মেদিনীপুরে নেতাজি
নেতাজির ছিল একটা নিজস্ব ভিশন। তিনি জানতেন, কীভাবে দেশগঠন
করতে হয়। চারিদিকে ধূসর অন্ধকার আর রাজনৈতিক দূষণের মধ্যে তিনি আজও এক অকম্পিত
প্রদীপ। নেতাজি বুঝেছিলেন, পৃথিবীর ইতিহাস বদলাচ্ছে। সেই
পরিবর্তিত ইতিহাসের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে স্বাধীনতা সহজলভ্য হবে না।
১৯৩৯ -এ সেপ্টেম্বরে ইউরোপে শুরু হল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সেই স্বাধীনতা যুদ্ধকে
ভারতের স্বাধীনতা আন্দোলনের কাজে লাগানোর পরিকল্পনা নেন তিনি। নেতাজি জানতেন,
বিশ্বযুদ্ধের আঁচে বিশ্বের প্রায় সব দেশই কম-বেশি বিধ্বস্ত। যুদ্ধ
শেষ হলেই প্রত্যেকেই নতুন করে শুরু করবে নিজেদের দেশগড়ার কাজ।
স্বপ্নদর্শী নেতাজি মেদিনীপুর জেলায় প্রথমবার আসেন ২৯ ডিসেম্বর ১৯২৯।
মেদিনীপুর শহরে যুব সম্মেলনে ভাষণ দেন।
“ আজ আপনারা মেদিনীপুর জেলায় যুব-সম্মিলনীর আয়োজন করিয়াছেন এবং আমাকে সভাপতি পদে বরণ করিয়াছেন। আমিও সানন্দে আপনাদের নিমন্ত্রণ গ্রহণ করিয়াছি। কিন্তু এই সম্মিলনীর আয়োজন যখন আপনারা করেন, তখন কি একবার ভাবিয়াছিলেন কেন আপনারা রাষ্ট্রীয় সম্মিলনের পরিবর্তে যুব-সম্মিলনী আহ্বান করিতেছেন? আজকাল দেশ-বিদেশে এত প্রতিষ্ঠান ও আন্দোলন থাকিতে-যুব আন্দোলন আবার আরম্ভ হইল কেন? ইহার কারণ নির্দেশ করা খুবই সহজ। পারিপাশ্বিক অবস্থার চাপ, বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দের উপর বীতশ্রদ্ধ ভাব এবং নতুন কর্মের ও নতুন সৃষ্টির আকাঙ্খা—এই সব কারণের সংমিশ্রণের ফলে যুব-আন্দোলনের উৎপত্তি।….. যাঁহারা মনে করেন যে যুব-আন্দোলন সাগর পারের সামগ্রী—তার জন্ম ১৮৯৭ খ্রিস্টাব্দে এবং তার জন্মদাতা জার্মানীর Carl Fischer (কার্ল ফিসার) তাহারা কিছুই জানেন না। এই পৃথিবীতে জরা বার্ধক্য যত দিন আছে যুব-আন্দোলনও ততদিন আছে। তবে বর্তমান যুগে যুব-আন্দোলন বিরাট ও বিশিষ্ট রপ ধারণ করিয়াছে এবিষয়ে কোনও সন্দেহ নাই। যুব-আন্দোলনের পশ্চাতে একটা মহান আদর্শবাদ আছে। এ আদর্শবাদ নূতন হইলেও বহু, পুরাতন; যুগে যুগে এই আদর্শবাদই মানুষের প্রাণকে সঞ্জীবনী সুধায় ভরপুর করিয়া নূতন জীবন ও নূতন শক্তি দান করিয়াছে।