লবণের কথা, উপকূলে লবণ উৎপাদন, বেঙ্গল সল্ট ও আচার্য প্রফুল্লচন্দ্র
আজ থেকে কয়েক হাজার বছর আগে (খ্রীস্টপূর্ব
৬০০০ ) মানুষ লবণের ব্যবহার শুরু করে। সমকালীন সময়ে লবণ খনি থেকে উত্তোলন করা হতো।
চীনের সানশি প্রদেশে ‘ইয়নচুন’ হল সবচেয়ে প্রাচীন লবণ খনি । পরবর্তী কালে পোল্যান্ড, তুরস্ক, বলিভিয়াসহ আরও কিছু
দেশে লবণ খনির সন্ধান পাওয়া যায়। সম্প্রতি তুরস্কে ৫০০০ বছর আগের ১৩০০ ফুট নিচে লবণ
খনির সন্ধান মিলেছে।
খাওয়ারের সঙ্গে লবণ মিশিয়ে সংরক্ষণ মিশরীয়দের
আবিষ্কার। প্রাচীন মিশরীয়রা লবণকে পবিত্র মনে করতো। তাই মিশরীয়রা মৃতদেহ কবর দেওয়ার
সময় লবণ ব্যবহার করতো। লবণ মিশ্রিত জল থেকে যেমন দানাযুক্ত লবণ পাওয়া যায়, তেমনই দানাযুক্ত লবণ জলে দ্রবীভূত হয়ে লবণ জল তৈরি হয়।
অর্থাৎ লবণের স্বাদের কোনও পরিবর্তন হয় না।এই ধারণা থেকে লবণ দিয়ে আনুগত্য ও বন্ধুত্ব
অটুট রাখার একটি প্রচলিত প্রথার বিষয় ইতিহাস থেকে জানা যায়।
লবণের ব্যবহারের পরিধি বেশ বড়। প্রায় ১৪ হাজার ক্ষেত্রে লবণের ব্যবহার
দেখা গেছে। ওষুধ শিল্প, বরফ শিল্প, কৃষি ক্ষেত্র, সাবান শিল্প, বয়ন শিল্প-এ লবণ বহুল
পরিমাণে ব্যবহার হয়। মানুষের শরীরের জন্য প্রয়োজনীয় সোডিয়াম ক্লোরাইড (NaCl) মূল উৎস
হচ্ছে লবণ। লবণ শুধু মানুষের জীবনে কল্যাণকর তা কিন্তু নয়। ইতিহাসে দেখা গেছে লবণ যুদ্ধের
কারণও। ইতালির দুটি শহর ভেনিস ও জেনোয়া-র মধ্যে লড়াই’র কারণ ছিল লবণ। ইংল্যান্ডের লিভারপুল
বন্দর গড়ে ওঠে লবণ সরবরাহের জন্য। প্রাচীন রোমে সৈন্যদের বেতন দেওয়া হতো লবণ দিয়ে । ইংরেজি ‘সোলজার’(ল্যাটিন
solarium argentums) থেকে ‘স্যালারি’ শব্দের উৎপত্তি। রোমান ঐতিহাসিক প্লিনি দ্য এল্ডার
(Pliny
the Elder খিস্টপূর্ব ২৩/২৪- ২৪ আগস্ট,৭৯ খ্রিস্টাব্দ)-এর ‘ন্যাচারাল হিস্ট্রি’
(Naturalis Historia) বইতে এর সমর্থনে লেখা রয়েছে। এছাড়াও ইংরেজি সল্ট থেকে এসেছে ‘স্যালাড’। যেসব দেশে লবণ
উৎপাদন হয় না, সেই সব দেশে যে পথে লবণ পাঠানো হতো তা ইতিহাসে ‘সল্ট রুট’ নামে পরিচিত।
(২)
ভারতের গুজরাট উপকূলে লবণ উৎপাদনের ইতিহাস পাঁচ হাজার বছরের পুরনো।
ভারতে উৎপাদিত মোট লবণের ৭৫ শতাংশ হয় কচ্ছের রান
অঞ্চলে। ব্রিটিশ শাসনের আগে বাংলার হিজলী, তমলুক ও সুন্দরবন এলাকায় প্রভূত পরিমাণ লবণ
উৎপাদন হতো। সমকালীন সময়ের সম্রাট ও নবাবগণ বাড়তি রাজস্ব লাভের আশায় সমুদ্র উপকূলবর্তী
অঞ্চলে লবণ উৎপাদনে উৎসাহ দিতেন। মীরজাফরের
শাসনকালে কেবল মেদিনীপুর জেলায় ৪০০০ (চার হাজার) লবণ উৎপাদন কেন্দ্র ছিল। বছরে গড়ে
৯,৩২,০০০ মণ লবণ উৎপাদন হতো। তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সিতে এই পরিমাণটা ছিল ২০ লক্ষ
