পরিবেশের জন্য বিকল্প প্রোটিন এবং বদলাতে হবে ফ্যাশানের ভাবনাও
প্রোটিনের
চাহিদা বিশ্ব জুড়ে বাড়ছে। একটা কারণ মানুষের
মাংস আর দুধ প্রীতি। আরেকটা কারণ জনসংখ্যা বৃদ্ধি। এদিকে এই চাহিদার জোগান দিতে গিয়ে
প্রাণী পালন বাড়ছে। প্রাণী পালনে পৃথিবীর অসুস্থতা বাড়ছে। মাংস ও দুধের জন্য পালন করা
প্রাণীদের খাদ্য জোগাতে কৃষিজমি ও বন ধ্বংস হয়। জীববৈচিত্র নষ্ট হয়। দূষণ ও বর্জ্য
বাড়ে। জলবায়ু পরিবর্তনের সঙ্কটের কারণ হয়। এই ক্ষতি ঠেকাতে বিকল্পের সন্ধানে ছিলেন
বিজ্ঞানীরা। বিকল্পের সন্ধান মিলেছে বলে জানাচ্ছে রাষ্ট্রপুঞ্জের পরিবেশ প্রকল্প বিভাগ
(ইউএনইপি)।
গত
বছরের ৮ ডিসেম্বর রাষ্ট্রপুঞ্জের জলবায়ু পরিবর্তন
সম্মেলনে একটি প্রতিবেদন পেশ করা হয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে, জনপ্রিয় প্রাণীজ
প্রোটিনের বিকল্প হতে পারে গবেষণাগারে তৈরি মাংস বা গাঁজানো ছত্রাক, শৈবাল। প্রতিবেদন
অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে বিশ্বের প্রচলিত দুধ ও মাংসের বাজারের অর্ধেক দখল করে নেবে
এই বিকল্প প্রোটিন।
মাংস
ও দুধের বিকল্প খাবারগুলো কী? উদ্ভিদ থেকেও তৈরি করা হবে এই খাবার। আবার জীবন্ত প্রাণীর
কোশ নিয়ে তা গবেষণাগারে বৃদ্ধি করে তৈরি করা হবে। এছাড়াও ইস্ট, ছত্রাক এবং শৈবাল গাঁজিয়ে
তৈরি করা হবে প্রোটিন সমৃদ্ধ খাবার। মানুষের প্রোটিনের বিকল্প উৎস হবে এই খাবার। প্রতিবেদনে
দু'ধরনের পদ্ধতিতে খাবার তৈরির কথা বলা হয়েছে। 'বায়োমাস ফার্মেন্টেশন' এবং 'প্রিসিসন
ফার্মেন্টেশন'। প্রথম পদ্ধতিতে প্রোটিন সমৃদ্ধ এবং দ্রুত বৃদ্ধি পাওয়া অণুজীব গাঁজিয়ে
খাবার তৈরি হবে। এই খাবারগুলো হবে প্রোটিন সমৃদ্ধ। দ্বিতীয় পদ্ধতিতে অণুজীবের অংশ নিয়ে
তৈরি হবে। এগুলোর সাহায্যে চূড়ান্ত পর্যায়ে খাবারে গন্ধ, ভিটামিন ও স্নেহ পদার্থ যোগ
করা যাবে।
কেমন
হবে বিকল্প খাবারের স্বাদ? গত কয়েক বছরে বেশ কিছু দেশ ও সংস্থা বিকল্প খাবারের উন্নতিতে
এবং বিপণনে কোটি কোটি ডলার বিনিয়োগ করেছে। বিশ্বে উদ্ভিদজাত মাংসের খুচরো বাজারের মূল্য
২০২১ সালে ছিল ৫৬০ কোটি ডলার। এই পণ্যের কিছু কিছু দেখতে, আকারে এবং গন্ধে প্রচলিত
মাংসের মতোই। তবে সব ক্রেতা এই বিকল্প মাংসের স্বাদে প্রভাবিত হননি।
