রাজা রামমোহন রায়ের একটি চিঠি ও তাঁর বিজ্ঞান ভাবনা
যুগপুরুষ
রামমোহন রায় সাধারণের কাছে সতীদাহ প্রথা রদ করিয়েছিলেন এই কারণে বেশি পরিচিত। তাঁর
অন্যান্য গুণের পরিচয় নিয়ে চর্চা তেমন হয় না। মধ্যযুগের অন্ধকারাচ্ছন্ন ভারতবর্ষকে
অগ্রদূত হয়ে পথ দেখিয়েছিলেন। বাংলা গদ্যের বীজ বপন, শিক্ষা বিস্তার, পাশ্চাত্য শিক্ষার
প্রতি অনুরাগ, প্রাচ্য এবং পাশ্চাত্য সংস্কৃতির মেলবন্ধন, ধর্মান্ধতা থেকে মুক্তির
পথ, বিশ্বজনীন একেশ্বরবাদ, বিজ্ঞান চর্চার উদ্যোগ, নারীর বাঁচার অধিকার, নারীর সম্পত্তিতে
অধিকার, ভূমি সংস্কারে কৃষকের অধিকার, প্রশাসনিক এবং বিচার বিভাগের পৃথকীকরণের উদ্যোগ,
বাংলা ধ্রুপদী গানের বিস্তার, লবণ আন্দোলনে অগ্রণী ভূমিকা, সংবাদপত্রের স্বাধীনতা,
নাগরিক অধিকার, জাতিপুঞ্জ গঠনের প্রাথমিক উদ্যোগ ইত্যাদি মানবিক কর্ম প্রয়াসে তাঁর
অনন্য ভূমিকা ছিল।
তাঁর জীবদ্দশায় সব ক্ষেত্রে তিনি সফল হননি কিন্তু পরবর্তী
সময়ে তাঁর কাজের ফল আমরা ভোগ করছি। রামমোহনের কাছে
ইংরেজ সভ্যতার সঞ্জীবনী শক্তি হলো শিক্ষা- যুক্তিনির্ভর ও বিজ্ঞানভিত্তিক আধুনিক
শিক্ষা। এখন থেকে ১০০ বছর আগে তিনি বুঝেছিলেন, প্রচলিত শিক্ষা ব্যবস্থার পরিবর্তন
না হলে আগামী ১০০ বছরেও ভারতের ঘুম ভাঙানো যাবে না। তার জন্য প্রয়োজন প্রচলিত
শিক্ষা ব্যবস্থার সংস্কার। ফলে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রচলিত ধারায় হিন্দু
পণ্ডিতদের পরিচালনায় কলকাতায় সংস্কৃত কলেজ খোলার সিদ্ধান্ত নিল তখন রামমোহন তার
বিরোধিতা না করে পারেননি। তিনি ১২ ডিসেম্বর ১৮২৩-এ গভর্নর জেনারেল(১৮২৩-১৮২৮) লর্ড
আমহার্স্টকে (১৭৭৩-১৮৫৭) একটি দীর্ঘ পত্র লিখে এর বিরুদ্ধে প্রতিবাদ জানান। ভারতের
শিক্ষার ইতিহাসে এই চিঠিটি এতই গুরুত্বপূর্ণ ছিল যে, তিনি যদি আর কিছু না’ও করতেন
বা লিখতেন অন্তত এই চিঠিটির জন্য ভারতীয়দের কাছে চিরস্মরণীয় হয়ে থাকতেন। পত্রটির
মূল বক্তব্য বিষয় সংক্ষেপে এইরকম :
সংস্কৃত
কলেজ প্রতিষ্ঠা করে হিন্দু পণ্ডিতদের দিয়ে যে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হবে তা
এদেশে বহুদিন থেকে প্রচলিত আছে। তাছাড়া সংস্কৃত ভাষা এত কঠিন যে তা পুরোপুরি
আয়ত্ত করার জন্য প্রায় জীবনব্যাপী সাধনার প্রয়োজন। গভর্নমেন্টের যদি মনে হয় যে