মণ। কেবল মেদিনীপুরে ২৮০০০ জন লবণ শিল্পের সঙ্গে যুক্ত ছিল। ব্রিটিশ
শাসকেরা ভারতে আসার পর এদেশীয় বাণিজ্য ধ্বংস করার জন্য কালাকানুন তৈরি করে। পূর্বে
লবণ পরিবহন ও বানিজ্যের জন্য করের পরিমাণ ছিল সামান্য। বাংলার মতো ওড়িশা উপকূলেও গুণমানে
উন্নত লবণ উৎপাদন হতো। ব্রিটিশরা ওড়িশা থেকে লবণ আনিয়ে বাংলায় বাণিজ্য করতো। ওড়িশার
গভর্নর রঘুজি ভোঁসলে ব্রিটিশদের বেনিয়া বুদ্ধি বুঝে নেয় এবং এর বিরোধিতা করেন। ফল স্বরূপ
ব্রিটিশরা বাংলায় ওড়িশার লবণ বিক্রি বন্ধ করে
দেয়। পরবর্তীকালে ব্রিটিশরা ওড়িশা দখল করে এবং ১৮০১ খ্রিস্টাব্দে এক ঘোষণার মাধ্যমে
লবণের উপর নিজেদের একচ্ছত্র অধিকার দাবি করে। দশ বছরের মধ্যে স্থানীয় লবণ উৎপাদকদের
লবণ উৎপাদন বন্ধ করে দেয়। ব্রিটিশ কোম্পানি সরাসরি লবণ ব্যবসা শুরু করে। এই সময় লবণ
শিল্পে নিযুক্ত শ্রমিক যারা ‘মলঙ্গী’ নামে পরিচিত, তাদের কাজের সময় ও মজুরি প্রভৃতির
দাবিতে ক্ষোভ বাড়তে থাকে। কয়েক দশক পর তা ব্যাপক আন্দোলনের রূপ নেয়।
লবণকে কেন্দ্র করে যে আইন অমান্য আন্দোলন হিমালয় থেকে কন্যাকুমারী
সমগ্র ভারতবর্ষে সংঘটিত হয়েছিল, তা এক কথায় অভূতপূর্ব। গান্ধীজি ১৯৩০-এর ৬ এপ্রিল গুজরাটের
ডান্ডিতে ৭৮ জন সত্যাগ্রহীসহ লবণ আইন অমান্য করেন। মেদিনীপুর জেলায়ও এই আন্দোলনে কাঁথি
মহকুমার পিছাবনী এবং তমলুকের নরঘাট-এ লবণ সত্যাগ্রহে
সাড়া ছিল স্বতঃস্ফূর্ত। এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ ছিল লক্ষ্যণীয়। তৎকালীন ভারত
সচিবের বক্তব্যে তা স্পষ্ট – ‘Nothing had disturbed me more than the great awakening among Indian women and the part they had began to play in politics.’ এই
পর্বে জেলায় একজন মহিলাসহ ৫৯ জন শহিদ হয়েছিলেন, কারাদণ্ডপ্রাপ্ত হয়েছিলেন ১৪২৯ জন।
৫ মার্চ ১৯৩১ গান্ধী আরউইন চুক্তির ফলে প্রথম আইন অমান্য তথা লবণ সত্যাগ্রহের সমাপ্তি
ঘটে। ১৯৩২-৩৪ দ্বিতীয় আইন অমান্য আন্দোলনের ব্যাপকতা ছিল তীব্র। এই পর্বে অহিংস এবং
সশস্ত্র দুটি ধারা ছিল।
(৩)
সায়েন্স কলেজের
চৌহদ্দির মধ্যে নিজেকে আটকে রাখেননি বহুমাত্রিক
আচার্য প্রফুল্লচন্দ্র রায়। ১৯২১-এ খুলনায় ভয়াবহ দুর্ভিক্ষ, ১৯২২-এ বগুড়া, রাজশাহী, পাবনা-সহ
বিস্তীর্ণ এলাকায় বিপুল বন্যার ত্রাণের সময় সায়েন্স কলেজই ছিল তাঁর হেড কোয়ার্টার।
এই সময়পর্বেই গান্ধীজির ‘চরকা-মন্ত্র’র
প্রয়োজনীয়তা উপলব্ধি করলেন আচার্য রায়। প্রথম দিকে, বিষয়টি নিয়ে খুব একটা ইতিবাচক
ধারণা ছিল না তাঁর। কিন্তু পরে নিজেই হিসেব করে দেখলেন, বাংলাদেশের সাড়ে চার কোটি
লোকের দেড় কোটি মানুষও যদি চরকা কাটেন, তবে মাসে এঁদের সামগ্রিক আয় হবে দেড় কোটি
টাকা!
