জগন্নাথ তুমি কার?

 

পূর্ব মেদিনীপুরের প্রতিবেশী রাজ্য ওড়িশা জুড়ে জগন্নাথ-এর দোর্দণ্ডপ্রতাপ। ওড়িয়া ভাষীদের কাছে তিনি ‘বড় ঠাকুর’। জগন্নাথ রাজার প্রার্থনা যেমন শোনেন, তেমনই শোনেন মুসলিম ভক্ত সালাবেগ, দীনহীন পতিত জাতির দাসিয়া বাউরির কথা। দিনের নানা সময় তাঁর নানা বেশ, ছাপ্পান্ন রকমের ভোগ হয় তাঁর, বছরভর তাঁকে ঘিরে চলে নানা উৎসব। হিন্দুদের প্রধান শাস্ত্র হল বেদ। তাতে জগন্নাথের কোনও উল্লেখ নেই। এমনকি রামায়ণ এবং মহাভারতেও উল্লেখ নেই জগন্নাথের। বিষ্ণুর দশাবতারের মধ্যেও তাঁর নাম নেই। অবশ্য কিছু ওড়িয়া বইয়ে দাবি করা হয়েছে, বিষ্ণুর নবম অবতার বুদ্ধ নন, তিনি জগন্নাথ। স্বাভাবিক ভাবে প্রশ্ন আসে, জগন্নাথ আসলে কে? তিনি কি বিষ্ণু? নাকি মহেশ্বর? জগন্নাথ যে আসলে কী এবং কী নন, তা নিয়ে মতভেদ আছে। রয়েছে অগণিত কাহিনি। তবে জগন্নাথের ভক্তরা কোনও যুক্তিতর্কের মধ্যে যেতে রাজি নয়। তাঁদের কাছে জগন্নাথ হলেন সর্বশক্তির আধার। তা-ই যুগে যুগে দারুব্রহ্ম জগন্নাথের টানে পুরীতে ছুটে এসেছেন বহু সিদ্ধ, সাধক ও মহাপুরুষ। শঙ্করাচার্য থেকে রামানুজ, নিম্বার্ক, গুরু নানক, সন্ত কবীর, গোস্বামী তুলসীদাসজী, গণপতি ভট্ট, শ্রীচৈতন্যদেব-কে না এসেছেন পুরীতে? একমাত্র শ্রীরামকৃষ্ণ আসেননি। তিনি বলতেন, পুরী গেলে তাঁর শরীর থাকবে না।

জগন্নাথ শব্দের অর্থ জগতের নাথ। জগন্নাথ এমন এক দেবতা, যাঁকে নিজেদের বলে দাবি বৈষ্ণব, শৈব থেকে শুরু করে বৌদ্ধ, জৈন এমনকী আদিবাসী শবর সম্প্রদায়েরও। শ্রীরামকৃষ্ণ বলতেন, ‘কলিতে দারুব্রহ্ম’, আবার ‘জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করলে ভক্তি হয়।’ নিজে জগন্নাথের অন্নপ্রসাদ ‘আটকে’ গ্রহণ করতেন এবং ভক্তদেরও তাতে উৎসাহিত করতেন। বলরাম বসুর বাড়িতে জগন্নাথের সেবা-সেই কারণেই বলরামের অন্ন ‘শুদ্ধ’ মানতেন। শ্রীচৈতন্য তো জগন্নাথের প্রেমে বিভোর হয়ে নীলাচলেই জীবনের অন্তিম ভাগ কাটিয়ে দিলেন।