এদেশের অনেক অমূল্য সম্পদের কথা এই ভাষায় লিপিবদ্ধ আছে, তাকে জানার জন্য সংস্কৃত
শিক্ষার প্রয়োজন, তাহলেও নূতন করে সংস্কৃত কলেজ স্থাপন করার দরকার নেই। এদেশে বহু
পণ্ডিত এই ভাষা শেখানোর কাজে ব্যাপৃত আছেন, এদের উৎসাহ ও সাহায্য দিলে
গভর্নমেন্টের উদ্দেশ্য সফল হবে। শিক্ষাখাতে যে বিপুল পরিমাণ অর্থ মঞ্জুর করা
হয়েছে তার সমস্তটাই সংস্কৃত শিক্ষার জন্য ব্যয় করা মোটেই ঠিক নয়। যদি ইংরেজ
জাতিকে প্রকৃত জ্ঞান বিষয়ে অজ্ঞ রাখা উদ্দেশ্য হতো তাহলে প্রাচীন স্কুলমেনদের
(Schoolmen) অসার বিদ্যার পরিবর্তে বেকনের প্রবর্তিত জ্ঞানকে প্রতিষ্ঠিত হতে না
দিলেই হতো, কারণ প্রাচীন জ্ঞানই অজ্ঞতাকে বহাল রাখতো। সেরকম গভর্নমেন্ট যদি এদেশের
জনসাধারণকে অজ্ঞানতার অন্ধকারে আবদ্ধ রাখতে চায় তাহলে অবশ্য এই ব্যবস্থাই
যুক্তিযুক্ত। কিন্তু গভর্নমেন্টের উদ্দেশ্য যখন তা নয়, তখন উদার ও প্রগতিশীল
আধুনিক শিক্ষার ব্যবস্থা করাই উচিত—যাতে অন্যান্য বিষয়ের সঙ্গে গণিত, রসায়ন,
দেহতত্ত্ব পদার্থবিদ্যা ও জড় ও জীববিজ্ঞান পড়ানো যেতে পারে। শিক্ষাখাতে যে টাকা
ব্যয় করার প্রস্তাব করা হয়েছে তা দিয়ে ইউরোপের কয়েকজন গুণী ও প্রতিভাবান
শিক্ষক নিয়োগ করে, প্রয়োজনীয় বই ও বৈজ্ঞানিক পরীক্ষার যন্ত্রপাতি সহযোগে আধুনিক
শিক্ষার একটি কলেজ গড়ে তোলা যেতে পারে।
রামমোহনের শিক্ষাচিন্তার বিভিন্ন দিকগুলি
বোঝার জন্য তাঁর চিঠিটি খুবই গুরুত্বপূর্ণ। এই চিঠিটিকে বিশ্লেষণ করলে বিজ্ঞান
ভাবনা, সংস্কৃতচর্চা, ধর্মশিক্ষা ও জনশিক্ষা প্রভৃতি বিষয়ে রামমোহনের দৃষ্টিভঙ্গি
স্পষ্ট বোঝা যায়। রামমোহন সংস্কৃত, আরবি
ও ফারসি ভাষায় সুপণ্ডিত হলেও বিজ্ঞানশিক্ষাকে আহ্বান করে ছিলেন ভারতীয়দের মধ্যে
মুক্তবুদ্ধি ও স্বাধীন চিন্তার বিকাশ ঘটাতে। রামমোহন তার চিঠিতে বেকনের
(১৫৬১-১৬২৬) নাম তিনবার উল্লেখ করেন। বেকনের চিন্তাধারা ইউরোপে
জ্ঞানবিজ্ঞানচর্চায় যে যুগান্তকারী পরিবর্তন এনেছে, রামমোহন তা উপলব্ধি করেন এবং
স্বদেশের শিক্ষা ব্যবস্থায় সে ধারা প্রবর্তনের জন্য দাবি জানান। রামমোহন যে সব
বিষয় প্রবর্তনের দাবি করেন সেগুলি হলো : Mathematics, Natural Philosophy(তৎকালীন
সময়ে Physics এই নামে পরিচিত ছিল), Chemistry, Anatomy, 4 other useful sciences.
