বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের (বিদ্যাসাগর হল) দ্বারোদ্ঘাটন


 


 উনিশ শতকের শেষ প্রান্তে অখণ্ড বঙ্গদেশে সাহিত্য ও সংস্কৃতিচর্চার শ্রেষ্ঠ কেন্দ্ররূপে কলকাতা মহানগরীতে গড়ে উঠেছিল ‘বঙ্গীয় সাহিত্য পরিষদ’। তারপর কয়েক বছরের মধ্যে বাংলার বিভিন্ন জেলাতেও স্থাপিত হয়েছিল সাহিত্য পরিষদের শাখা কেন্দ্র। উত্সাহী সাহিত্য ও সংস্কৃতিপ্রেমী কয়েকজন বিদগ্ধ মানুষের সমবেত প্রচেষ্টায় ১৩১৮ বঙ্গাব্দে প্রতিষ্ঠিত হয় সাহিত্য পরিষদের মেদিনীপুর শাখা। ১৯৩৭ সালে বীরসিংহে বিদ্যাসাগরের স্মৃতিতে বঙ্গীয় সাহিত্য পরিষদের মেদিনীপুর শাখা এক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে কবি সজনীকান্ত দাস বিদ্যাসাগরের স্মৃতিতে মেদিনীপুর শহরে স্থায়ীভাবে কিছু করার প্রস্তাব দেন। এরপরে মেদিনীপুরে বিদ্যাসাগরের স্মৃতিতে এক ভবন তৈরি সিদ্ধান্ত নেওয়া হয়। এই শাখার নেতৃত্বেই গড়ে উঠেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে স্মৃতি সৌধ— বিদ্যাসাগর স্মৃতি মন্দির। স্মৃতি মন্দির নির্মাণ উপলক্ষ্যে পৃথক একটি কমিটি গঠিত হয়েছিল। ওই কমিটিতে ছিলেন- ১) বিনয়রঞ্জন সেন (সভাপতি) জেলা শাসক। ২) দেবেন্দ্রমোহন ভট্টাচার্যা ৩) মনীষীনাথ বসু ৪) চিত্তরঞ্জন রায় ৫) ক্ষিতীশচন্দ্র চক্রবর্তী ৬) অতুলচন্দ্র দে ৭) মহেন্দ্রনাথ দাস ৮) জ্ঞানেন্দ্রনাথ চৌধুরী ৯) চারুচন্দ্র সেন ১০) জহরলাল অধিকারী ১১) সতীশ চন্দ্র আঢ্য ১২) প্রভাতচন্দ্র মাইতি ১৩) ব্রজমাধব রায় ১৪) পূর্ণচন্দ্র চক্রবর্তী ১৫) নলিনীরঞ্জন বসু ১৬) সুধাময় বন্দ্যোপাধ্যায় ১৭) যতীন্দ্রকৃষ্ণ মাইতি ১৮) অতুলচন্দ্র বসু ১৯) সত্যরঞ্জন দত্ত ২০) অমূল্যকৃষ্ণ দত্ত ২১) গোষ্ঠবিহারী দত্ত ২২) মানববন্ধু কানুনগো ২৩) বাসুদেব মণ্ডল ২৪) গৌরচন্দ্র পিড়ি ২৫) নৃপেন্দ্রকৃষ্ণ সোম ২৬) শ্রীরাধারমন চক্রবর্তী।

এই কমিটির সঙ্গে যাঁরা বিশেষভাবে সহযোগিতা করেছিলেন তাঁরা হলেন, - ১) শ্রীমতী চিরপ্রভা সেন। শ্রীমতী সেন কবিগুরুর মেদিনীপুর শহরে থাকাকালীন তাঁর বিশেষ পরিচর্যা এবং খাবারের দায়িত্ব নিয়েছিলেন। এছাড়া ছিলেন- ২) দেবপ্রসাদ গর্গ (মহিষাদলের রাজকুমার) ৩) নরসিংহ মল্লদেব (ঝাড়গ্রামের রাজা) ৪) দুর্গাদাস রায় (বাসুদেবপুরের জমিদার) ৫) প্রবীর সিংহ গজেন্দ্র মহাপাত্র ৬) জনাব কবিরুদ্দিন আমেদ ৭) কাজী সামসুল আলাম ৮) হেমচন্দ্র দাস কানুনগো ৯) রামসুন্দর সিং ১০) জগদীশচন্দ্র রুদ্র ১১) পুলিন বিহারী দিণ্ডা ১২) শ্রীমতী নলিনী দিণ্ডা ১৩) এস.এন. গুহরায়। ১০ সেপ্টেম্বর ১৯৩৮ ( ২৪ ভাদ্র, ১৩৪৫) বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের শিলান্যাস করেছিলেন ড. সর্বপ্ললী রাধাকৃষ্ণন।  

