জাতীয় যুব দিবস ২০২৫ উপলক্ষ্যে গান্ধীস্মৃতি প্রদর্শনী (গান্ধী মেলা)তে আলোচনা সভা

 

সাহিত্যে নোবেল জয়ী (১৯১৫) ফরাসী মনীষী রোঁমা রোঁলা(১৮৬৬-১৯৪৪) স্বামী বিবেকানন্দের এক নিখুঁত চিত্র অঙ্কন করেছেন। তিনি লিখেছেন, ‘বিবেকানন্দের দেহ ছিল মল্লযোদ্ধার মতো সুদৃঢ় ও শক্তিশালী। …প্রশস্ত গ্রীবা, বিস্তৃত বক্ষ, সুদৃঢ় গঠন, কর্মিষ্ঠ পেশল বাহু, শ্যামল চিক্কন ত্বক, পরিপূর্ণ মুখমণ্ডল, সুবিস্তৃত ললাট, কঠিন চোয়াল আর অপূর্ব আয়ত পল্লবভারে অবনত ঘনকৃষ্ণ দুটি চক্ষু। তাঁহার চক্ষু দেখিলে প্রাচীন সাহিত্যের সেই পদ্মপলাশের উপমা মনে পড়িত। বুদ্ধিতে, ব্যঞ্জনায়, পরিহাসে, করুণায় দীপ্ত প্রখর ছিল সে চক্ষু, ভাবাবেগে ছিল তন্ময়; চেতনার গভীরে তাহা অবলীলায় অবগাহন করিত, রোষে হইয়া উঠিত অগ্নিবর্ষী; সে দৃষ্টির ইন্দ্রজাল হইতে কাহারও অব্যাহতি ছিল না। কিন্তু বিবেকানন্দের প্রধানতম বৈশিষ্ট্য ছিল তাঁহার রাজকীয়তা; তিনি ছিলেন আজন্ম সম্রাট। কি ভারতবর্ষে, কি আমেরিকায়, কোথাও এমন কেহ তাঁহার পাশে আসেন নাই, যিনি তাঁহার নিকট নতশির না হইয়াছেন।’’ কি প্রাচ্য চিন্তাধারা, কি পাশ্চাত্য চিন্তাধারা- উভয়ের বিশ্লেষণে বিবেকানন্দ একজন পরিপূর্ণ মানুষ। শ্রীঅরবিন্দের ভাষায়ঃ A King among men.

 

আমাদের এই বাংলায় মাত্র উনচল্লিশ বছরের জীবনে যে কর্মযজ্ঞ করে গেলেন এক মানুষ, যা সমগ্র বিশ্বে এক অনন্য উদাহরণ। শুধুমাত্র মুখের কথা নয়, জীবন দিয়ে দেখিয়ে  গেলেন— এ জীবন শুধুমাত্র ইন্দ্রিয় সুখের জন্য নয়। এ জীবন পরহিতার্থে ব্যয় করাই মানুষের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। সে জন্য তাঁর সাবধান বাণী 'Be and make' আগে নিজে তৈরি হও, তারপর অপরকে তৈরি করো। হ্যাঁ,  কলকাতার সিমলা পাড়ার দত্ত পরিবারের নরেন্দ্রনাথের কথাই বলছি। যাঁকে সারা বিশ্ব স্বামী বিবেকানন্দ নামে জানে। বারবার তিনি বলেছেন—‘‘নিজেকে কর্ম করার যোগ্য যন্ত্র করে তোলো।... হৃদয় ও মস্তিষ্কের যদি বিরোধ দেখ, তবে হৃদয়কেই অনুসরণ করো।’’ মানুষের এই দু’টি যন্ত্রই তাঁকে মানুষ করেছে। এক মস্তিষ্ক, যা দিয়ে সে বিচার করে আর দ্বিতীয়ত: হৃদয় যা তাঁকে বিবেচনা দেয়। এই দু’টির একটিও বাদ গেলে চলবে না। মস্তিষ্কসর্বস্ব মানুষের কোনও প্রয়োজন নেই। হৃদয়বান মানুষও তাঁর কাছে অপ্রয়োজনীয়। তাই আমাদের মনে রাখতে হবে— Three H ফর্মুলা। ‘Head, Heart and Hand'— স্বামীজি চেয়েছেন মস্তিষ্ক  জোগাবে বুদ্ধি, হৃদয় যোগাবে বোধ আর হাত অর্থাৎ দু’টি হাত কর্মে উদ্বুদ্ধ করবে। শুধুমাত্র বক্তৃতা সর্বস্ব হলে চলবে না। মানবিক বোধ দ্বারা কাজ, করতে হবে। কাজ কাজ আর কাজ। অক্লান্ত পরিশ্রম দ্বারা দূর করতে হবে সমাজের পাপ। সেই পাপ, যা মানুষকে পশ্চাদপদ করে রাখে, অন্ধ কুসংস্কারছন্ন করে রাখে, মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে।