রামমোহনের মতে ইউরোপীয় দেশগুলি বিজ্ঞানচর্চার
ফলেই শ্রেষ্ঠত্ব লাভ করেছে। উলটো দিকে অপর দেশগুলির পিছিয়ে পড়ার কারণ
বিজ্ঞানচর্চার অভাব। বিজ্ঞানচর্চা প্রসঙ্গে তাই রামমোহন লেখেন: “The Nations of
Europe have carried to a degree of perfection that has raised them above the
inhabitants of other parts of the world”. রামমোহনের কাছে বিজ্ঞানচর্চা নিছক
সাধারণ জ্ঞান সাধনা নয়; একাধিক বার তিনি ‘useful’, ‘beneficial to the country’
কথাগুলি ব্যবহার করেছেন। এর মধ্য দিয়ে রামমোহনের লক্ষ্য কোন দিকে, আমরা তা বুঝতে
পারি। রামমোহন লিখেছিলেন, “...so that the stream of intelligence may flow into
the most useful channels;” এর অর্থ হলো, রামমোহন বিজ্ঞানের নবলব্ধ জ্ঞানকে
প্রযুক্তি হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন দেশে আধুনিক শিল্প গড়ার জন্য। শুধু
নিজের দেশের জন্য নয়, এশিয়ার দেশে দেশে আধুনিক জ্ঞানবিজ্ঞান চর্চার স্বপ্ন
দেখেছিলেন রামমোহন, “...planting in Asia the arts and science of modern
Europe”.।
রামমোহন বিজ্ঞানকে পর-শাসন মুক্তির চাবিকাঠি
হিসাবে দেখেছেন; ১৮ আগস্ট ১৮২৮-এ ক্ৰফৰ্ডকে তিনি লিখেছিলেন: “Supposing some 100
years hence the native character becomes elevated from the acquirements of
modern arts and sciences, is it possible that they will not ... resist
effectually... measures ... to degrade them in the scale of society?” পরবর্তী
কালে কার্ল মার্কসও(১৮১৮-১৮৮৩) বিজ্ঞানকে এই দৃষ্টিভঙ্গি থেকে দেখেছিলেন (... a
great lever of history, a revolutionary force ...)।
রামমোহন পাটনায় থাকার সময় (১৭৯৯ খ্রি.) আরবি
ভাষায় ইউক্লিডের(গ্রীক গণিতজ্ঞ, জন্ম খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দীর মাঝামাঝি-মৃত্যু
খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীর মাঝামাঝি) জ্যামিতি এবং মূল ল্যাটিন-এ নিউটনের(১৬৪৩-১৭২৭)
প্রিন্সিপিয়া(১৬৮৭, ইংরেজিতে প্রথম প্রকাশ-১৭২৮) পাঠ করেছিলেন। কলকাতায় তিনি
ম্যাকে নামে এক জার্মান শিক্ষকের কাছে উচ্চমানের গণিতও শিক্ষা করেন। ফার্গুসন রচিত
Introduction to Astronomy বইয়ের অনুবাদ করেন তিনি।
বিজ্ঞানকে জনপ্রিয় করার জন্য সংবাদ কৌমুদী-তে
একাধিক প্রবন্ধ লেখেন, যথা প্রতিধ্বনি, অয়স্কান্ত বা চুম্বকমণি, মকর মৎস্যের
