বিস্মৃতপ্রায় বিজ্ঞানের বরপুত্র এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম উদ্যোগী অনিল কুমার গায়েন
শত শত বিজ্ঞানীদের অবদানে গড়ে উঠেছে বিজ্ঞানের ইমারত। আমাদের দেশে বিজ্ঞানীদের নিয়ে মিডিয়ার কোনও বিশেষ হেলদোল দেখতে পাওয়া যায় না। আর সাধারণ জনগণের এসব নিয়ে বিশেষ কৌতূহলও নেই। ফলে বিজ্ঞানীদের জীবন ও কর্মধারা সম্পর্কে বিশদে জানা অনেক সময় কষ্টকর হয়ে ওঠে। বিজ্ঞানী অনিল কুমার গায়েনের (১.২.১৯১৯-৭.২.১৯৭৮) জীবনকথা, বিজ্ঞান সাধনা এই নিবন্ধের বিষয়বস্তু।
ইন্টারনেটের অন্যতম
সার্চ ইঞ্জিন গুগল জানাচ্ছে ‘অনিল কুমার
গায়েন
একজন ভারতীয় গণিতবিদ এবং
পরিসংখ্যানবিদ, যিনি রোনাল্ড ফিশারের সঙ্গে ফলিত পরিসংখ্যানের ক্ষেত্রে পিয়ারসন
সহসম্বন্ধ গুণাঙ্ক নির্ণয়ের জন্য পরিচিত। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে
হেনরি এলিস ড্যানিয়েলসের তত্ত্বাবধানে পিএইচডি লাভ করেন। তিনি রয়েল
স্ট্যাটিস্টিকাল সোসাইটি এবং কেমব্রিজ ফিলোসফিকাল সোসাইটির ফেলো হিসাবে সম্মানিত
হন। অধ্যাপক গায়েন ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশনের পরিসংখ্যান
বিভাগের সভাপতি এবং তার পাশাপাশি ভারতীয় ইনস্টিটিউট অফ টেকনোলজির গণিত
বিভাগের প্রধান ছিলেন। পরবর্তীকালে তিনি বাংলার নবজাগরণের বিখ্যাত সমাজসংস্কারক,
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামানুসারে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার
অন্যতম উদ্যোগী।’
অন্যদিকে বিদ্যাসাগর
বিশ্ববিদ্যালয়ের হোম পেজ-এ অ্যাবাউট দ্য ইউনিভারসিটি-তে রয়েছে: নারীশিক্ষা প্রসারের
পুরোধা, বাল্য বিবাহ রোধ আন্দোলনের অগ্রণী,
বিধবা বিবাহ প্রচলনের পথিকৃৎ, নবজাগরণের দূত ছিলেন বিদ্যাসাগর। তাঁর নামাঙ্কিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়টি
প্রথম ভেবেছিলেন অনিল কুমার গায়েন।
উপরে উল্লেখিত
মান্য দুই সংস্থার স্বীকৃতি থেকে স্পষ্ট।
যে ভাবনা ভাবার কথা ছিল সরকারের, তা ভাবলেন অনিল কুমার গায়েন।
এ প্রসঙ্গে উল্লেখ করব ১৯৩৫-এ প্রতিষ্ঠিত ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স আকাডেমি-র
ফেলো (১৯৬৬) অধ্যাপক গায়েন সম্পর্কে বি আর শেঠ-এর লেখার একটি অংশ: অধ্যাপক গায়েন শুধু
একজন সুপরিচিত শিক্ষাবিদই ছিলেন না, একজন সমাজসেবকও
ছিলেন, যিনি অর্থনৈতিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষের উন্নতি ও কল্যাণে তাঁর জীবনের
বেশিরভাগ সময় উৎসর্গ করেছিলেন। রামকৃষ্ণ মিশন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আদর্শ
ও শিক্ষার দ্বারা অনুপ্রাণিত হয়ে, তিনি সমাজের দুর্বলতম অংশে শিক্ষার জন্য পর্যাপ্ত
সুযোগ প্রদানের চেষ্টা করেছিলেন। এই লক্ষ্যে তিনি আঞ্চলিক শিক্ষা সমিতি, মেদিনীপুর