প্রতি বছর ১২ জানুয়ারি দিনটা গভীর  শ্রদ্ধার সঙ্গে দেশ জুড়ে পালিত হয় ‘জাতীয় যুব দিবস’ হিসেবে। স্বামী বিবেকানন্দ ছিলেন যুবসমাজের এক আদর্শ প্রতিনিধিস্বরূপ। তাঁর অনন্ত জ্যোতি, অপরিমেয় মেধা, ধীশক্তি এবং প্রেমময়তা যুগে যুগে সমগ্র জাতিকে অফুরন্ত অনুপ্রেরণা জুগিয়ে গিয়েছে। সিমলেপাড়ার ‘বিলে’ থেকে স্বামী বিবেকানন্দে 'মহাউত্তরণ' আজও গোটা ভারতীয় জনমানসে গভীর অনুধ্যান এবং গবেষণার বিষয়। তাঁর মহাপ্রয়াণের পর কেটে গিয়েছে প্রায় সোয়াশো বছর। আজও স্বামীজীর বাণী ও ভাবাদর্শ সমাজের সর্বস্তরের মানুষকে গভীর ভাবে স্পর্শ করে যায়। অনন্য শৌর্য, বুকভরা সাহস এবং একইসঙ্গে অফুরান আত্মপ্রত্যয়ের সেরা নিদর্শন যেন স্বামীজির জীবন। তাঁর জীবনাদর্শ হয়তো সেই কারণেই সব প্রজন্মের কাছেই অনুসরণযোগ্য।

ধর্ম, সমাজ, শিক্ষা–সংস্কৃতি, নারীবাদ বা নারী জাগরণ, মানুষের অধিকার, বিশ্বজনীনতা, বিজ্ঞানমনস্কতা, মানবিকতা প্রভৃতি ক্ষেত্রে কোথায় স্বামী বিবেকানন্দের অবস্থান? এইসব প্রশ্ন নতুন করে উঠছে ও আলোচিত হচ্ছে। ফলে আরও গভীরভাবে বিবেকানন্দ চর্চা তথা অজানা বিবেকানন্দকে নতুন তথ্য ও বিশ্লেষণের আলোকে আবিষ্কার করা হচ্ছে। বিবেকানন্দের অবস্থান আরও সুস্পষ্ট ও উজ্জ্বল হয়ে উঠছে। 

