ফ্লোরেন্স নাইটিঙ্গেল: এক বহুমুখী প্রতিভার সৃষ্টিধারা
হাতে দীপ
নিয়ে রাতে অসুস্থদের দেখতে বেরোতেন বলে পরিচিত ছিলেন ‘লেডি উইথ দ্য ল্যাম্প’ বলে। ‘দ্য
টাইম’ পত্রিকা সর্বপ্রথম দেয় এই উপাধিটি। এই উপাধি নিয়ে সকলের কাছে হয়ে উঠলেন
সেবাপরায়ণতার এক উজ্জ্বল ব্যক্তিত্ব। রচিত হল তাঁকে নিয়ে কবিতা, গান ইত্যাদি। ১৮৫৭-য়
কবি হেনরি ওয়ার্ডফোর্থ তাঁকে নিয়ে লিখলেন ‘সান্তা ফিলোমেনা’ কবিতা। ‘অ্যা লেডি উইথ
অ্যা লাম্প স্যাল স্ট্যান্ড। / ইন দ্য গ্রেট হিস্ট্রি অফ দ্য ল্যান্ড। / অ্যা
নোবেল টাইপ অফ গুড। / হিরোইক ওম্যানহুড। ১৮৫৯ –এ ইনি লিখেছিলেন ১৩৯ পাতার ‘নোটস অন
নার্সিং’। Ventilation and Warming, Health of Houses, Petty Management, Noise,
Variety, Taking Food, What Food?, Bed and Bedding, Light, Cleanliness,
Chattering Hopes and Advices, Observation of the Sick, Conclusion, Appendix
চৌদ্দটি অধ্যায়ে বিন্যস্ত বইয়ের মুখবন্ধে ফ্লোরেন্স লেখেন, ‘ দ্য ফলোয়িং নোটস আর
বাই নো মিনস ইন্টেন্ডেড অ্যাজ অ্যা রুল অফ থট বাই হুইচ নার্সেস ক্যান টিচ দেমসেলভস
টু নার্স, স্টিল লেস অ্যাজ অ্যা ম্যানুয়াল টু টিচ নার্সেস টু নার্স…. ইট ইজ
রিকগনাইজড অ্যাজ দ্য নলেজ হুইচ এভরিওয়ান অট টু হ্যাভ ডিসটিঙ্কট ফ্রম মেডিক্যাল
নলেজ, হুইচ অনলি অ্যা প্রফেশন ক্যান হ্যাভ।।…’। ( THE
following notes are by no means intended as a rule of thought by which nurses
can teach themselves to nurse, still less as a manual to teach nurses to nurse.
…..It is recognized as the knowledge which every one ought to have–distinct
from medical knowledge, which only a profession can have….) এটিকে রোগী-সেবা
নিয়ে নার্সিং-এর প্রথম বই বলা যায়। তিনি হলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল (১৮২০-১৯১০)। এঁর
নাম প্রথমবার কোন সময়ে শুনেছিলাম তা আর মনে নেই। এঁর সম্পর্কে খুব বেশি জানতামও
না। ২৯ এপ্রিল বিজ্ঞান প্রসারের উদ্যোগে জাতীয় বাংলা
বিজ্ঞান সঞ্চারক সম্মেলন ২০২২ –এ অংশ নেওয়ার জন্য গিয়েছিলাম যাদবপুরের ইন্ডিয়ান
ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি-তে। প্রেক্ষাগৃহের বাইরে বেশ কিছু অদেখা ছবি
দেখছিলাম। চোখ আটকে গেল ‘A communication from Florence Nightingle to Dr.