…. মানুষের সমস্ত প্রাণ যদি উদ্বুদ্ধ করিতে হয়—তাহার প্রত্যেক রক্তবিন্দুর মধ্যে যদি মৃতসঞ্জীবনী সুধা ঢালিতে হয়—তাহার অন্তর্নিহিত সমস্ত শক্তির স্ফুরণ যদি ঘটাইতে হয়—তাহা হইলে একটা মহত্তর আদর্শের আস্বাদ তাহাকে দেওয়া চাই। খ্রিস্টীয়দের “বাইবেল”-এ (Bible) একটা কথা আছে—men do not live by bread alone—শুধ, উদর পূরণের দ্বারা মানুষ বাঁচিয়া থাকিতে পারে না। তার জীবনধারণের জন্য অন্যরকম খোরাকেরও প্রয়োজন আছে। মানুষ জানিতে চায় তার জীবনের উদ্দেশ্য—সে কেন বাঁচিয়া আছে তার জীবন ধারণের সার্থকতা কিসে। এ প্রশ্নের উত্তর সে যদি ঠিকমত না পায়—তাহা হইলে সে জীবনের শক্তি পায় না- নিজের জীবন ব্যর্থ বলিয়া মনে করে এবং অন্তরের সব শক্তির উন্মেষ সাধন করিতে পারে না। কিন্তু এ আদর্শের অনুভতি ও আস্বাদ জোর করিয়া কেহ দিতে পারে না। অনুভূতি ও আস্বাদ নিজে যে পায় নাই—সে অপরকে তাহা কি করিয়া দিবে?”
দ্বিতীয়বার ১৯৩১-এ
খড়গপুর
অসহিষ্ণু ব্রিটিশ সরকার বহু স্বাধীনতা সংগ্রামীদের বন্দী করে।
যাদের সাধারণ জেলে রাখার জায়গা সংকুলান না হওয়ায় বাংলার বক্সার, বহরমপুর ও হিজলিতে
১৯৩০-এ সশস্ত্র বিপ্লবীদের রাখার জন্য গড়ে ওঠে বন্দীনিবাস। এই বন্দীনিবাসে বিভিন্ন
সময়ে পুরুষ স্বাধীনতা সংগ্রামীদের পাশাপাশি থেকেছেন ইন্দুমতী সিংহ, লীলা নাগ, বিমল
প্রতিভাদেবী, কল্যাণী দাস, বনলতা দাসগুপ্ত, কমলা দাসগুপ্ত, প্রতিভা ভদ্র, সরোজ আভা
নাগ প্রমুখ মহিলা স্বাধীনতা সংগ্রামী। বন্দীনিবাসে নিম্নমানের খাবার, পুলিশের অমানবিক
আচরণ নিয়ে একধরণের অসন্তোষ তৈরি হয়েছিল। ১৫ সেপ্টেম্বর ১৯৩১ বন্দীনিবাস থেকে পালিয়ে
যায় ফণি দাস, চিন্তামণি দাস সহ তিনজন বন্দী। ১৬ সেপ্টেম্বর ১৯৩১ হিজলী জেলে রাত্রি
প্রায় সাড়ে ন’টা, হটাৎ বেজে উঠল জেলের পাগলা ঘণ্টা। প্রায় ৫০ জন বন্দুকধারী পুলিশ এবং
২৫ জন সিপাহী ঘিরে ফেলল বন্দীনিবাস। বন্দীদের কামরায় ঢুকে চালাতে শুরু করল গুলি। দুই
বন্দী সন্তোষ কুমার মিত্র ও তারকেশ্বর সেনগুপ্ত গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন এবং প্রায়
২০ জন বন্দী গুরুতরভাবে আহত হলেন।
এই ঘটনা সরকার সর্বতোভাবে চেষ্টা করে যাতে কোনোভাবে বাইরের কেউ
