আমার মেদিনীপুর
পশ্চিমবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র দিঘা। পূর্ব মেদিনীপুরের বঙ্গোপসাগরের তীরে গড়ে উঠেছে এই পর্যটন কেন্দ্র। প্রেম বিরহ সুখ দুঃখ হাসি কান্নার আবেগ জড়িত অন্যতম স্থান দিঘার মোহময়ী সমুদ্র, প্রশস্ত বেলাভূমি আর ঝাউ বন হল অন্যতম আকর্ষণ। এখানকার মনোরম পরিবেশে সমুদ্রের তীরে বসে সময় কাটিয়ে দেওয়া যায়। সঙ্গে রয়েছে সূর্যোদয় ও সূর্যাস্তের মায়াবী দৃশ্য। এই দিঘা আমার বাড়ি থেকে চোদ্দ কিমি দূরে হলেও প্রথম দিঘা আসি ১৯৭০-এর দশকে। জ্যামিতিক আকারে ঘন বিন্যস্ত সবুজ ঝাউ বন সেবার প্রথম দেখেছিলাম। দেখেছিলাম বড় বড় বোল্ডার দিয়ে বাঁধানো ঘাট। ১৯৯১-এ চাকরি সূত্রে এলাম দিঘা দেবেন্দ্রলাল জগবন্ধু শিক্ষাসদনে। জানলাম আমাদের বিদ্যালয়ের নামের সঙ্গে যুক্ত দেবেন্দ্রলাল হলেন নাড়াজোলের রাজা দেবেন্দ্রলাল খান (১৮৯৪-১৯৫২)। এবং দিঘাকে দিঘাকে ১৯৪০-এর দশকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে তাঁর অবদান কম নয়। তাঁর বিশেষ বন্ধু জন ফ্রাঙ্ক স্নেইথ (১৮৮২-১৯৬৪) দিঘায় প্রথম পা রাখেন ১৯২১-এ। ১৯৩৯ সালে তৈরি করেন তাঁর বাসভবন ‘রানসউইক হাউস’। যা দিঘায় নির্মিত কোনও বিদেশির বাড়ি। স্নেইথ দেবেন্দ্রলালকে অনুরোধ করলেন দিঘাতে একটি বাড়ি বানাতে। রাজা বাড়ি তো বানালেনই, সঙ্গে ১৯৪৫-এ দিঘা সংলগ্ন এলাকায় তৎকালীন পদিমা ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের উদ্যোগে দিঘা দেবেন্দ্রলাল শিক্ষাসদন নামে (পরবর্তী সময়ে নাম হয় দিঘা দেবেন্দ্রলাল জগবন্ধু শিক্ষাসদন) একটি স্কুলও গড়ে তুলেন। স্নেইথ সাহেব তৎকালীন সরকারকে মাঝে মাঝেই বোঝাবার চেষ্টা করতেন দিঘা একটি চমৎকার পর্যটন কেন্দ্র হতে পারে। ইংরেজ সরকার তখন ব্যতিব্যস্ত স্বাধীনতার আন্দোলন নিয়ে। এ দিকে তাই কান দেয়নি। ১৯৪৭ সালে দেশ স্বাধীন হল। ইংরেজদের জমানা শেষ। কিন্তু স্নেইথ সাহেব হাল ছাড়েননি। ডা: বিধানচন্দ্র রায় বাংলার মুখ্যমন্ত্রী হবার পর স্নেইথ তাঁকে দিঘায় পর্যটনের উজ্জ্বল সম্ভাবনার কথা জানান। তাঁর হাত ধরে দিঘা আবার প্রচারের আলোয় আসে।
সমুদ্র সৈকত ছাড়াও দিঘায় রয়েছে অমরাবতী
পার্ক ও লেক(১৯৮০), মেরিন অ্যাকুরিয়াম(১৯৮৯), দীঘা বিজ্ঞান কেন্দ্র(১৯৯৭), বিশ্ব
বাংলা পার্ক (২০১৫), ঢেউসাগর পার্ক(২০১৯), ইত্যাদি। দিঘার কাছাকাছি অন্য সমুদ্র সৈকতগুলো
হলো শংকরপুর, মন্দারমনি, তাজপু্র, জুনপুট, উদয়পুর এবং তালসারি। গোয়ার মতনই দিঘার সমুদ্রেও নামতে চলেছে
সুসজ্জিত ‘এম ভি নিবেদিতা’ নামে প্রমোদতরী।
এতদিন পর্যটকরা সৈকত থেকেই সমুদ্রকে উপভোগ করেছেন। এবার প্রমোদতরীতে চেপে সমুদ্রযাত্রার
মাধ্যমে আনন্দ উপভোগ করতে পারবেন তাঁরা। এক কথায় ভ্রমণ পিপাসু বাঙালীদের বাজেটের মধ্যে কয়েক দিন ছুটি কাটানোর আদর্শ জায়গা দিঘা।