১৯৩৯ সালের ১৫ ডিসেম্বর রাতে মেদিনীপুরে এসেছিলেন কবিগুরু। ডিসেম্বর মাসে রবীন্দ্রনাথের পক্ষে মেদিনীপুরে আসা সহজ ছিল না। তখন তাঁর বয়স ৭৮ বছর। মেদিনীপুরের তৎকালীন জেলাশাসক বিনয়রঞ্জন সেন ও তাঁর স্ত্রী শান্তিনিকেতনের ছাত্রী চিরপ্রভা সেন কবির পূর্ব পরিচিত ছিলেন। বিশেষ গাড়ি ও ট্রেনে বোলপুর থেকে হাওড়া, হাওড়া থেকে খড়গপুর হয়ে মেদিনীপুর স্টেশনে পৌছান ১৫ই ডিসেম্বর ১৯৩৯ শুক্রবার রাত্রি দশটার সময়। ওই দিন কবির সঙ্গে ছিলেন ক্ষিতিমোহন সেন, অমিয় চক্রবর্তী, কৃষ্ণ কৃপালিনী, অনিল চন্দ, সুধাকান্ত রায়চৌধুরী, সজনীকান্ত দাস প্রমুখ। ১৬ ডিসেম্বর (৩০ অগ্রহায়ণ, ১৩৪৬) সকাল দশটায় বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের দ্বারোদঘাটন করেন রবীন্দ্রনাথ। ১৮ ডিসেম্বর তিনি শহর ছাড়েন। ১৫ থেকে ১৮ ডিসেম্বর শহরের ক্ষুদিরাম নগরে  রামগড় রাজার বাড়িতে বাড়িতে ছিলেন। সেই বাড়িতে ১৯৬১তে কেডি কলেজ অফ কমার্স স্থাপিত হয়। তাঁর ব্যবহৃত চেয়ারটি এখনও রয়েছে।

সেদিনের অভিভাষণে তিনি বলেছিলেন,  “যে সযত্ন-স্মরণীয় বার্তা সর্বজনবিদিত, তারও পুনরুচ্চারণের উপলক্ষ বারংবার উপস্থিত হয়, যে মহাত্মা বিশ্বপরিচিত, বিশেষ অনুষ্ঠানের সৃষ্টি হয় তাঁরও পরিচয়ের পুনরাবৃত্তির জন্যে। মানুষ আপন দুর্বল স্মৃতিকে বিশ্বাস করে না, মনোবৃত্তির তামসিকতায় স্বজাতির গৌরবের ঐশ্বর্য অনবধানে মলিন হয়ে যাবার আশঙ্কা ঘটে, ইতিহাসের এই অপচয় নিবারণের জন্যে সতর্কতা পুণ্যকর্মের অঙ্গ। কেননা কৃতজ্ঞতার দেয় ঋণ যে জাতি উপেক্ষা করে, বিধাতার বরলাভের সে অযোগ্য।

যে-সকল অপ্রত্যাশিত দান শুভ দৈবক্রমে দেশ লাভ করে, সেগুলি স্থাবর নয়; তারা প্রাণবান, তারা গতিশীল, তাদের মহার্ঘতা তাই নিয়ে। কিন্তু সেই কারণেই তারা নিরন্তর পরিণতির মুখে নিজের আদি পরিচয়কে ক্রমে অনতিগোচর করে তোলে। উন্নতির ব্যবসায়ে মূলধনের প্রথম সম্বল ক্রমশই আপনার পরিমাণ ও প্রকৃতির পরিবর্তন এমন করে ঘটাতে থাকে, যাতে করে তার প্রথম রূপটি আবৃত হয়ে যায়, নইলে সেই বন্ধ্যা টাকাকে লাভের অঙ্ক গণ্য করাই যায় না।