গান্ধীজির সঙ্গে সখ্য আসলে
বেশ কিছু দিন আগেই তৈরি হয়েছিল প্রফুল্লচন্দ্রের। তাঁরই উদ্যোগে অ্যালবার্ট হলে গান্ধীজির জন্য এক সভা আয়োজিত
হয়। সভার উদ্দেশ্য, দক্ষিণ আফ্রিকা ফেরত গান্ধীজির কাছ থেকে ব্রিটিশ উপনিবেশে ভারতীয়দের অবস্থা কলকাতাবাসীর
কাছে তুলে ধরা। কিন্তু রাজনৈতিক দর্শনে আচার্যকে পুরোপুরি গান্ধীবাদী বলা যায় কি না,
তা নিয়ে তর্ক হতে পারে। তাঁকে হিন্দু মহাসভায় বক্তব্য রাখতে দেখা যায়। আবার আলিগড়
মুসলিম বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখতে গিয়ে ভারত-সভ্যতায় ইসলামের অবদানও তুলে ধরেন
তিনি। আসলে গান্ধী-দর্শনের সারল্যের
প্রতি একটা আকর্ষণ অনুভব করেন প্রফুল্লচন্দ্র। সে অনুভব তাঁর স্বদেশচিন্তার ফসল।
এই একই কারণে তাঁর সঙ্গে সখ্য গোপালকৃষ্ণ গোখলেরও।
এই স্বদেশ-ভাবনা
থেকেই প্রফুল্লচন্দ্রের বিখ্যাত বই ‘এ হিস্ট্রি অব হিন্দু কেমিস্ট্রি’ ও ৮০০ টাকা
পুঁজি নিয়ে তৈরি শিল্প প্রতিষ্ঠান ‘বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল
ওয়ার্কস’। ৯১ নম্বর আপার সার্কুলার রোডে আচার্যের ভাড়াবাড়িটিই এই শিল্প
প্রতিষ্ঠানটির আঁতুড়ঘর। এর নেপথ্যে ছিল বিদেশ থেকে নানা দ্রব্যের আমদানিতে লাগাম
পরানো এবং বাঙালি তথা ভারতীয়কে কেরানি থেকে নিজের পায়ে দাঁড় করানোর ইচ্ছে।
(৪)
১৯৩০-এ ব্রিটিশের লবণ আইনের
প্রতিবাদে গান্ধীজির লবণ সত্যাগ্রহ আন্দোলনে সাড়া
দিয়ে আচার্য রায়ের লবণ তৈরি ও লবণ ব্যবসায় উৎসাহিত করার বিষয়টি কম চর্চিত। হাটখোলা দত্ত পরিবারের মনুজেন্দ্র দত্ত’র উদ্যোগে আচার্য রায়ের পরিকল্পনায়
১৯৩৪-এ পূর্ব মেদিনীপুরের রামনগর থানার মন্দারমণি কাছে
দাদনপাত্রবাড়-এ শুরু হয় ‘বেঙ্গল সল্ট কোম্পানী লিমিটেড’। এক হাজার ছশো একর জমিতে
গড়ে ওঠা ‘বেঙ্গল সল্ট কোম্পানী লিমিটেড’-এর পরিচালন বোর্ডের প্রথম মিটিং হয়
রাজাবাজার সায়েন্স কলেজের আচার্য রায়ের কক্ষে ১৯৩৪-এর ৩১ জুলাই। কোম্পানির
চেয়ারম্যান হিসেবে মিটিং-এ পৌরোহিত্য করেন আচার্য রায় স্বয়ং। পরিচালন সমিতির
অন্যান্য সদস্যরূপে সেদিন উপস্থিত ছিলেন রাজশেখর বসু, সত্যানন্দ বসু, প্রমথনাথ
চৌধুরী প্রমুখ। আমৃত্যু আচার্য রায় কোম্পানির চেয়ারম্যান ছিলেন। ১৯৪১-এর এপ্রিলে
আশি বছর বয়সে আচার্য রায় বঙ্গোপসাগরের তীরবর্তী এই লবণ কারখানায় পদার্পণ করেছিলেন।
সেই সময় কলকাতার সঙ্গে দাদনপাত্রবাড়ের যোগাযোগ ব্যবস্থা ছিল না। কলকাতা থেকে
ট্রেনে খড়্গপুর, পরে বাসে কাঁথি হয়ে পিছাবনি। এখান থেকে মোষের গাড়ি করে দাদনপাত্রবাড়। সেই প্রথম ও শেষবার আচার্য
রায়-এর দাদনপাত্রবাড় আসা। একটানা পনের দিন আচার্য রায়ের কলকাতায় অনুপস্থিতির কারণে