জানতে না পারে। ১৭ সেপ্টেম্বর বন্দী কালিবিলাস ও শ্রীমন্ত ভট্টাচার্যের মা দেখা করার
জন্য গেলে চিঠির মাধ্যমে ১৬ সেপ্টেম্বর রাতের ঘটনা জানতে পারেন.২ ১৮ সেপ্টেম্বর
আনন্দবাজার ও স্টেটসম্যান পত্রিকায় প্রকাশিত সংবাদের মাধ্যমে জানতে পারেন কংগ্রেসের
জাতীয় নেতৃবৃন্দ। পোস্টমর্টেমের পর নিহত সন্তোষ কুমার মিত্র ও তারকেশ্বর সেনগুপ্তের
মৃতদেহ হাসপাতাল থেকে নেওয়ার জন্য এলেন প্রাদেশিক কংগ্রেস সভাপতি সুভাষচন্দ্র বসু ও
কংগ্রেস নেতা যতীন্দ্রমোহন সেনগুপ্ত, নৃপেন্দ্র ব্যানার্জি। এই কাপুরুষোচিত ঘটনা সর্বস্তরের
মানুষকে গভীরভাবে বিচলিত করেছিল। দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। নেতাজি সুভাষচন্দ্র বসু
বলেছিলেন, “ এই নির্মম ঘটনার কোনও কারণ দেখা যায় না। ঘরের ভিতরে প্রবেশ করে গুলি বর্ষণের
কী কারণ ছিল? বন্দীরা সাধারণ দুষ্কৃতকারী ছিলেন না। তাঁরা ছিলেন সমাজের উচ্চ চরিত্রের
ব্যক্তি। আন্তর্জাতিক নীতি অনুসারে যুদ্ধ বন্দীদের জন্য প্রযোজ্য সম্মান তাঁদের প্রাপ্য”।
এই
ঘটনায় গর্জে উঠেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
২৬শে সেপ্টেম্বর ১৯৩১-এ কলকাতার, মনুমেন্ট এর নিচের সমাবেশ থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান তিনি। হিজলী জেলে বন্দীদের উপর কারারক্ষীদের গুলি চালনার ঘটনায় রবীন্দ্রনাথ বক্তৃতা দিয়েছিলেন এবং “প্রশ্ন” কবিতা লিখেছিলেন।
স্বাধীনতার
বীর সেনানীদের শ্রদ্ধা জানাতে আই আই টি কতৃপক্ষ ৩ আগস্ট ১৯৯০ বন্দীনিবাসকে নেহেরু মিউজিয়াম
অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে রূপান্তরিত করেন। ১৯৯৭য় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বর্ষে
১৬ সেপ্টেম্বর কাপ্টেন লক্ষ্মী সেহগল–র উপস্থিতিতে বন্দীনিবাসের নতুন নাম হয় হিজলী
শহীদ ভবন। যা আজও দাঁড়িয়ে আছে দেশপ্রেমের প্রতীক, ভারতবর্ষের মুক্তি আন্দোলনের স্মৃতি
সৌধরূপে।
হরিপুরা কংগ্রেসে সভাপতি হওয়ার পর নেতাজি ১১ এপ্রিল তমলুকে আসার
জন্য হাওড়া থেকে ট্রেনে পাঁশকুড়ায় আসেন। তমলুক পাঁশকুড়া রাজ্য সড়ক ধরে যাওয়ার পথে স্বাধীনতা
