অনন্তজীবী অধ্যক্ষ প্রশান্ত সামন্ত

 

নিজের কাজে মন দেওয়ার পরিবেশটাই আজ আর খুঁজে পাওয়া ভার।  শিক্ষাজগতে দেখি, অনেকে কাজ কম করেন, আর যাঁরা করেন, তাঁদের পথ রোখার জন্য লোকের অভাব নেই। কেউ বলতে পারেন, এই সব নিয়ে কি শুধু নিন্দা করলেই কাজ হবে? নিশ্চয়ই হবে না। তবে নিন্দা না হোক, সমালোচনাটা থাকতে হবে। সেটাও না থাকলে সঙ্কট থেকে বেরোনো যাবে কী করে? নিন্দা না থাকলে পৃথিবীকে তার হৃত গৌরবের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাটাও করা সম্ভব নয়। নিন্দুক অনেক সময় শুধু নিন্দা করেন না, সমালোচনার মধ্যে দিয়ে নতুন পথ খুঁজতে বলেন। এ-ও ঠিক ভয়-ভীতির পরিবেশ দিয়ে শিক্ষা হয় না। শাসন এবং নিয়মের মধ্যে যেমন পার্থক্য করতে হয়, তেমনই দ্বিমত আর রাজনীতির মধ্যেও ফারাক করা দরকার। শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে  রাজনীতিবিদরা যদি শিক্ষাক্ষেত্রের উপরে ছড়ি ঘোরান, তা হলে শিক্ষার অবস্থা কী হতে পারে সহজেই অনুমেয়। অমুক পার্টি এখন ক্ষমতায়, তাই বিশ্ববিদ্যালয় এবং গবেষণা কেন্দ্রগুলো থেকে শুরু করে প্রতিটি স্তরে একমাত্র সেই পার্টিরই লোক বসবে, এহেন বিধান দিয়ে আর যা-ই হোক শিক্ষাপ্রতিষ্ঠান চলে না। আবার, অমুক ব্যক্তি সাবধানী, সতর্ক থাকতে চান বলে আজ যে পার্টি ক্ষমতায় আছে, তিনি কার্যত সেই পার্টির আদর্শ মেনে কাজ করবেন, সেটাও ঠিক কাজ হতে পারে না। রাজনৈতিক মতবাদ এক জিনিস, আর ‘আইন’ মেনে কাজ করা আর এক। দুটোকে গুলিয়ে ফেলেন যাঁরা, আমার মনে হয় তাঁরা হয় আহাম্মক নয় সুযোগসন্ধানী। শিক্ষাপ্রতিষ্ঠান গড়তে হলে যেমন খোলা মাঠ বা খেলাধুলো করার জায়গা দরকার—ঠিক তেমন জরুরি উদারমনা পরিবেশ। দুইয়ের অভাবেই বিভিন্ন রকমের কলুষ মনের মধ্যে বাসা বাঁধে।  ঘটনা হল, একই মতের মানুষ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে না— রাজনৈতিক দল গড়ে ওঠে। একে অপরের থেকে শেখা এবং জানা কোনও ভুল কাজ নয়। চাই গণতান্ত্রিক পরিবেশে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার মানসিকতা এবং নতুন কর্মসংস্থানের জন্য শিক্ষাব্রতীদের মধ্যে দক্ষতা ও উদ্ভাবনী শক্তি সঞ্চার করার আগ্রহ। এরকম পরিবেশ গত শতকের সত্তরের দশকে পেয়েছিলেন ময়না কলেজের অধ্যক্ষ প্রশান্ত সামন্ত।

আমার অন্যতম মেন্টর মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ(১৯৯৯-২০০৭) ড. হরিপদ মাইতি। তাঁর মাধ্যমে পরিচিত হই ঘাটাল মহকুমার ড. পুলক রায়ের সঙ্গে। ড. রায়ের সম্পাদনায় ঘাটাল মহকুমা সাহিত্য একাডেমি প্রকাশ করে ‘মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস’। ওই গ্রন্থে আমার একটি প্রবন্ধও স্থান পায়। গ্রন্থটি আনুষ্ঠানিক প্রকাশ হয়েছিল ২৪ জুন ২০২৩। ড. রায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। ওই দিন গিয়েছিলাম ড. হরিপদ মাইতি’র সঙ্গী হয়ে। অবশ্য অন্য দুটি কারণও ছিল। প্রথমটি হল রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় ‘যথার্থ মানুষ’ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটা দর্শন। অন্যটি হরিপদবাবুর থেকে শোনা তাঁর ময়না কলেজের অধ্যক্ষ(১৯৭৪-১৯৯৫) প্রশান্ত সামন্ত স্যারের সঙ্গে সাক্ষাৎ এবং আমাদের প্রতিষ্ঠান বি এস ফাউণ্ডেশনের পক্ষ থেকে সম্মান জানানো।