মাংস
ও দুধের বিকল্প খোঁজার দরকার হল কেন? বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটি ছুঁয়েছে। ২০৫০ সালের
মধ্যে বিশ্বে মাংসের চাহিদা ৫০ শতাংশ বাড়বে। প্রাণীজ প্রোটিন আমাদের গুরুত্বপূর্ণ পুষ্টি
দেয়। কিন্তু এই মাংসের উৎপাদনে পরিবেশের বেশ কিছু ক্ষেত্রে ক্ষতি হয়। গ্রিন হাউস গ্যাস
উৎপন্ন হয়, অরণ্য কমে, জীববৈচিত্র নষ্ট হয়।
সর্বোপরি দূষণ বাড়ে। জলবায়ু পরিবর্তনে ডেয়ারি ও মাংস শিল্পের অবদান যথেষ্ট। এটা বিজ্ঞানীরাই
জানাচ্ছেন। মাংস ও দুধ উৎপাদন করতে প্রচুর জমি লাগে। কৃষি ক্ষেত্রের গ্রিনহাউস গ্যাস
উৎপাদনের দুই তৃতীয়াংশ আসে মাংস আর দুধের খামারগুলো থেকে। জলবায়ু পরিবর্তনে গ্রিন
হাউস গ্যাসের প্রভাব বেশি। মাংস ও দুধ উৎপাদনে যেমন গ্রিনহাউস গ্যাস উৎপন্ন হয়, তেমনই জমির পরিমাণ কমে। এর পাশাপাশি সভ্যতাকে
ঠেলে দেয় জল সংকটের দিকে। প্রাণিজ খাবার উৎপাদনে বেশি জল
লাগে। ওয়াটার ফুট প্রিন্ট অনুসারে এক কেজি
গরুর মাংস, এক কেজি ভেড়ার মাংস, এক কেজি মুরগির মাংস, এক লিটার দুধ, একটি ডিম উত্পাদন
করতে যথাক্রমে ১৫৪১৫, ১০৪১২, ৪৩২৫, ১০২০, ১৯৬ লিটার জল লাগে। অন্যদিকে এক কেজি আলু,
এক কেজি বাঁধাকপি, এক কেজি টম্যাটো উৎপাদন করতে যথাক্রমে ২৮৭, ২৩৭, ২১৪ লিটার জল লাগে।
তালিকা থেকে স্পষ্ট প্রাণীজ প্রোটিন উৎপাদনে জলের
বেশি পরিমাণে লাগে। উৎপাদকেরা ভেবে দেখেন না কতটা জল তোলা হল। বা খোঁজ নেন না ওই এলাকা ভূগর্ভস্থ জলের নিরিখে সঙ্কটজনক
কি না। এও দেখা যায় সংশ্লিষ্ট উৎপাদকের কলে আর জল উঠছে না। করুণ মুখে দেখেন,
রাস্তা দিয়ে ভ্যানে করে চলেছে জলের জার। কিনতে পারলে তবেই মিটবে তেষ্টা। না মেটাতে
পারলে প্রতি বছর পানীয় জলের সমস্যায় মৃত দু’লক্ষ মানুষের সংখ্যাটা আরও বাড়বে সুতরাং পরিবেশ বাঁচাতে আমাদের গবেষণাগারে তৈরি
বিকল্প মাংস ও দুধের ব্যবহার বাড়াতে হবে।
দুধ
আর মাংসের এই নতুন বিকল্প পরিবেশের পক্ষে কতটা সহায়ক? ইউএনইপি জানাচ্ছে, এখনও আরও গবেষণা
প্রয়োজন। কিন্তু প্রাথমিক ভাবে দেখা গিয়েছে, প্রচলিত দুধ ও মাংসের থেকে বিকল্প উৎপাদন
পরিবেশ ও মানব স্বাস্থ্যের পক্ষে তুলনামূলক ভাল। বিশেষ করে কার্বন নির্ভর শক্তি ব্যবহার
