেশের কাছে অবশ্যই উদ্বেগের বিষয়। কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা জানতে পেরেছেন, ওজোন স্তরের যে গর্ত ছিল, তা অনেকটাই বড় আকার নিয়েছে। ওই গবেষকদের মতে, শেষ বারের তুলনায় প্রায় ৭গুণ বড় হয়েছে গর্তটি।

প্রাকৃতিক দাবানল রোখার বিষয়ে আমাদের করণীয় কিছু নেই। তা প্রাকৃতিক নিয়মেই হবে, যদি হওয়ার থাকে। কিন্তু বর্তমানে দেখা যায়, বনে ভয়াবহ আগুন লাগার ঘটনার বেশির ভাগ ক্ষেত্রেই তা ইচ্ছাকৃত ভাবে সংগঠিত হতে দেখা যাচ্ছে। মুনাফা লাভের আশায় অসাধু চক্রের লোকজন জঙ্গলের গাছ কাট চুরি করে পাচারের উদ্দেশ্যে ঝরাপাতা পুড়িয়ে জঙ্গল সাফও করেন। আবার অনেক সময় বন্যপ্রাণী স্বীকারের উদ্দেশ্যেও অনেকে জঙ্গলে আগুন ধরিয়ে দেন। যাতে বন্যপ্রাণীরা প্রকাশ্যে আসতে পারে। এই আগুন বন্ধ করতে হলে চাই সচেতনতা। এর সঙ্গে জরুরি রাষ্ট্রীয় বা প্রশাসনিক উদ্যোগ। আবার আমাদের নিজেদের দিক থেকে অর্থাৎ সমাজের প্রতিটি ক্ষুদ্রতম একক থেকেও উদ্যোগটা উঠে আসা জরুরি। না হলে পরিবেশ নিয়ে সঙ্কট দ্রুত গভীরতর হবে।

Comments

Popular posts from this blog

খবরের কাগজে মোড়া খাবার খেয়ে কী বিপদ ডাকছেন?

নমন্তি গুণিনো জনাঃ