বীরসিংহ দর্শন, ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানের পর হরিপদবাবুর সঙ্গে তাঁর ঘাটালের কোন্নগরের বাড়িতে যাই। আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা প্রদান করি। প্রথম দেখা হওয়ার দিন তাঁর শরীরের গঠন দেখে মনে হয়েছিল প্রশান্তবাবু তাঁর ছোটখাটো শরীরকে অতিক্রম করতে পেরেছিলেন বলেই তিনি নিজেকে স্বতন্ত্র করে তুলতে পেরেছিলেন।  ছাত্র ছাত্রীদের জন্য অধ্যক্ষ হিসেবে তাঁর দায়িত্ববোধ আর নিষ্ঠার প্রসঙ্গ জেনেছি অধ্যক্ষ হরিপদবাবুর কাছে। ছাত্র ছাত্রীদের যুক্তি-তর্কের মধ্যে দিয়ে সব কিছু গ্রহণ করতে শেখানো, তাদের মতপ্রকাশের স্বাধীনতা দেওয়া, স্নেহ করা, প্রভৃতি গুণের জন্য  তিনি সকলের প্রিয় ছিলেন। তিনি কোনও কিছুই ছাত্র ছাত্রীদের উপর চাপিয়ে দিতেন না, বিচার বিশ্লেষণের মধ্যে দিয়ে ভাল-মন্দ সব কিছু বুঝে নিতে বলতেন। এর ফলে কুসংস্কার, রক্ষণশীলতার বিরুদ্ধে ধীরে ধীরে যু্ক্তি, সত্য দিয়ে ভাল-মন্দ বিচার করতে শেখার প্রেরণা তাঁর কলেজের ছাত্র ছাত্রীদের মধ্যে দেখা যেত। তার ফলে ছাত্র ছাত্রীকুলের মধ্যে একটি আধুনিক চিন্তাজগৎ গড়ে উঠত। মিল খুঁজে পাই রাধানাথ শিকদারের তাঁর শিক্ষক ডিরোজিও(১৮০৯-১৮৩১) সম্পর্কে লেখায়। রাধানাথ শিকদার(১৮১৩-১৮৭০) লিখেছেন, ‘‘সামান্য বিদ্যাভিমান থাকলেও তাঁর মতো সহানুভূতিশীল স্নেহপ্রবণ শিক্ষক তখনকার শিক্ষায়তনে দুর্লভ ছিল। কোনও বিষয়ে শিক্ষা দেওয়ার আগে তিনি পরিষ্কার করে বুঝিয়ে দিতেন শিক্ষার মূল উদ্দেশ্য কী। ছাত্রেরা তাতে যে কত লাভবান হত, তা বলা যায় না। কেবল বিদ্যা-শিক্ষা করেই তারা ক্ষান্ত হত না, বাস্তব জীবনে ও সমাজে তার প্রত্যক্ষ প্রয়োগ-প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় তারা চঞ্চল হয়ে উঠত। কোনও শিক্ষক ছাত্রদের মনে এ রকম প্রেরণা জাগাতে পারতেন না।’’ পরীক্ষায় ভাল রেজাল্ট করা যেমন প্রশান্তবাবুর ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য থাকত, তেমনই তারা বেশি করে হৃদয়ে ভরে নিত তাঁর গুণাবলীর এক অনির্বচনীয় সম্পদ, যা পরীক্ষা বৈতরণী পার হবার পরেও থেকে যেত দূর আকাশের তারার মত, তাদের মনের আকাশে। তিনি তাঁর ছাত্রছাত্রীদের স্পর্শ করতে জেনেছিলেন ব্যক্তিগতভাবে, সুখ-দুঃখময় মানুষ হিসেবে, তাদের বয়সের কাছাকাছি দাঁড়িয়ে। ছাত্রছাত্রীদের রাজনৈতিক, পারিবারিক, অর্থনৈতিক সংকটের অন্তরঙ্গ হতে জানতেন বলেই খুব সহজ ছিল তাঁর ওপর নির্ভর করা, তাঁর সাহায্য নেওয়া, তাঁকে আত্মীয় বলে বোধ করা। একজন যোগ্য  অধ্যক্ষ হয়ে ওঠেন এইভাবেই, তাঁর ছাত্রছাত্রীদের ভিতরে এই ব্যক্তিকে জাগিয়ে তোলার মধ্যে। তখন তিনি অধ্যক্ষমাত্র থাকেন না, হয়ে ওঠেন শিল্পী। তাঁর বোধচর্যার বিচরণে ছিল অনায়াস প্রবণতা ও ক্ষমতা ছিল মজ্জাগত। প্রশান্তবাবুর বোধচর্যার পরিচয় পাওয়া তাঁর লেখা ‘ঠোকাঠুকি’, ‘কেনাকাটা’, ‘বিদ্রোহী নেতাজি’, ‘বিদ্রোহী কবি নজরুল’, ‘জয়প্রকাশ নারায়ণ’, ‘হিটলার’ প্রভৃতি গ্রন্থে।

জীবন যতই পোড় খায় ততই একটা প্যাটার্ন তৈরি হয়ে যায়। আমার মনে হয়- প্রথমত এবং শেষ পর্যন্ত অধ্যক্ষ প্রশান্তবাবু ছিলেন শিক্ষক, যা তাঁর জীবনের মূলমন্ত্র।  স্বতন্ত্র বা সমবেত গুণগুলির জন্য কেউ হয়তো পরম শ্রদ্ধা পান। কিন্তু মানুষের ভালবাসা পাওয়া হল ভিন্ন কথা। যা পেয়েছিলেন  অধ্যক্ষ প্রশান্তবাবু। দীর্ঘ আয়ু এবং ততোধিক কর্মবহুল জীবন প্রশান্তবাবুর। তাঁর কীর্তি ও কর্মকাণ্ডের জন্য তিনি অনন্তজীবী। মহামতি চাণ্যকের কথায়-

চলচ্চিত্তং চলদ্বিত্তং চলজ্জীবন যৌবনম্‌।

চলাচলমিদং সর্বং কীর্তিযস্য স জীবতি।।  

ঋণ:

ড. হরিপদ মাইতি- অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয়।  

শ্রী দেবাশীষ মাইতি - অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, ঘাটাল। 

Comments

Popular posts from this blog

খবরের কাগজে মোড়া খাবার খেয়ে কী বিপদ ডাকছেন?

নমন্তি গুণিনো জনাঃ