তাঁর ছাত্র, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের মহলে শোরগোল পড়ে যায়। কলকাতায় ফিরে
কোম্পানির চেয়ারম্যান হিসেবে পরিদর্শন রিপোর্ট লেখেন ২৫ এপ্রিল ১৯৪১। সেই রিপোর্টে
তাঁর বেঙ্গল সল্টে অবস্থান সম্পর্কে লিখেছেন, ‘আই পাসড মাই ডেজ ইন দ্য ফ্যাক্টরি
পিসফুলি আন্ডার দ্য ফিলিয়াল কেয়ার অ্যান্ড অ্যাফেক্সনেট নারসিং অব শ্রীমান
মনুজেন্দ্র অ্যান্ড স্টাফ অ্যান্ড এনজয়ড সাউন্ড স্লিপ ইন দ্য সি ব্রিজ হুইচ ইজ
ব্লোয়িং ডে অ্যান্ড নাইট ওভার দ্য এরিয়া অ্যান্ড হুইচ অ্যাক্টেড অ্যাজ আ টনিক...।’
পরে ৩ অগস্ট মনুজেন্দ্র দত্তকে লেখেন, ‘তোমাদের ঐকান্তিক যত্ন ও পরিশ্রমে যে আমরা
লুপ্ত লবণ শিল্পের উদ্ধার করতে পেরেছি এইটাই আমার জীবন সন্ধ্যায় শান্তির কারণ
হয়েছে।’
বিভিন্ন রাজ্যের পাঁচশ শ্রমিক কাজ করত বেঙ্গল সল্টে। বিধানচন্দ্র রায় ১৯৬১তে
বেঙ্গল সল্ট পরিদর্শন করেন। এবং শিল্পের উন্নতির জন্য ফরাসী বিশেষজ্ঞ নিযুক্ত করেন।
বিশেষজ্ঞদের দেওয়া রিপোর্টের
ভিত্তিতে রাজ্য সরকারের
শিল্প দফতর বেঙ্গল সল্টের তেইশ শতাংশ শেয়ার কিনে নেয়। বেশ কয়েক বছর লাভজনক ভাবে চলার পর ১৯৮৭ থেকে বাড়তে থাকে
লোকসান। ২০০০-এ এটি বন্ধ হয়ে যায়।
জ্ঞানতপস্বী, দেশপ্রেমিক এবং ত্যাগের মহিমায় সমুজ্জ্বল আচার্য রায় তাঁর তিরাশি বছরের(২ আগস্ট ১৮৬১- ১৬ জুন ১৯৪৪) জীবন পরিক্রমায় দুর্বল, রোগজীর্ণ শরীর নিয়ে এত দেশহিতকর কাজ কীভাবে করতে পেরেছিলেন তা এখনও অমীমাংসিত অনেকের কাছে। ১৭ জুন ১৯৪৪ আনন্দবাজার পত্রিকায় ‘দীপনির্বাণ’ সম্পাদকীয়তে যথার্থ লিখেছিল, ‘আচার্য প্রফুল্লচন্দ্রের জীবন উহার ব্যক্তিগত সীমা অতিক্রম করিয়া জাতীয় সাধনার প্রতীক ও প্রতিষ্ঠানে পরিণত হইয়াছিল। তাঁহার অভাব জাতির পক্ষে একটা বিরাট ও বহু কর্মময় প্রতিষ্ঠানের তুল্য। বৃহত্তর সমাজকে একান্ত আপনার বলিয়া গ্রহণ করিয়াছেন এবং তাহারই সেবায় আপনাকে নিঃশেষে বিলাইয়া দিয়াছেন।’
১) Imperial
policy and the decline of the Bengal salt industry under colonial rule: Indrajit
Ray
Salt in Bengal: Indrajit Ray
২) https://www.mbarendezvous.com/case-studies/salt/ last accessed on 12 September 2021
৩) https://seasalt.com/history-of-salt / last accessed on 14 September 2021
৪) স্বাধীনতা সংগ্রামে মেদিনীপুর (৩য় খণ্ড) – অধ্যাপক হরিপদ মাইতি, ডা. রাসবিহারী
পাল।
৫) বংগদেশে আধুনিক লবণ শিল্পের পথিকৃৎ আচার্য প্রফুল্লচন্দ্র – অংশুমান পঞ্চাধ্যায়ী
৬) খেজুরির কথা- ড. প্রবাল কান্তি হাজরা।
৭) শ্রী রথীন দত্ত
৮) দাদনপাত্রবাড় আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মৃতি রক্ষা সমিতি।

Comments
Post a Comment