সংগ্রামী শ্যামদাস ভট্টাচার্যের মা ইন্দুমতী ভট্টাচার্যের অনুরোধে তাঁর বাড়ির সামনে
একটি ছোট জনসভায় বক্তব্য রাখেন। তমলুকে তখনকার মহকুমা কংগ্রেসের
সম্পাদক সতীশচন্দ্র চক্রবর্তীর বাড়ি বৈকুণ্ঠধামে যান। ওই দিন হ্যামিল্টন স্কুল ও হাসপাতাল
মাঠে সভা করার কথা থাকলেও ব্রিটিশ পুলিশের বাধায় তা করতে পারেননি। তবে নেতাজীর সভা
আটকানো যায়নি। তাম্রলিপ্তের তৎকালীন রাজা সুরেন্দ্রনারায়ণ রায় নিজের বাগানের গোলাপ
ও আম গাছ কেটে সভা করার জায়গা করে দিয়েছিলেন। তিনি বর্গভীমা মন্দির এবং তাম্রলিপ্ত
পৌরসভা গিয়েছিলেন। ওইদিন তমলুক রামকৃষ্ণ মিশনে যান। মিশনের ভিজিটর‘স বুকে মন্তব্য
লেখেন।
তমলুকে আসিয়া রামকৃষ্ণ সেবাশ্রম পরিদর্শন করিবার সুযোগ পাইয়া বিশেষ আনন্দিত
হইলাম। যেরূপ শৃঙ্খলা ও পরিচ্ছন্নতার সহিত জনসেবা করা হয় তাহা প্রশংসনীয়। প্রত্যেক
শহরে যদি এইরূপ প্রতিষ্ঠান থাকিত তাহা হইলে কত উপকার না হইত। এই প্রতিষ্ঠানের সর্ব্বাঙ্গীন
উন্নতি আমি কামনা করি।
তমলুক শ্রীসুভাষচন্দ্র
বসু
১১/৪/৩৮
এর পর কাঁথির পথে ভগবানপুর থানার ভুপতিনগরে যান। থানাবাসীর পক্ষ
থেকে তাঁকে অভিনন্দন জ্ঞাপন করা হয়।
রাষ্ট্রপতি
সুভাষচন্দ্রের করকমলে
হে
তরুণ ভারতের অগ্রদূত, হে ত্যাগী সন্ন্যাসী, হে কঠোর কর্মবীর,
নবীন
বঙ্গের ঊষার আলো জ্বালিয়ে প্রদীপ্ত ভাস্করের মত তুমি আজ মুক্তিকামী ভারতের
মধ্যাহ্ন গগনে বিরাজমান; নিখিল ভারত আজ তারুণ্যের সম্মান অক্ষুন্ন রেখে তোমায়
রাষ্ট্রপতির পদে সুপ্রতিষ্ঠিত করেছে। এ হেন মহান অতিথিকে আজ আমাদের এই মেদিনীপুর
জেলার নিভৃত পল্লীতে অভিনন্দিত করবার সুযোগ লাভ করে আমরা নিজেদের গৌরবান্বিত মনে
করছি।
স্বদেশের
প্রতি কর্তব্যপালনে, প্রতিভা ও জ্ঞানের গৌরবে এবং চরিত্রের বৈশিষ্ট্যে তুমি
ছাত্রগণের আদর্শ। তোমার উপদেশবাণী আজ আমাদিগকে ধ্রুবতারার মত পথ প্রদর্শন করুক।
ভারতের সনাতন আদর্শ—অহিংসা, প্রেম ও সত্যের সাধনা আজ তোমার অনুপ্রেরণায় তেত্রিশ
কোটি নরনারীর একান্ত কাম্য হোক।
আমরা
আবার আমাদের হৃদয়ের গভীরতম প্রদেশ হতে তোমায় অভিনন্দিত করছি।
বন্দেমাতরম্।
শ্রদ্ধাবনত
ভগবানপুর
ও পটাশপুর থানার ছাত্রবৃন্দ।
মুগবেড়িয়া
১২ই এপ্রিল, ১৯৩৮
প্রায় দশ হাজার মানুষের উপস্থিতিতে অভিনন্দনের