Haffkine on receiving a copy of his anticholera inoculation report to the Govt.
of India.’ একটি ছবিতে। কয়েকদিন পর ‘আন্তর্জাতিক নার্সিং দিবস’। সেই সূত্রে ফ্লোরেন্স
নাইটিঙ্গেল সম্পর্কে সামান্য চর্চা। এবং এই নিবন্ধ।
অদৃশ্যপ্রায় নোভেল করোনাভাইরাসের সৌজন্যে স্বাস্থ্যকর্মীদের বৃহত্তর অংশ সেবিকা বা নার্সরা দু’বছরেরও বেশি সময় ধরে সেবা করে চলেছেন। তাঁদের যথাযোগ্য সম্মান জানানোর ১২ মে ‘আন্তর্জাতিক নার্সিং দিবস’ আমাদের সুযোগ এনে দিয়েছিল। প্রসঙ্গত নার্সিং-এর ইতিহাসটি বেশ প্রাচীন। তবু আধুনিক যুগে, উনবিংশ শতাব্দীর প্রথম ভাগেও সেবিকাদের ভূমিকাটি যথাযথ ভাবে উজ্জ্বল ছিল না। ফ্লোরেন্স নাইটিঙ্গেল তাঁর ব্যক্তিগত প্রচেষ্টায় নার্স বা সেবিকাদের বৃত্তিকে সম্মান, স্বীকৃতি ও প্রচারের আলোয় এনেছিলেন। একথা সর্বজন স্বীকৃত তিনি হলেন আধুনিক নার্সিং-এর অগ্রদূত। সে কারণে বিশ্ব জুড়ে তাঁরই জন্মদিনে পালিত হয় ‘আন্তর্জাতিক নার্সিং দিবস’। শুধু যে সেবার মাধ্যমে নিজে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তাই নয়, তিনি গড়ে তুলেছিলেন নার্সিং শিক্ষার প্রথম প্রতিষ্ঠান।
জন্মেছিলেন
ইতালির ফ্লোরেন্স শহরে এক ধনী ও সম্ভ্রান্ত পরিবারে। শহরের নামেই তাঁর নাম। তাঁর
বাবা মায়ের অভ্যস্ত যাপন ছিল উঁচুতলার সামাজিক বৃত্তে। এমন সম্ভ্রান্ত পরিবার থেকে সেবিকার বৃত্তি
নেওয়া তো ছিল এক অকল্পনীয় ব্যাপার। কিন্তু পারিবারিক ও সামাজিক সব বিরোধিতাকে জয়
করে ভিন্ন পথে হেঁটে তিনি বেছে নিলেন সেবিকার জীবন। প্রথমে ১৮৫০ সালে শিক্ষানবিশির
পাঠ নিলেন জার্মানিতে। ফিরে এসে লন্ডনে হ্যারো স্ট্রিটের এক মহিলা-হাসপাতালে
অধ্যক্ষ হিসাবে কাজ করলেন।
আসলে এগোতে গিয়ে তাঁকে হাঁটতে হয়েছে
সাবেকি প্রথার বিপরীতে। গণিত ছিল তাঁর প্রিয় বিষয়। পরে ভালবাসতেন
পরিসংখ্যানবিদ্যাকে। কম বয়স থেকেই তথ্য লিপিবদ্ধ করার দিকে ছিল ঝোঁক। তাই রকমারি
লিখিত তালিকা করতেন তাঁর বিভিন্ন রকম ঝিনুক সংগ্রহের। গণিতে ও পরিসংখ্যানবিদ্যায় তাঁর ব্যুৎপত্তি
ভবিষ্যতে রোগের আকৃতি, প্রকৃতি চার্ট দিয়ে সহজে বোঝার ক্ষেত্রে এক নতুন দিগন্ত
খুলে দেয়। ফ্লোরেন্স সরকারকে ও অন্যান্যদের প্রতিবেদন দেওয়ার সময় পরিসংখ্যান
দিতেন। ব্যবহার করতেন গ্রাফ ও পাই চার্ট। যার ফলে সমগ্র বিষয়টি এক নজরে বোঝা যেত।
পরে তিনি উদ্ভাবন করেন ‘পোলার এরিয়া ডায়াগ্রাম’। একে নাইটিঙ্গেল রোজ ডায়াগ্রাম বা