না করে এর উৎপাদন হলে ভাল। রাষ্ট্রপুঞ্জে প্রতিবেদনে একটা তুলনামূলক পরিসংখ্যান রয়েছে।
তাতে দেখা গিয়েছে, গরু, শুয়োর বা মুরগির মাংসের জোগানের থেকে উদ্ভিদ নির্ভর প্রোটিন
পণ্যে ৯৭ শতাংশ জমি কম লাগে। বিদ্যুৎ খরচ ৩০-৩৫ শতাংশ কম হয়।
কার্বন নির্গমনের আরও একটি বড় কারণ হল
ভোগ্যদ্রব্যের মাত্রাহীন ব্যবহার। পুঁজিপতি এবং বৃহৎ ব্যবসায়ীরা আরও বেশি মুনাফা অর্জনের
তাগিদে মানুষের সামনে নিত্যনতুন নয়া ভোগ্যদ্রব্যের পসরা সাজিয়ে কৃত্রিম এক চাহিদা তৈরি
করছে। অনেক ক্ষেত্রেই এই ভোগ্যদ্রব্যগুলি ব্যবহার করলে প্রচুর পরিমাণে কার্বন বাতাসে
মেশে। ভোগবাদের এই চরম অবস্থাকে আটকানো বা কমানোর কোনও উদ্যোগই চোখে পড়ছে না।
গ্রিনহাউস গ্যাস নির্গমন
এবং বিশ্ব উষ্ণায়নের প্রভাব কমিয়ে আনার জন্য পরিবর্তন করা দরকার সারা পৃথিবী জুড়ে জমির
ব্যবহারে, চাষাবাদে এবং মানুষের খাদ্যে। জলবায়ুর পরিবর্তন এবং জমি নিয়ে ‘ইন্টারগভার্নমেন্টাল
প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ’ (আইপিসিসি)-এর একটি বিশেষ রিপোর্ট জানাচ্ছে জলবায়ু পরিবর্তনের
প্রভাব প্রশমিত করার জন্য উদ্ভিদ-নির্ভর খাদ্যের ব্যবহার প্রয়োজন।
আমরা সকলে এই অঙ্গীকার
করি যে সবাই মিলে গড়ে তুলব নতুন পৃথিবী। নিয়ম করে বাড়িতে গাছ লাগাব। সেই সঙ্গে পরিবেশের
দূষণ হয় এমন কোনও কিছু ব্যবহার করব না। আর এই দূষণের কথা মাথায় রেখে ফ্যাশনেও এসেছে
পরিবর্তন। ইকো ফ্রেন্ডলি ফ্যাশনের দিকেই ঝুঁকছেন ডিজাইনাররা। এমন কিছু মেটেরিয়াল ব্যবহারের চেষ্টা করা হচ্ছে যা মাটির সঙ্গে সহজেই মিশে যেতে
পারে। সেই সঙ্গে মানুষ যাতে পরে আরাম পেতে পারেন। ইকো ফ্রেন্ডলি পোশাকের জন্য সবাইকে
উৎসাহ দিতে হবে। এব্যাপারে বিভিন্ন ব্র্যান্ড যাতে এগিয়ে আসে সেইদিকে নজর দেওয়া দরকার।
পুরনো পোশাক ফেলে না দিয়ে রিমডেলিং করতে হবে। ছেঁড়া থাকলে নিজের মতো সেলাই চালিয়ে
কিংবা পেন্ট করে অন্যরকম লুক দেওয়া যেতে পারে। কীভাবে পুরনো পোশাককে একদম অন্যরকম ভাবে
লুক পরিবর্তন করা যায় এই সংক্রান্ত অনেক রকম ভিডিয়ো পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। জামা
কাপড় পরিমাণে কম কিনুন। অধিক কিনে নষ্ট করবেন না। এমন কিছু কিনুন যা দীর্ঘদিন ধরে
ব্যবহার করা যেতে পারে।
Comments
Post a Comment