উত্তরে জেলা কংগ্রেসকে শক্তিশালী করার আহ্বান জানান। এর পাশাপাশি সাম্প্রদায়িক ঐক্য
এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। এর পর পরিদর্শন করেন মুগবেড়িয়া গঙ্গাধর
হাইস্কুল।
পথে খেজুরি থানার জরানগর গ্রামে (বর্তমান নাম সুভাষপল্লী) অবস্থান
করেন। নেতাজীকে স্বাগত জানান জাতীয় শিক্ষক শ্রীঈশ্বরচন্দ্র প্রামাণিক(জাতীয় শিক্ষক
১৯৬৪)। দুপুরে কাঁথি পৌঁছে প্রভাত কুমার কলেজের(প্রতিষ্ঠা-১৯২৬)
প্রতিষ্ঠাতা বিশ্বম্ভর দীন্ডার বাড়িতে দুপুরের খাওয়ার পর কাঁথি জাতীয় বিদ্যালয়ে বিকেল
চারটায় জনসভায় যোগ দেন। জাতীয় বিদ্যালয় কর্তৃপক্ষকে বিদ্যালয়ের ছাত্রদের দেশসেবক, স্বাবলম্বীরূপে
গড়ে তোলার পরামর্শ দেন। সেখান থেকে এগরা থানার বালিঘাইতে ধাওয়াদের তালবাগানে অনুষ্ঠিত
সভায় আবেগদীপ্ত ভাষণ দেন। আন্তর্জাতিক পরিস্থিতি বিশ্লেষণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি
সুরক্ষা, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্বাধীনতার স্বপক্ষে তীব্র গণ সংগ্রামের
প্রয়োজনীয়তা, সকল শ্রেণির মানুষ বিশেষ করে যুব সমাজকে আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনের
জন্য উদাত্ত আহ্বান জানান। রাতে চৈতন্য চরণ ধাওয়ার বাড়িতে খাওয়ার পর কলকাতার উদ্দেশ্যে
যাত্রা করেন।
১৭মে ১৯৩৮ চতুর্থবার, ১৮মে ঘাটাল-এ জনসভা।
১৭ মে রাতে পুরুলিয়া প্যাসেঞ্জার ট্রেনে মেদিনীপুরে আসেন। স্টেশনে
স্বাগত জানান নাড়াজোলের রাজা দেবেন্দ্রলাল খান। দেবেন্দ্রলাল খানের বাড়িতে আতিথ্য গ্রহণ
করেন। পরদিন ১৮ মে দেবেন্দ্রলাল খানের গাড়িতে মেদিনীপুর শহর থেকে ঘাটালের জনসভার উদ্দেশ্যে
যাত্রা করেন। বিকেল চারটা নাগাদ সৎসঙ্গ স্কুল মাঠের জনসভায় প্রায় চল্লিশ মিনিট ভাষণ
দেন। সেদিনের বক্তব্যের মূল বিষয় ছিল- ব্রিটিশের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম, হিন্দু
মুসলমান ঐক্য, জাতীয় ও আন্তর্জাতিক সংকট, দেশবাসীর ত্যাগ, সেবা, স্বদেশপ্রেমের মাধ্যমে
স্বাধীনতা আন্দোলনের পাশাপাশি নব ভারত গঠনের উদাত্ত আহ্বান।
শেষেরবার ১১ মে ১৯৪০, ১২ মে ঝাড়গ্রাম-এ জনসভা
১১ মে শনিবার কলকাতা থেকে ট্রেনে মেদিনীপুর আসেন সুভাষচন্দ্র