জনশ্রুতি, লোকগাথা, পৌরাণিক কাহিনী ও ইতিহাসের আবরণে মোড়া ভারতবর্ষের সংস্কৃতি, আত্মাধিক ও ধর্মীয় চেতনার সাথে সমার্থক যেমন কেদারনাথ, বদ্রীনাথ, তিরুপতি শ্রী বালাজী, কামাখ্যা, কাশী বিশ্বনাথ, দ্বারকাধীশ, কৈলাস, পদ্মনাভস্বামী, বৈষ্ণো দেবী, সিদ্ধি বিনায়ক, তুঙ্গনাথ, ত্রিপুরেশ্বরী, অমরনাথ, মহাকালেশ্বর, পুরীর জগন্নাথ ধাম। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে রাজ্যের সমুদ্র উপকূলবর্তী শহর দীঘায় জগন্নাথ ধাম ও সংস্কৃতি কেন্দ্র ২০০ কোটিরও বেশি টাকা ব্যয়ে ২১৩ ফুট উচ্চতার জগন্নাথ ধাম ও সংস্কৃতি কেন্দ্রের দিকে বর্তমানে গোটা রাজ্যের মানুষ তাকিয়ে আছে। ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন হবে উদ্বোধন।

জগন্নাথের মূর্তির সঙ্গে অন্যান্য হিন্দু দেবতার মিল নেই। জগন্নাথ বিগ্রহের হাত-পা-কান নেই, আছে চাকার মতো গোল দুটি বড় চোখ। অন্যান্য দেববিগ্রহ ধাতু কিংবা মৃত্তিকা অথবা পাথরের তৈরি। এখানেও জগন্নাথ বিগ্রহ সকলের চেয়ে ভিন্ন। তাঁর বিগ্রহ কাঠের তৈরি। ওড়িশার আদিবাসী শবর জাতির মানুষ হলেন বৃক্ষ উপাসক। তাঁরা নিজেদের দেবতাকে বলতেন ‘জগনাত’। জগন্নাথ সংস্কৃতিতে শবর সংস্কৃতির বহু উপাদান রয়েছে। শবরদের দেবতা জগন্ত, অনন্ত ও স্তম্ভেশ্বরী যথাক্রমে জগন্নাথ-বলরাম-সুভদ্রা হয়েছেন বলে অনেকে মনে করেন। জগন্নাথদেবের পুরোহিতদের মধ্যে ব্রাহ্মণদের সঙ্গে রয়েছেন অব্রাহ্মণ ‘দয়িতা পতি’রা। যাঁরা নিজেদের শবররাজ বিশ্ববসুর বংশধর বলে দাবি করেন। এই বিশ্ববসুই প্রথমে জগন্নাথের পুজো করতেন। অন্নদিকে জগন্নাথের ‘নবকলেবর’ শবর সংস্কৃতিরই ধারা।

শাক্তরা দাবি করেন জগন্নাথ হলেন শিব। দেবী বিমলা হলেন পুরীর পিঠেশ্বরী। আবার তন্ত্র মতে বিমলা হলেন ভৈরবী। এবং শ্রী জগন্নাথ হলেন ভৈরব। পুরীর জগন্নাথ মন্দিরের চত্বরে দক্ষিণপশ্চিম কোণে রয়েছে দেবী বিমলার মন্দির। কথিত আছে এখানে দেবী সতীর নাভি পড়েছিল। সেই পীঠের অধিষ্ঠাত্রী দেবী বিমলা। এখানে জগন্নাথকে নিবেদন করা প্রসাদই বিমলা দেবীকে নিবেদন করা হয়। তারপরই প্রসাদ হয় ‘মহাপ্রসাদ’। বিমলা মন্দিরে আশ্বিন মাসে ১৫ দিন ধরে দুর্গাপুজো হয়। মহিষাসুরমর্দিনী রূপে পুজো করা হয় দেবীকে।

পুরীতে জৈন প্রভাবের একাধিক ভাবনার কথা গবেষকগণ শুনিয়েছেন। খারবেল-এর শিলালেখতে সমুদ্র সন্নিহিত ‘পিথুণ্ড’ ‘পিহুণ্ড’ জৈন তীর্থের উল্লেখ আছে। অনেকের অনুমান, পুরীই সেই তীর্থস্থান। শ্রীজগন্নাথের মহাপ্রসাদকে ‘কৈবল্য’ বলে। কৈবল্য শব্দটি জৈন সংস্কৃতির শব্দ। এর অর্থ মুক্তি। জগন্নাথের প্রসাদেও মুক্তি। জগন্নাথ মন্দিরের বাইশটি সিঁড়ি (বাইশ পাহাচ) জৈন দর্শনে ২২ তীর্থঙ্করের স্মৃতি বলে অনেকের অনুমান। জগন্নাথের নাম যেমন ‘পুরুষোত্তম’ তেমনই জৈনদের উপাস্য দেবতার নামও পুরুষোত্তম। পুরীর শ্বেত গঙ্গায় যে ‘শক্তিশীলা’ আছে (মুক্তিশীলা), তার সঙ্গে জৈন সংস্কৃতির যোগসূত্র থাকার কথা অনেকেই বলেছেন।