সার্কুলার হিস্টোগ্রামও বলা হয়। দেখিয়েছিলেন শতকরা
৯০ ভাগ অসুখই হয় স্বাস্থ্যসম্মত পরিবেশের অভাবের জন্য, যা নিবারণযোগ্য। ১৮৬০-এ লন্ডনে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল
স্ট্যাটিস্টিক্যাল কংগ্রেসে ফ্লোরেন্স নাইটিঙ্গেল এর আনা প্রস্তাব অনুযায়ী গোটা
বিশ্বে প্রথমবার হাসপাতাল ভিত্তিক তথ্য সংগ্রহ এর একটি মডেল গৃহীত হয়।
আন্তর্জাতিক স্তরে বিভিন্ন রোগের শ্রেণীবিন্যাস এর সেই শুরু। তার উদ্যোগে বৈপ্লবিক পরিবর্তন এসেছিল
স্বাস্থ্য ব্যবস্থায়। ১৮৫৯-এ রয়্যাল
স্ট্যাটিস্টিক্যাল সোসাইটি প্রথম মহিলা ফেলো নির্বাচিত করেন ফ্লোরেন্সকে। আমেরিকান
স্টাটস্টিক্যাল সোসাইটিও তাঁকে সাম্মানিক সদস্য করেন।
ফ্লোরেন্স ১৮৫৩-১৮৫৪ সাল পর্যন্ত লন্ডনের ‘কেয়ার অব সিক
জেন্টলওমেন ইনিস্টিটিউটের’ তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেন। ১৮৫৫-র
নভেম্বরে লন্ডনে সিডনি ও লিজ হার্বার্টের প্রচেষ্টায় এক হাজার তিনশো বিশিষ্ট
ব্যক্তিদের নিয়ে নার্সদের প্রশিক্ষণের জন্য গঠিত হল নাইটিঙ্গেল ফান্ড।
শুভানুধ্যায়ীগণ ৪০০০০ (চল্লিশ হাজার) পাউন্ড সংগ্রহ করলেন। ৯ জুলাই ১৮৬০-এ লন্ডনের
সেন্ট টমাস হসপিটালের সারা ওয়াড্রোপারকে সুপারিনটেনডেন্ট করে শুরু হল বিশ্বে প্রথম
স্বীকৃত নার্সিং প্রশিক্ষণের প্রতিষ্ঠান। নাম দেওয়া হল ‘নাইটিঙ্গেল ট্রেনিং স্কুল
ফর নার্সেস’। ডা. এলিজাবেথ ব্ল্যাকওয়েলের সঙ্গে
যৌথভাবে ১৮৬৭ সালে নিউইয়র্কে চালু করেন ‘উইমেন্স মেডিক্যাল কলেজ’। ১৮৮০ থেকে ব্রিটিশ দ্বীপপুঞ্জ,
কানাডা, জার্মানি, সুইডেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সব বড় বড় হাসপাতালের নার্সরা
এই শিক্ষাকেন্দ্রে প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। ১৯১৬ সালে ব্রিটেনে গড়ে ওঠে রয়্যাল কলেজ অফ নার্সিং। ২৭ মার্চ,
১৯১৬তে কলেজ অফ নার্সিং নামে গড়ে ওঠার সময়ে এর সদস্য ছিল মাত্র ৩৪ জন।
রাজা
রামমোহন রায়, দাদাভাই নৌরজি, ব্যারিস্টার মনমোহন ঘোষ, গোপালকৃষ্ণ গোখেল,
প্যারিচাঁদ মিত্র, দেবেন্দ্রনাথ ঠাকুর প্রমুখের সঙ্গে ফ্লোরেন্সের যোগাযোগ ছিল।
অবাক হই যখন জানতে পারি ১৮৬০-এর পর ভারতে নিযুক্ত বড়লাটগণ তাঁর পরামর্শ নিয়ে ভারতে
আসতেন। ফোরেন্স চারটি পর্যায়ে ভারতের জন্য কাজ করেন। সেগুলি হল- ‘সামরিক ও অসামরিক