বসু। নাড়াজোলের রাজার মেদিনীপুরে গোপ প্রাসাদে রাত্রিযাপন করেন। পরদিন কুমার দেবেন্দ্রলাল
খানের সঙ্গে ঝাড়গ্রামের জনসভায় যান। তখনও সুভাষচন্দ্র বসু ‘নেতাজি’ হননি। নাড়াজোলের কুমার
দেবেন্দ্রলাল খানের আয়োজনে অবিভক্ত মেদিনীপুরে সেটিই ছিল সুভাষচন্দ্রের শেষ জনসভা।
ওই সভায় সুভাষচন্দ্র ঘোষণা করেছিলেন, ‘আপস নয়, সংগ্রাম ও ত্যাগের পথেই স্বরাজ আসবে’।
এখন যেটা অরণ্যশহরের দুর্গা ময়দান, ৮১ বছর আগে সেটার নাম ছিল লালগড় মাঠ। সে দিন সকালে
মেদিনীপুর থেকে দেবেন্দ্রলাল খানের গাড়িতে ধেড়ুয়া হয়ে ঝাড়গ্রামে এসেছিলেন সুভাষচন্দ্র।
ঝাড়গ্রাম আসার পথে দহিজুড়িতে বিশাল তোরণ বানিয়ে সুভাষচন্দ্রকে অর্ভ্যথনা জানানো হয়েছিল।
আরও কিছু কর্মসূচি সেরে ঝাড়গ্রাম কোর্টে বার লাইব্রেরিতে আইনজীবীদের সঙ্গে সৌজন্য বৈঠকের
পর বিকেল সাড়ে চারটা নাগাদ সভাস্থলে পৌঁছেছিলেন সুভাষচন্দ্র। তার আগে ঝাড়গ্রামের শান্তিনিকেতন
হোটেলে মধ্যাহ্নভোজ সেরেছিলেন। সভা সেরে ওই রাতেই ঝাড়গ্রাম স্টেশন থেকে হাওড়ার ট্রেন
ধরেছিলেন সুভাষচন্দ্র।
যথার্থ দেশনায়ক হিসাবে নেতাজির যথাযথ
মূল্যায়ন আজও হয়নি
নেতাজি সুভাষ অসম্ভবকে সম্ভব করতে চেয়েছিলেন, জীবন
তুচ্ছ করে স্বাধীনতা চেয়েছিলেন। তাঁর তুলনীয় স্বপ্নদর্শী নেতা পরাধীন বা স্বাধীন
ভারতে খুঁজে পাওয়া ভার। স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে সুভাষচন্দ্র ‘সেরা দেশপ্রেমিক’, বলে গেছেন স্বয়ং মহাত্মা গান্ধী।
বলেছেন, সুভাষ একাই দেশকে শিখিয়েছেন, কী
ভাবে ‘শ্রেণি-সম্প্রদায় নির্বিশেষে আত্মত্যাগ ও ঐক্য’
তৈরি করতে হয়।
বিখ্যাত ঐতিহাসিক রামচন্দ্র গুহ বলেছেন, “ আমরা বাঙালিরাই কি জানি, এক
তরুণের স্বপ্ন ছাড়া নেতাজির লেখালিখির বিষয়ে? আমাদের যাবতীয় আগ্রহ তো বিমান
দুর্ঘটনার সত্যাসত্য তাঁর কাল্পনিক প্রত্যাবর্তনের মধ্যেই সীমাবদ্ধ থেকে গিয়েছে।
পড়া তো দূরস্থান, অধিকাংশই খবর রাখি না যে দি এসেনশিয়াল রাইটিংস অব সুভাষচন্দ্র
বোস নামে মোট বারো খণ্ডে সুভাষচন্দ্রের যাবতীয় লেখালিখি প্রকাশিত হয়েছে। নেতাজির
এই বিপুল পরিমাণ মৌলিক লেখার খোঁজ রাখার প্রয়োজন কি আমাদের নেই?”