সেইজন্যেই ইতিহাসের প্রথম দূরবর্তী দাক্ষিণ্যকে সুপ্রত্যক্ষ করে রাখবার প্রয়োজন হয়। পরবর্তী রূপান্তরের সঙ্গে তুলনা করে জানা চাই যে, নিরন্তর অভিব্যক্তির পথেই তার অমরতা, নির্বিকার জড়ত্বের বন্দিশালায় নয়।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা সাহিত্যভাষার সিংহদ্বার উদ্ঘাটন করেছিলেন। তাঁর পূর্ব থেকেই এই তীর্থাভিমুখে পথখননের জন্যে বাঙালির মনে আহ্বান এসেছিল এবং তৎকালীন অনেকেই নানাদিক থেকে সে আহ্বান স্বীকার করে নিয়েছিলেন। তাঁদের অসম্পূর্ণ চেষ্টা বিদ্যাসাগরের সাধনায় পূর্ণতার রূপ ধরেছে। ভাষার একটা প্রকাশ মননের দিকে এবং জ্ঞানের তথ্যসংগ্রহের দিকে, অর্থাৎ বিজ্ঞানে তত্ত্বজ্ঞানে ইতিহাসে; আর-একটা প্রকাশ ভাবের বাহনরূপে রসসৃষ্টিতে; এই শেষোক্ত ভাষাকেই বিশেষ করে বলা যায় সাহিত্যের ভাষা। বাংলায় এই ভাষাই দ্বিধাহীন মূর্তিতে প্রথম পরিস্ফুট হয়েছে বিদ্যাসাগরের লেখনীতে, তার সত্তায় শৈশব-যৌবনের দ্বন্দ্ব ঘুচে গিয়েছিল।

ভাষার অন্তরে একটা প্রকৃতিগত অভিরুচি আছে, সে সম্বন্ধে যাঁদের আছে সহজ বোধশক্তি, ভাষাসৃষ্টি-কার্যে তাঁরা স্বতই এই রুচিকে বাঁচিয়ে চলেন, একে ক্ষুণ্ন করেন না। সংস্কৃতশাস্ত্রে বিদ্যাসাগরের ছিল অগাধ পাণ্ডিত্য। এইজন্য বাংলা ভাষার নির্মাণকার্যে সংস্কৃত ভাষার ভাণ্ডার থেকে তিনি যথোচিত উপকরণ সংগ্রহ করেছিলেন। কিন্তু উপকরণের ব্যবহারে তাঁর শিল্পী-জনোচিত বেদনাবোধ ছিল। তাই তাঁর আহরিত সংস্কৃত শব্দের সবগুলিই বাংলা ভাষা সহজে গ্রহণ করেছে, আজ পর্যন্ত তার কোনোটিই অপ্রচলিত হয়ে যায় নি। বস্তুত পাণ্ডিত্য উদ্ধত হয়ে উঠে তাঁর সৃষ্টিকার্যের ব্যাঘাত করতে পারে নি। এতেই তাঁর ক্ষমতার বিশেষ গৌরব। তিনি বাংলা ভাষার মূর্তি নির্মাণের সময় মর্যাদারক্ষার প্রতি দৃষ্টি রেখেছিলেন। মাইকেল মধুসূদন ধ্বনি-হিল্লোলের প্রতি লক্ষ্য রেখে বিস্তর নূতন সংস্কৃত শব্দ অভিধান থেকে সংকলন করেছিলেন। অসামান্য কবিত্বশক্তি সত্ত্বেও সেগুলি তাঁর নিজের কাব্যের অলংকৃতিরূপেই রয়ে গেল, বাংলা ভাষার জৈব উপাদানরূপে স্বীকৃত হল না। কিন্তু বিদ্যাসাগরের দান বাংলা ভাষার প্রাণ-পদার্থের সঙ্গে চিরকালের মতো মিলে গেছে, কিছুই ব্যর্থ হয় নি।

শুধু তাই নয়। যে গদ্যভাষারীতির তিনি প্রবর্তন করেছেন, তার ছাঁদটি বাংলা ভাষায় সাহিত্যরচনা-কার্যের ভূমিকা নির্মাণ করে দিয়েছে। অথচ যদিও তাঁর সমসাময়িক ঈশ্বর গুপ্তের মতো রচয়িতার গদ্যভঙ্গির অনুকরণে তখনকার অনেক বিশিষ্ট সাহিত্যিক আপন রচনার ভিত গাঁথছিলেন, তবু সে আজ ইতিহাসের অনাদৃত নেপথ্যে অব্যবহৃত হয়ে পড়ে আছে। তাই আজ বিশেষ করে মনে করিয়ে দেবার দিন এল যে, সৃষ্টিকর্তারূপে বিদ্যাসাগরের যে স্মরণীয়তা আজও বাংলা ভাষার মধ্যে সজীব শক্তিতে সঞ্চারিত তাকে নানা নব নব পরিণতির অন্তরাল অতিক্রম করে সম্মানের অর্ঘ্য নিবেদন করা বাঙালির নিত্যকৃত্যের মধ্যে যেন গণ্য হয়। সেই কর্তব্যপালনের সুযোগ ঘটাবার জন্যে বিদ্যাসাগরের জন্মপ্রদেশে এই যে মন্দিরের প্রতিষ্ঠা হয়েছে, সর্বসাধারণের উদ্দেশে আমি তার দ্বার উদ্ঘাটন করি। পুণ্যস্মৃতি বিদ্যাসাগরের সম্মাননার অনুষ্ঠানে আমাকে যে সম্মানের পদে আহ্বান করা হয়েছে, তার একটি বিশেষ সার্থকতা আছে। কারণ এইসঙ্গে আমার স্মরণ করবার এই উপলক্ষ ঘটল যে, বঙ্গসাহিত্যে আমার কৃতিত্ব দেশের লোকে যদি স্বীকার করে থাকেন, তবে আমি যেন স্বীকার করি, একদা তার দ্বার উদ্ঘাটন করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