স্বাস্থ্যবিধির রূপরেখা’(১৮৫৭ থেকে শুরু), ‘দুর্ভিক্ষ ও জলসেচ’(১৮৭০-৭৮), জমির
প্রজাস্বত্ব ও ভারতীয় কৃষক (১৮৭৯-৮৫) এবং ‘গ্রামীণ স্যানিটেশন ও নারীশিক্ষা’
(১৮৮৬-৯৬)। ১৮৬৩তে ভারতের
জনগণের স্বাস্থ্যবিধি নিয়ে অনুসন্ধানের জন্য রয়্যাল কমিশন গঠন করেন। ওই বছর
এডিনবরায় অনুষ্ঠিত সোশ্যাল সায়েন্স কনফারেন্সের জন্য প্রবন্ধ লেখেন- ‘হাউ পিপল মে
লিভ অ্যান্ড নট ডাই ইন ইন্ডিয়া’(How People
May Live and not Die in India)। ১৮৬৪ ও ১৮৬৫তে যথাক্রমে লেখেন- ‘সাজেশনস ইন
রিগার্ড টু স্যানিটারি ওয়ার্কস ফর ইম্প্রুভিং ইন্ডিয়ান স্টেশনস’(Suggestions in regard to Sanitary works for
Improving Indian Stations ) এবং ‘সাজেশনস অন অ্যা সিস্টেম অফ নার্সিং ফর
হসপিটালস ইন ইন্ডিয়া’ (Suggestions on a
system of Nursing for Hospitals in India)। ১৮৭৩-৭৪এ লেখেন , ‘দ্য জামিনদার,
দ্য সান অ্যান্ড দ্য ওয়াটারিং পট অ্যাজ অ্যাফেক্টিং লাইফ অর ডেথ ইন ইন্ডিয়া’(The Zamindar, The Sun and the Watering Pot
as affecting Life or Death in India) নামক গ্রন্থ। ১৮৭৪-এ ইলাস্ট্রেটেড লন্ডন
নিউজ-এ(Illustrated London News) লেখা
‘ ইরিগেশন অ্যান্ড মিনস অফ ট্রানজিট ইন ইন্ডিয়া’ (Irrigation and Means of Transit in India ) নামক প্রবন্ধ প্রকাশ
হওয়ার পর শোরগোল পড়ে যায়। দমে না গিয়ে ১৯৭৮ ও ১৮৭৯তে লেখেন, ‘দ্য ইউনাইটেড
এম্পায়ার অ্যান্ড দ্য ইন্ডিয়ান পিজান্ট (The United Empire and the Indian
peasant)’ এবং ইরিগেশন অ্যান্ড ওয়াটার ট্রানজিট ইন ইন্ডিয়া (Irrigation and Water transit in India)। এই অকৃত্রিম ভারতবন্ধুর
জন্মের দ্বিশতবর্ষ অতিক্রম করলেও, তাঁকে নিয়ে বিশেষভাবে চর্চা হল কই!
১৯০৭-এ ‘অর্ডার অব মেরিট’-সহ প্রচুর পুরস্কার সম্মাননায় ভূষিত হয়েছেন।
আজও সেবিকারা তাঁদের শিক্ষাজীবন শুরু করেন তাঁর নামে ‘নাইটিঙ্গেল’ শপথ নিয়ে।
নার্সিং সেবার জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কারের নাম তাঁরই নামে-‘ফ্লোরেন্স
নাইটিঙ্গেল মেডেল’। বহুমুখী কর্মপ্রতিভায় ঋদ্ধ ফ্লোরেন্স নাইটিঙ্গেল শুধু নার্সিং
সেবাটিরই উত্তরণ ঘটাননি, তিনি আলোকিত করেছিলেন স্বাস্থ্যবিধিবিহীন অবস্থায়
অন্ধকারে থাকা সেই সময়টিকেও। তিনি যে আলো জ্বালিয়ে দিয়ে গেছেন তা কখনও নিভবে না।
যুগে যুগে তা ছড়াবে, ছড়াতেই থাকবে।
* বিজ্ঞান কথা, জুলাই ২০২২-এ প্রকাশিত।


Comments
Post a Comment