দিঘায় আর কয়েকদিন পর উদ্বোধন হবে জগন্নাথ ধাম ও সংস্কৃতি কেন্দ্র। যা দিঘার পালকে
নতুন মুকুট।
এই দিঘার অতীত ইতিহাস কী? সংক্ষেপে বললে দাঁড়ায়- বাস্তবে দিঘা বলতে যে এলাকাকে বোঝায়, তা সমুদ্রগর্ভে
বিলীন। ১৭৭২ খ্রি. শীতের দেশ ইংল্যান্ড থেকে গভর্নর হয়ে
এসেছেন ওয়ারেন হেস্টিংস। এসেই বাংলার গরমে হাঁসফাঁস অবস্থা। গ্রীষ্মকালীন আবাসস্থল
হিসাবে তখনও দার্জিলিংয়ের পরিচিতি ঘটেনি। তিনি বীরকুল সৈকতের সন্ধান পান। যা কলকাতা থেকে খুব দূরে নয়। পুরনো সমৃদ্ধ শহর ‘কন্টাই’র
কাছে জায়গাটির তখন নাম ছিল বীরকুল। বীরকুলকে জনপ্রিয় করার চেষ্টায় যে ওয়ারেন হেস্টিংস
কিছুটা সফল হয়েছিলেন, তার প্রমাণ পাওয়া যায় ১৯ মে ১৭৮০-র হিকিজ গেজেটে প্রকাশিত
একটি চিঠি থেকে। ওয়ারেন হেস্টিংস শুধু বীরকুলকে জনপ্রিয় করার চেষ্টাই করেননি নিজেও
বাসযোগ্য একটি বাংলো বাড়ি তৈরি করেন। তবে হাঙ্গর কুমিরের উৎপাত না থাকলেও এই
অঞ্চলে খুব ঘন ঘন সাইক্লোন হত। সমুদ্রেরও খুব বিধ্বংসী চেহারা ছিল। এই সব কারণে
হেস্টিংস সাহেবের আন্তরিক চেষ্টা সত্ত্বেও বীরকুল ঠিক তেমন ভাবে সৈকত শহর হয়ে
ওঠেনি। তবে গভর্নর বাস
করার ফলে জায়গার উন্নতি হল দ্রুত। অন্যান্য ইংরেজ কর্মীদেরও যাতায়াত শুরু করল। তা-ই
১৭৭৮ সালে এলাকা উন্নয়নের জন্য রচিত হল পরিকল্পনা। কিন্তু খুব বেশি বাস্তবায়িত হল
না। ওয়ারেন হেস্টিংস-এর সাধের ‘Brighton of the East’ দিঘার
কথা চাপা পড়ে যায় কয়েক দশক। এর পর স্নেইথ
সাহেবে হাত ধরে দিঘা পরিচিতি লাভ করে। ১৯৫৬-৫৭ বছর থেকে দিঘা উন্নয়ন প্রকল্প, দিঘা
পরিকল্পনা কর্তৃপক্ষ, দিঘা উন্নয়ন কর্তৃপক্ষ হয়ে বর্তমানে দীঘা শংকরপুর ডেভেলাপমেন্ট
অথরিটি(ডিএসডিএ) দিঘার উন্নয়নের কাজ করছে। দিঘা, শঙ্করপুর, তাজপুর ও মন্দারমণির ৫১টি
মৌজা ডিএসডিএ এলাকার অন্তর্ভুক্ত। ১৯৫৬ থেকে দীঘার জন্য প্রশাসক পদ তৈরি হয়, যা পরে
এক্সিকিউটিভ অফিসার রূপে পরিচিতি লাভ করে। প্রথম প্রশাসক ছিলেন এন এল দত্ত গুপ্ত। দীঘার
প্রথম প্রশাসনিক ভবন তৈরি হয় ১৯৬৫-৬৬ সালে। ডিএসডিএ নতুন প্রশাসনিক ভবন তৈরি হয় নিউ
দিঘায় ২০১৮ সালে। ওই ভবন দেখতে অনেকটা জাহাজের মত। যা জাহাজ বাড়ি নামে বর্তমানে পরিচিত।
পর্যটন
দপ্তরের তথ্য অনুযায়ী ২০০১-এ ৩১৬৮ জন বিদেশি পর্যটক সহ দিঘায় মোট পর্যটক এসেছিলেন ৮,৭৬,৯০৫
জন। সেই সংখ্যা ২০১৫তে দাঁড়ায় ৩১,১৭৫ জন বিদেশি সহ ৭৪,২৯,৭২৫ জন। এর থেকে স্পষ্ট পর্যটকের
সংখ্যা কী হারে বাড়ছে। আগামীদিনে দেশের একটি অন্যতম পর্যটন কেন্দ্ররূপে দিঘা পরিচিতি
লাভ করবে। বিশ্ব উষ্ণায়ন সহ নানা প্রাকৃতিক কারণে দিঘা উপকুলের ক্ষয় ও সমুদ্রের জলস্তর
বৃদ্ধি নতুন নয়। সেক্ষেত্রে পরিবেশ বিধি মেনে দিঘার সুস্থায়ী উন্নয়ন কাম্য।
Comments
Post a Comment