এখনো আমার সম্মাননিবেদন সম্পূর্ণ হয় নি। সব শেষের কথা উপসংহারে বলতে চাই। প্রাচীন আচারনিষ্ঠ ব্রাহ্মণ-পণ্ডিতের বংশে বিদ্যাসাগরের জন্ম, তবু আপন বুদ্ধির দীপ্তিতে তাঁর মধ্যে ব্যক্ত হয়েছিল আনুষ্ঠানিকতার বন্ধন-বিমুক্ত মন। সেই স্বাধীনচেতা তেজস্বী ব্রাহ্মণ যে অসামান্য পৌরুষের সঙ্গে সমাজের বিরুদ্ধতাকে একদা তাঁর সকরুণ হৃদয়ের আঘাতে ঠেলে দিয়ে উপেক্ষা করেছিলেন, অদম্য অধ্যবসায়ের সঙ্গে জয়ী করেছিলেন আপন শুভ সংকল্পকে, সেই তাঁর উত্তুঙ্গ মহত্ত্বের ইতিহাসকে সাধারণত তাঁর দেশের বহু লোক সসংকোচ নিঃশব্দে অতিক্রম করে থাকেন। এ কথা ভুলে যান যে, আচারগত অভ্যস্ত মতের পার্থক্য বড়ো কথা নয়,কিন্তু যে দেশে অপরাজেয় নির্ভীক চারিত্রশক্তি সচরাচর দুর্লভ, সে দেশে নিষ্ঠুর প্রতিকূলতার বিরুদ্ধে ঈশ্বরচন্দ্রের নির্বিচল হিতব্রতপালন সমাজের কাছে মহৎ প্রেরণা। তাঁর জীবনীতে দেখা গেছে, ক্ষতির আশঙ্কা উপেক্ষা করে দৃঢ়তার সঙ্গে তিনি বারংবার আত্মসম্মান রক্ষা করেছেন, তেমনিই যে শ্রেয়োবুদ্ধির প্রবর্তনায় দণ্ডপাণি-সমাজ-শাসনের কাছে তিনি মাথা নত করেন নি, সেও কঠিন সংকটের বিপক্ষে তাঁর আত্মসম্মান রক্ষার মূল্যবান দৃষ্টান্ত। দীন দুঃখীকে তিনি অর্থদানের দ্বারা দয়া করেছেন, সে কথা তাঁর দেশের সকল লোক স্বীকার করে; কিন্তু অনাথা নারীদের প্রতি যে করুণায় তিনি সমাজের রুদ্ধ হৃদয়দ্বারে প্রবল শক্তিতে আঘাত করেছিলেন, তার শ্রেষ্ঠতা আরো অনেক বেশি, কেননা তার মধ্যে প্রকাশ পেয়েছে কেবলমাত্র তাঁর ত্যাগশক্তি নয়, তাঁর বীরত্ব। তাই কামনা করি, আজ তাঁর যে কীর্তিকে লক্ষ্য করে এই স্মৃতিসদনের দ্বার উন্মোচন করা হল, তার মধ্যে সর্বসমক্ষে সমুজ্জ্বল হয়ে থাক্‌ তাঁর মহাপুরুষোচিত কারুণ্যের স্মৃতি।”

১৫- ১৮ ডিসেম্বর মেদিনীপুর শহরে থাকাকালীন বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের দ্বারোদঘাটন ছাড়াও কবিগুরু আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নেন। মেদিনীপুর জেলা বোর্ড, মেদিনীপুর পৌরসভার সম্বর্ধনা গ্রহণ করেন। ১৭ ডিসেম্বর বিকাল ৪টায় ছাত্র সভায় বক্তব্য রাখেন। 


তথ্যসূত্র:

আনন্দবাজার পত্রিকা - ১৬ ডিসেম্বর ২০১৭, ১২ এপ্রিল ২০২০

মেদিনীপুরে রবীন্দ্রনাথ – হরিপদ মণ্ডল, অমিত্রাক্ষর

অরিন্দম ভৌমিক – মিডনাপুর ডট ইন



L D College Midnapur 

Comments

Popular posts from this blog

খবরের কাগজে মোড়া খাবার খেয়ে কী বিপদ ডাকছেন?

নমন্তি গুণিনো জনাঃ