প্রতিষ্ঠা করেন। যাতে শিক্ষার উন্নতির উপায়গুলি পরামর্শ দেওয়ার জন্য জেলার শিক্ষাবিদদের
একটি ফোরাম হিসাবে কাজ করত। তাঁর সভাপতিত্বে সমিতি একটি নতুন ধরনের বিশ্ববিদ্যালয়
স্থাপনের সুপারিশ করেছিল যা মেদিনীপুর জেলার পিছিয়ে পড়া জনগণের শিক্ষাক্ষেত্রে অগ্রসর
হবে। অধ্যাপক গায়েনের প্রস্তাবগুলি রাজ্য সরকার এবং ভারত সরকার গ্রহণ করে।
মেদিনীপুর জেলার যশস্বী সন্তান অনিল কুমার
গায়েন-এর পরিচিতি উচ্চশিক্ষার মহলে থাকলেও সাধারণের মধ্যে কম চর্চিত। ১ ফেব্রুয়ারি
১৯১৯-এ বর্তমান পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানার লাক্ষী গ্রামে কৃষক পরিবারে
জন্ম। বাবা জীবনকৃষ্ণ, মা পঞ্চমীদেবী। শৈশবেই পিতৃহারা হন অনিল কুমার। গ্রামের
কাশীকান্ত গোল ও কৈলাসনাথ দলপতির পাঠশালায় শুরু প্রাথমিক শিক্ষা। এরপর ভর্তি হলেন
কৃষ্ণনগর মণীন্দ্রনাথ মিডল ইংলিশ স্কুল-এ। হেঁড়্যা শিবপ্রসাদ ইনস্টিটিউশনে সপ্তম
শ্রেণীতে ভর্তি হলেন ১৯৩১-এ। সংস্কৃত ও গণিতে লেটার মার্কসহ ১৯৩৫-এ ম্যাট্রিকুলেশন
পাশ করেন। গণিতে লেটার মার্কস সহ ১৯৩৭-এ আই এ বঙ্গবাসী কলেজ থেকে এবং রিপন কলেজ
(বর্তমান সুরেন্দ্রনাথ কলেজ) থেকে গণিতে অনার্স পাশ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এম
এ তে ভর্তি হন। এই পর্বে অনিল কুমার রামকৃষ্ণ মিশন স্টুডেন্টস হোমে ফ্রিতে থাকার সুযোগ পেয়েছিলেন। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের
জন্য এম এ ক্লাসের পরীক্ষা এক বছর পিছিয়ে যাওয়ায় ১৯৪৩-এ প্রথম শ্রেণিতে প্রথম হয়ে
স্বর্ণপদক লাভ করেন। এই সময়কালে অনিল কুমারের কয়েকজন বন্ধু পাশে না থাকলে হয়তো
তাঁর এম এ সম্পূর্ণ হত না। এর সঙ্গে বলতেই হয় উপাচার্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের
কথা। তিনি মেধাবী অনিল কুমারের ফি মকুব করে দিয়েছিলেন।
শুরু
হয় অনিল কুমারের শিক্ষকতা জীবন। হেঁড়্যা শিবপ্রসাদ ইনস্টিটিউশন, প্রেসিডেন্সি
কলেজ, শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষকতা করেছেন ১৯৪৬ পর্যন্ত। হাওড়ার ধনী
ব্যবসায়ী পঞ্চানন চোংদার-এর মেয়ে কৃষ্ণার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ১৯৪৬-এ। ২০
আগস্ট ১৯৪৭ ইংল্যান্ডের কেমব্রিজ-এ
গবেষণার জন্য যাত্রা করেন। মাত্র তিন বছরে হেনরি
এলিস ড্যানিয়েলের(১৯১২-২০০০, পরবর্তীকালে(১৯৭৪-’৭৫) রয়্যাল স্ট্যাটিস্টিক্যাল সোসাইটি’র প্রসিডেন্ট ছিলেন) তত্ত্বাবধানে পিএইচ ডি ডিগ্রি
লাভ করেন। পরিচিত হন রাশিবিজ্ঞানের পুরোধা পুরুষ স্যার রোনাল্ড
ফিশারের (১৮৯০-১৯৬২) সঙ্গে। সম্মিলিত ভাবে নির্ণয় করেন পিয়ারসন সহসম্বন্ধ গুণাঙ্ক।
দেশে ফিরে প্রশান্তচন্দ্র মহলানবিশের আহ্বানে যোগ দেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল
ইনস্টিটিউট ও কলকাতা বিশ্ববিদ্যালয়-এ। ১৯৫৪-য় খড়গপুর আই আই টি’র গণিত বিভাগে
