পঞ্চাশ বছর পরে ফের ভাত খেলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়

 

লবণকে কেন্দ্র করে যে আইন অমান্য আন্দোলন হিমালয় থেকে কন্যাকুমারী সমগ্র ভারতবর্ষে সংঘটিত হয়েছিল, তা এক কথায় অভূতপূর্ব। গান্ধীজি ১৯৩০-এর ৬ এপ্রিল গুজরাটের ডান্ডিতে ৭৮ জন সত্যাগ্রহীসহ লবণ আইন অমান্য করেন। এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ ছিল লক্ষ্যণীয়। তৎকালীন ভারত সচিব (৭ জুন ১৯২৯-২৪ আগস্ট ১৯৩১) উইলিয়াম অয়েজউড-এর  বক্তব্যে তা স্পষ্ট – ‘Nothing had disturbed me more than the great awakening among Indian women and the part they had began to play in politics.’

 

বহুমাত্রিক আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের সঙ্গে গান্ধীজির সখ্য সুপরিচিত। ১৯০১-এর ডিসেম্বরে কলকাতায় অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের ১৭তম অধিবেশনে যোগ দিতে এসে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ৯১ আপার সারকুলার রোড়ের বাড়িতে গোপালকৃষ্ণ গোখলের সঙ্গে কয়েকদিন ছিলেন। সায়েন্স কলেজের চৌহদ্দির মধ্যে নিজেকে আটকে রাখেননি আচার্য প্রফুল্লচন্দ্র রায়। আপার সার্কুলার রোডে আচার্যের ভাড়াবাড়িটি ‘বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস’ শিল্প প্রতিষ্ঠানটির আঁতুড়ঘর।

 

১৯৩০-এ ব্রিটিশের লবণ আইনের প্রতিবাদে গান্ধীজির লবণ সত্যাগ্রহ আন্দোলনে সাড়া দিয়ে আচার্য রায়ের লবণ তৈরি ও লবণ ব্যবসায় উৎসাহিত করার বিষয়টি কম চর্চিত। হাটখোলা দত্ত পরিবারের মনুজেন্দ্র দত্ত’র উদ্যোগে আচার্য রায়ের পরিকল্পনায় ১৯৩১-এ ‘দ্য বেঙ্গল সল্ট কোম্পানী লিমিটেড’ গড়ে ওঠে। ১৯৩৪-এ বর্তমান পূর্ব মেদিনীপুরের মন্দারমণি কোস্টাল থানার  কাছে দাদনপাত্রবাড়-এ শুরু হয় ‘দ্য বেঙ্গল সল্ট কোম্পানী লিমিটেড’। এক হাজার ছশো একর জমিতে গড়ে ওঠা ‘দ্য বেঙ্গল সল্ট কোম্পানী লিমিটেড’-এর পরিচালন বোর্ডের প্রথম মিটিং হয় রাজাবাজার সায়েন্স কলেজে আচার্য রায়ের কক্ষে ১৯৩৪-এর ৩১ জুলাই। কোম্পানির চেয়ারম্যান হিসেবে মিটিং-এ পৌরোহিত্য করেন আচার্য রায় স্বয়ং। পরিচালন সমিতির অন্যান্য সদস্যরূপে সেদিন উপস্থিত ছিলেন ‘বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস’-এর ডিরেক্টর রাজশেখর বসু, ন্যাশনাল কাউন্সিল অফ এড্যুকেশন-এর সত্যানন্দ বসু, কোম্পানির ম্যানেজিং এজেন্টদ্বয় প্রমথনাথ চৌধুরী এবং মনুজেন্দ্র দত্ত প্রমুখ। আমৃত্যু আচার্য রায় কোম্পানির চেয়ারম্যান ছিলেন।

 