নেতাজীর
সাহিত্যভাবনার কথা জানা যায় একটি চিঠি থেকে। ৩ জুলাই ১৯২৫ মান্দালয় জেল থেকে
দক্ষিণ কলিকাতা সেবক-সমিতির হরিচরণ বাগচিকে লেখা একটি চিঠিতে জাতীয় জীবন-গঠনে
লাইব্রেরির গুরুত্ব সম্পর্কেও কথা বলতে গিয়ে বুঝিয়েছেন, স্বল্প আয়োজনেও কী ভাবে
একটি আদর্শ গ্রন্থাগার গড়ে তোলা দরকার। লিখছেন: লাইব্রেরির জন্য এলোমেলো ভাবে
কতকগুলো বই সংগ্রহ না করিয়া একটা মেথড অনুসারে বই সংগ্রহ করা দরকার। এই ‘মেথডটি
কেমন হতে পারে, তা বলতে গিয়ে বলেছেন, ‘সর্বাগ্রে বাংলা, ইংরাজি এবং ইউরোপীয়
(কন্টিনেন্টাল) সাহিত্যের নামকরা বই সংগ্রহ করিবে। তারপর ভারতের ইতিহাস, ইংলন্ডের
ইতিহাস এবং পৃথিবীর সকল দেশের ইতিহাসের বই সংগ্রহ করিবে। তারপর বিজ্ঞান সম্বন্ধীয়
পুস্তক এবং মহাপুরুষের জীবনী সংগ্রহ করিয়ো। সঙ্গে সঙ্গে অর্থ ও রাজনীতি, কৃষি ও
বাণিজ্য সম্বন্ধীয় বই সংগ্রহের চেষ্টা করিয়ো। যদি একসঙ্গে সব রকম বই সংগ্রহ করিতে
পারো, তাহা হইলে ভালো হয়। মোট কথা, প্রত্যেক বিষয়ের অন্তত কতকগুলি বই রাখা চাই—
যাহাতে যে কোনো রুচির লোক আসুক না কেন, সে পড়িবার বই পাইবে।’
ওই
মান্দালয় জেলে বসেই, ১৯২৬ সালের মে মাসে কোনও জাতি কী ভাবে সাম্রাজ্য প্রতিষ্ঠা
করার স্বপ্ন দেখতে পারে, সেই কথা ভাবতে গিয়ে বলেছিলেন জাতীয়-মনে থাকতে হবে ‘লাভ
ফর অ্যাডভেঞ্চার ফর ইটস ওন সেক’। সেই অভিযানপ্রিয়তার এক দিকে থাকবে স্বজাতিপ্রীতি
আর শরীরচর্চা আর শেষে দীর্ঘ আলোচনা করে বলেছিলেন ‘জ্ঞানরাজ্যে ঠিক এই রকম
অ্যাডভেঞ্চারের প্রয়োজন’। পাঠক সুভাষচন্দ্র জ্ঞানরাজ্যের এমনই এক অভিযাত্রী।
বাঙালি বলে তাঁকে নিয়ে উৎসব করার সঙ্গে তাঁকে জানার দায়িত্ব কি আমাদের নেই?
এক জন যথার্থ দেশনায়ক হিসাবে নেতাজির যথাযথ মূল্যায়ন যে আজও হয়নি, তার জন্য কেবল
সে কালের আর্যাবর্তীয় রাজনৈতিক নেতারাই নন—আমরা, তাঁর স্বজাতীয়রাও কম দায়ী নই।
জাতি হিসাবে বাঙালির আত্মবিস্মৃতির এর থেকে বড় নজির আর কী-ই বা হতে পারে?
ঋণ ও তথ্যসূত্র:
১. স্বাধীনতা সংগ্রামে মেদিনীপুর
দ্বিতীয় খণ্ড – বসন্ত কুমার দাস।
২. স্বাধীনতা সংগ্রামে মেদিনীপুর
তৃতীয় খণ্ড – ডাঃ রাসবিহারী পাল ও অধ্যাপক হরিপদ মাইতি।
৩. তথ্যচিত্র Hijli Detention
Camp to IIT- An Untold Saga
৫. তরুণের স্বপ্ন – সুভাষচন্দ্র
বসু , আনন্দ পাবলিশার্স।
৬. শতবার্ষিকী স্মারক গ্রন্থ
- তমলুক রামকৃষ্ণ মিশন (২০১৪)।
৭. ড. হরিপদ মাইতি, অবসরপ্রাপ্ত
অধ্যক্ষ, মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয়।
৮. এই সময় – ২৩ জানুয়ারি ২০২১।
Comments
Post a Comment