বিবরণ, বেলুনের বিবরণ ইত্যাদি। মনে হয়, বিজ্ঞানচর্চার ফলে রামমোহনের মধ্যে
বস্তুবাদী চিন্তা দেখা দিয়েছিল; তিনি eternity of matter বা পদার্থের অক্ষয়
তত্ত্বে বিশ্বাসী ছিলেন। এ প্রসঙ্গে ব্রজেন্দ্রনাথ শীল(১৮৬৪-১৯৩৮) লিখেছেন : “He
speculated on the eternity of matter and the self-sufficiency of Nature and
Nature's laws to maintain the course of the world. ” রামমোহন কুসংস্কারের
বিরুদ্ধে বৈজ্ঞানিক মানসিকতা সৃষ্টির উদ্দেশ্যে বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ-নিবন্ধ
লিখতেন। সেরকম এক প্রবন্ধ ‘ব্রাহ্ম পৌত্তলিক সম্বাদ’-এ তিনি লেখেন: “সূর্য
সিদ্ধান্ত প্রভৃতি জ্যোতিঃশাস্ত্রেতে পৃথিবীকে গোল ও শূন্যস্থায়ী কহিয়াছেন ও
পৃথিবী ছায়ার দ্বারা চন্দ্র গ্রহণ হয় এবং সূর্যের উত্তাপের দ্বারা জল কর্যণ
হইয়া বৃষ্ট্যাদি হয়...উপদেশ না দিয়া পুত্রকে কহ পৃথিবী ত্রিকোণা ও সর্পের
মস্তকে আছেন চন্দ্র সূর্যের শত্রু হইয়া রাহু তাহাদিগকে গ্রাস করে এবং মেঘ ও মেঘের
স্ত্রী ইহারা সকলে বৃষ্টি করে এবং মেঘের ঘর্ষণ দ্বারা শব্দ হইলে কহ দেবতারা
গর্জিতেছেন দৈবাধীন হাঁচি হইলে ও টিকটিকি শব্দ করে এ সময়ে কর্মে প্রবৃত্ত হইলে
অকল্যাণ হইবে। .মনুষ্যকার ব্যক্তিকে এরূপ জড়ের ব্যবহার করিতে দেখিলে মনস্তাপ
হয়।”
ব্যর্থতা, ভাবনার সীমাবদ্ধতা –এগুলোর
আলোচনা নিশ্চয়ই দরকার আছে। কিন্তু আরও বেশি দরকার আমাদের আত্মসমীক্ষার। যেখান থেকে
স্বাভাবিকভাবে উঠে আসবে আমরা কি রামমোহনকে সত্যিই চিনেছি বা চেনার চেষ্টা করেছি? না
হলে আধুনিক ভারতবর্ষের আবির্ভাবে রামমোহনের অতুলনীয় ভূমিকা প্রসঙ্গে রবীন্দ্রনাথ
কেনই-বা লিখলেন- “কোনো দেশ যখন আত্মবিস্মৃত হয়ে আপন মহত্বকে অস্বীকার করে তখন একটি
অসাধারণ ব্যক্তিত্বের আবির্ভাব ঘটলে তাঁকে বুঝতে বা স্বীকৃতি দিতে সময় লাগে। তাঁর
কন্ঠ বেদনাদায়কভাবে বেসুরো শোনায় কেননা দেশবাসীর বীণার তাঁর ঢিলে হয়ে পড়েছে,
প্রকৃতির চরমতম বিকাশের যে সত্যের সুর উদদ্গীত হয়েছিল সে সুর আর এ বীণায় বাজে না।”
ঋণ ও সহায়তা
:
১) রবীন্দ্র রচনাবলী সুলভ সংস্করণ বিশ্বভারতী, সপ্তদশ
খণ্ড (মাঘ, ১৪২৬)
২) কোরক সাহিত্য পত্রিকা, শারদ ১৪১৯
৩) পান্থজন জানুয়ারি-মার্চ ২০২২
৪) দেশ ১৭ মে ২০২২
৫) আনন্দবাজার পত্রিকা ২২ মে ২০২২
Comments
Post a Comment