১৯৪১-এর এপ্রিলে আশি বছর বয়সে আচার্য রায় বঙ্গোপসাগরের তীরবর্তী এই লবণ কারখানায় পদার্পণ করেছিলেন। সেই সময় কলকাতার সঙ্গে দাদনপাত্রবাড়ের যোগাযোগ ব্যবস্থা ছিল না। কলকাতা থেকে ট্রেনে খড়্গপুর, পরে বাসে কাঁথি হয়ে পিছাবনি। সেখান থেকে মোষের গাড়ি করে  দাদনপাত্রবাড়। সেই প্রথম ও শেষবার আচার্য রায়-এর দাদনপাত্রবাড়-এ আসা। সবচেয়ে আশ্চর্য্যের বিষয়- ডায়াবেটিক রোগী হওয়ার জন্য আচার্য রায় কলেজ জীবন থেকে ভাত খাওয়া সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিলেন। এবং বাঙালী যুব সমাজকে দুবেলা ভাত খাওয়া থেকে বিরত থাকতে বলতেন। তিনি দাদনপাত্রবাড়ে থাকার সময় গম ইত্যাদির দুষ্প্রাপ্যতার কারণে বাছাই করা পুরাতন ও স্থানীয় উৎপন্ন ঢেঁকি-ছাঁটা সিদ্ধ চাল খেতে শুরু করেন। অপ্রত্যাশিতভাবে সেই চাল আচার্য রায়ের ক্ষয়িষ্ণু শরীরের পক্ষে উপযোগী হয়ে ওঠে। তাঁর খাদ্যাভাসের ব্যতিক্রম ঘটায় তিনি তৃপ্তির সুরে বলেছিলেন, “মনুজ (মনুজেন্দ্র দত্ত), তোমার পাল্লায় পড়ে আমি আমার ৫০ বছরের পুরানো খাওয়ার অভ্যেস ভেঙ্গে প্রথম ভাত খাচ্ছি এবং খেয়ে সুস্থ আছি”।  একটানা পনের দিন আচার্য রায়ের কলকাতায় অনুপস্থিতির কারণে তাঁর ছাত্র, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের মহলে শোরগোল পড়ে যায়। কলকাতায় ফিরে কোম্পানির চেয়ারম্যান হিসেবে পরিদর্শন রিপোর্ট লেখেন ২৫ এপ্রিল ১৯৪১। সেই রিপোর্টে তাঁর বেঙ্গল সল্টে অবস্থান সম্পর্কে লিখেছেন, ‘আই পাসড মাই ডেজ ইন দ্য ফ্যাক্টরি পিসফুলি আন্ডার দ্য ফিলিয়াল কেয়ার অ্যান্ড অ্যাফেক্সনেট নারসিং অব শ্রীমান মনুজেন্দ্র অ্যান্ড স্টাফ অ্যান্ড এনজয়ড সাউন্ড স্লিপ ইন দ্য সি ব্রিজ হুইচ ইজ ব্লোয়িং ডে অ্যান্ড নাইট ওভার দ্য এরিয়া অ্যান্ড হুইচ অ্যাক্টেড অ্যাজ আ টনিক...।’ পরে ৩ অগস্ট মনুজেন্দ্র দত্তকে লেখেন, ‘তোমাদের ঐকান্তিক যত্ন ও পরিশ্রমে যে আমরা লুপ্ত লবণ শিল্পের উদ্ধার করতে পেরেছি এইটাই আমার জীবন সন্ধ্যায় শান্তির কারণ হয়েছে।’

 

জ্ঞানতপস্বী, দেশপ্রেমিক এবং ত্যাগের মহিমায় সমুজ্জ্বল আচার্য রায় তাঁর তিরাশি বছরের (২ আগস্ট ১৮৬১- ১৬ জুন ১৯৪৪) জীবন পরিক্রমায় দুর্বল, রোগজীর্ণ শরীর নিয়ে এত দেশহিতকর কাজ কীভাবে করতে পেরেছিলেন তা এখনও অমীমাংসিত অনেকের কাছে। কী বিজ্ঞান, কী শিল্প, কী সমাজসেবা ও জনহিতকর কাজ সবেতেই আচার্য রায়ের মূলমন্ত্র ও প্রেরণার উৎস ছিল দেশসেবা৷ তাঁর আত্মচরিত-এ পাই দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসন্তীদেবীকে লিখছেন, ‘প্রিয় ভগিনী, আমি আপনাকে নিশ্চিতরূপে বলিতে পারি যে, যখন বিজ্ঞান চর্চা করি, তখন বিজ্ঞানের মধ্য দিয়া দেশকেই সেবা করি৷ আমাদের লক্ষ্য একই আমার জীবনের অন্য কোনও উদ্দেশ্য নাই’। ১৭ জুন ১৯৪৪ আনন্দবাজার পত্রিকায় ‘দীপনির্বাণ’ সম্পাদকীয়তে যথার্থ লিখেছিল, ‘আচার্য প্রফুল্লচন্দ্রের জীবন উহার ব্যক্তিগত সীমা অতিক্রম করিয়া জাতীয় সাধনার প্রতীক ও প্রতিষ্ঠানে পরিণত হইয়াছিল। তাঁহার অভাব জাতির পক্ষে একটা বিরাট ও বহু কর্মময় প্রতিষ্ঠানের তুল্য। বৃহত্তর সমাজকে একান্ত আপনার বলিয়া গ্রহণ করিয়াছেন এবং তাহারই সেবায় আপনাকে নিঃশেষে বিলাইয়া দিয়াছেন।’

ঋণ:

পিতৃদেব ও বেঙ্গল সল্ট কোম্পানী – রথীন্দ্র দত্ত, কলকাতা – ২৯।  


   

Comments

Popular posts from this blog

খবরের কাগজে মোড়া খাবার খেয়ে কী বিপদ ডাকছেন?

নমন্তি গুণিনো জনাঃ