এ দেশে ঔপনিবেশিক আমলে যে কেরানি তৈরির জীবনবিমুখ, নিয়মতান্ত্রিক শিক্ষার সূচনা হয়েছিল, স্বাধীনতার পর প্রায় সাত দশক অতিক্রম করেও তারই অনুবর্তন চলেছে। ছাত্রছাত্রীদের পড়াশোনা করার মূল উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে, কী ভাবে পরীক্ষায় সর্বাধিক নম্বর পাওয়া যাবে, তার কৌশল রপ্ত করা। আর শিক্ষকদের কাজ, অতি কম সময়ে যেন তেন প্রকারেণ সিলেবাস শেষ করা। ব্যতিক্রমী মাস্টারমশাইগণ যেভাবে এক জন সহৃদয়, দায়িত্ববান বন্ধুত্বপূর্ণ মানসিকতা-সম্পন্ন ছাত্রছাত্রী গড়ে তুলতেন তার অভাব এখন বড়ই প্রকট হয়ে দেখা দিয়েছে। ভাল মানুষ হতে না পারলে লিখতে, পড়তে, গুনতে বা যোগ করতে শিখে কোনও লাভ নেই। এই উপলব্ধি বর্তমানে সমগ্র শিক্ষাব্যবস্থায় সঞ্চারিত হওয়া প্রয়োজন। তাহলেই ছাত্রছাত্রীরা কেবল নম্বর প্রাপ্তির উদ্দেশ্যে পড়াশোনা না-করে, ভাল মানুষ হয়ে ওঠার শিক্ষালাভে সচেষ্ট হবে। এখন ‘কমন’ কথাটি ছাত্রছাত্রী এবং শিক্ষকমহলে বেশ জনপ্রিয়। গত বছর ফাইনালে যে প্রশ্ন‌ এসে গিয়েছে, সেই প্রশ্ন‌ ঠিক পরের বছরেই সাধারণত পড়ে না। তাই সেই বিষয়গুলি বাদ দিয়ে পরীক্ষার জন্য তৈরি হয় ছাত্রছাত্রীরা। ‘সাজেশন’-এর প্রশ্নগুলি পরীক্ষায় এসে গেলে তাকে ‘কমন’ বলা হয়। কে কত বেশি ‘কমন’ দিতে পারে, এই নিয়ে শিক্ষকদের মধ্যে চলে ঠান্ডা লড়াই। কিন্তু, বৃহত্তর অর্থে শিক্ষাব্যবস্থায় ‘সাজেশন’ বা ‘কমন’ ধরে পড়াশোনা করা কতটা শিক্ষা সহায়ক, তা ভাবা দরকার।

উত্তর-আধুনিক প্রজন্মের যুবসমাজে বিবেকানন্দের প্রভাব সত্যিই ঠিক কতটা, সংশয় জাগে। কারণ, ইদানীংকালে স্বামীজির আবির্ভাবলগ্নের মর্মার্থ অনুধাবন করতে সংখ্যাগরিষ্ঠই কেমন যেন উদাসীন, নির্লিপ্ত। দিনটাকে নিছকই আরও একটা ছুটির দিন হিসেবেই গণ্য করে মানুষ বেরিয়ে পড়ছেন বনভোজনে। কাছেপিঠের কোনও একটা জায়গায় জড়ো হয়ে শীতের দুপুরে দেদার হুল্লোড়বাজি, সঙ্গে দোসর উৎকট উৎসবের আতিশয্য। শব্দদানব থুড়ি, ডিজে বক্সের উচ্চগ্রামের আওয়াজে কানে তালা ধরে যাওয়ার জোগাড়! স্বামীজির ১৬৩তম জন্মদিনে ছবিটা কি কিছুমাত্র বদলাবে? সত্যিই নিশ্চিত নই। এ সমস্ত দেখে লজ্জা হয়! যুগোত্তীর্ণ ওই মহামানবের কি আমাদের কাছ থেকে শুধু এটুকুই পাওয়ার ছিল?

ধর্মকে নিয়ে যুদ্ধ ও হানাহানির শেষ নেই। গোটা দুনিয়ায় আজও বহু মানুষ তাদের নিজস্ব আশ্রয়ের খোঁজে দিশেহারা। আজ শুধু ধর্ম নয় রাজনীতি, সমাজ, শিক্ষা, সংস্কৃতি সব জায়গাতেই অবক্ষয়ের পদচিহ্ন স্পষ্ট। এই সঙ্কটের সময়ে আমাদের শরণ নিতে স্বামী বিবেকানন্দের। বাস্তবে রূপ দিতে হবে  ‘যদি কেহ এরূপ স্বপ্ন দেখেন যে, অন্যান্য ধর্ম লোপ পাইবে এবং তাঁহার ধর্মই টিকিয়া থাকিবে,  তবে তিনি বাস্তবিকই কৃপার পাত্র; তাঁহার জন্য আমি আন্তরিক দুঃখিত,  তাঁহাকে আমি স্পষ্টভাবে বলিয়া দিতেছি,  তাঁহার ন্যায় লোকেদের বাধাপ্রদান সত্ত্বেও শীঘ্রই প্রত্যেক ধর্মের পতাকার উপর লিখিত হইবে—‘বিবাদ নয়,  সহায়তা;  বিনাশ নয়,  পরস্পরের ভাবগ্রহণ;  মতবিরোধ নয়,  সমন্বয় ও শান্তি-র’।  

Comments

Popular posts from this blog

খবরের কাগজে মোড়া খাবার খেয়ে কী বিপদ ডাকছেন?

নমন্তি গুণিনো জনাঃ