সহকারী অধ্যাপকের পদে যোগ দেন। ১৯৬৫তে রাশিবিজ্ঞান
বিভাগে অধ্যাপনা, ১৯৬৬–১৯৭৪ গণিত বিভাগের
প্রধান ছিলেন। সেই সময় অধ্যাপক গায়েন তাত্ত্বিক ও ফলিত রাশিবিজ্ঞান-এর এক
শক্তিশালী রিসার্চ গ্রুপ গড়ে তোলেন করেন। তাঁর
তত্ত্বাবধানে ১৬ জন ছাত্র গবেষণা করে পিএইচ ডি হন।
কেমব্রিজ ফিলোসফিক্যাল সোসাইটি এবং রয়্যাল স্ট্যাটিস্টিক্যাল
সোসাইটি(১৯৫০)-এর ফেলো অধ্যাপক গায়েন এন
সি ই আর টি এবং শিক্ষা মন্ত্রকের ‘Educational measurements’ প্রকল্পের অধিকর্তা
হিসেবে কাজ করেন। তাঁর নেতৃত্বে প্রকল্পের ‘রিসার্চ গ্রুপ’ ছ’খণ্ডের সুপারিশ Measurement
of achievements in Mathematics(1961), Measurement of achievements in English(1962), Measurement
of achievements in some Indian language (Hindi, Bengali and Sanskrit-1964), Measurement
of achievements in Physics and Chemistry(1967), Measurement of achievements in
History, Civics and Economics(1969), Measurement
of achievements in Geography, General Science and Biology (1970)
দাখিল করেছিলেন তা তদানীন্তন শিক্ষাবিদ ড. জাকির হোসেন, ড. ত্রিগুণা সেন, ড. বি ডি
নাগচৌধুরী, ড. কে এল শ্রীমালি প্রমুখ দ্বারা প্রশংসিত হয়েছিল। তিনি চীফ এডিটর
ছিলেন ‘Indian Society for Quality Control Bulletin’-এর। ‘Indian Society of
Psychometry and Education’-এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। Advanced Calculus তাঁর
লেখা গণিতের জনপ্রিয় বই। ১৯৭১-এ
বাঙ্গালোরে(অধুনা বেঙ্গালুরু) অনুষ্ঠিত ৫৮ তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেস-এর
রাশিবিজ্ঞান শাখা’র সভাপতিরূপে কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন অধ্যাপক গায়েন। এঁর
সম্পর্কে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অভিজিৎ গুহ ‘দুর্বার ভাবনা’
পত্রিকায়(এপ্রিল ২০১৩) লিখেছিলেন, “ অনিল গায়েন নিজের থেকে বাইরে এসে দাঁড়িয়েছিলেন।
কিন্তু আমরা আজও নিজেদের নিয়ে মশগুল, ক্ষুদ্র স্বার্থে নিমজ্জিত। একমাত্র
ছাত্রযুব-শক্তিই পারে অনিল গায়েনের কীর্তিকে প্রকৃত সম্মান জানাতে। ‘নব যুগের
দেবদেবীদের’ ভয় ভুলে একজন মহান মানুষকে সম্মান জানানোর এই তো সময়”। অধ্যাপক গায়েন
সম্পর্কে জাতীয় শিক্ষক ঈশ্বরচন্দ্র প্রামাণিক-এর লিখেছেন, “অধ্যাপক গায়েনের
জীবদ্দশায় না হলেও মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়টি যে বাস্তবায়িত হয়েছে(পঠন
পাঠন শুরু ১ জুন ১৯৮৫) এজন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ। শিক্ষাবিদ ও সংখ্যাবিজ্ঞানী
আচার্য অনিলকুমার গায়েনের অসীম অধ্যবসায় ছাত্র, তথা সমাজসেবীদের কাছে উজ্জ্বল
দৃষ্টান্ত ও অফুরন্ত প্রেরণার উৎস হয়ে থাকবে”।
Comments
Post a Comment