কলিঙ্গ যুদ্ধের পরে সম্রাট অশোক বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্তের কাছে দীক্ষা গ্রহণ করে চণ্ডাশোক থেকে ধর্মাশোক হন। আর এক বৌদ্ধগুরু ধর্মরক্ষিত ওড়িশায় থেরবাদ প্রচার করেন। ওড়িশায় বৌদ্ধ ধর্মের পত্তন হয়। এই সবই খ্রীস্টপূর্ব ২৬১ অব্দের পরের কথা। খ্রীষ্টীয় প্রথম শতাব্দীতে পুস্পগিরি, দন্তপুর প্রভৃতি বৌদ্ধ বিহারের প্রসিদ্ধি ছিল। শ্রীজগন্নাথ ও বৌদ্ধ সংস্কৃতির যোগসূত্রের বিষয়ে একাধিক ধারণা প্রচলিত আছে।

শ্রীজগন্নাথ চেতনার উন্মেষ ঘটেছে বৈষ্ণব আধারে। স্কন্দপুরাণ থেকে জানা যায় শ্রীজগন্নাথই শঙ্খচক্র গদাধারী। পুরো   স্কন্দপুরাণে দেখা গেছে শ্রী জগন্নাথের বৈষ্ণব মাত্রার জয়গান। শ্রীচৈতন্যদেব আবার জগন্নাথের মধ্যে শ্রীকৃষ্ণকে খুঁজে পেয়েছিলেন। গৌড়ীয় বৈষ্ণব সমাজ শ্রীকৃষ্ণ তত্ত্ব ও শ্রী জগন্নাথ তত্ত্বের অনবদ্ধ সংবন্ধন ঘটিয়েছেন। সেখানে বৈষ্ণব চেতনার সুসংবদ্ধ রূপায়ণ খুবই স্পষ্ট।

জগন্নাথ যে আসলে কী এবং কী নন, তা নিয়ে বিস্তর মতভেদ থাকলেও, ভক্তরা কোনও যুক্তি-তর্কের মধ্যে না-ঢুকে জগন্নাথকে সর্বশক্তির আধার হিসেবেই ভাবতে ভালোবাসেন। আধুনিক ভারতে যৌথ পরিবার ব্যবস্থা ধীরে ধীরে ভেঙে যাচ্ছে এবং একক পরিবার ক্রমশ সাধারণ হয়ে উঠছে। এর ফলে বেশ কিছু সামাজিক ও মানসিক সমস্যার সৃষ্টি হচ্ছে। জগন্নাথ মন্দিরই পৃথিবীর একমাত্র মন্দির যেখানে জগন্নাথ তাঁর ভাই বলভদ্র এবং বোন সুভদ্রার সাথে আবির্ভূত হন। পারিবারিক মূল্যবোধের এর চেয়ে ভালো উদাহরণ কি আর হতে পারে?

 

ঋণ ও সহায়তা:

নিবোধত – বর্ষ ৩৮, সংখ্যা ২, জুলাই – আগস্ট ২০২৪, শ্রীসারদা মঠ, দক্ষিণেশ্বর - ৭০০০৭৬।

শ্রীজগন্নাথ ভাব-শাস্ত্র-তত্ত্ব – শেখ মকবুল ইসলাম, খসড়া খাতা – ৭০০১১৩।

Comments

Popular posts from this blog

খবরের কাগজে মোড়া খাবার খেয়ে কী বিপদ ডাকছেন?

নমন্তি গুণিনো জনাঃ