বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের (বিদ্যাসাগর হল) দ্বারোদ্ঘাটন
উনিশ শতকের শেষ প্রান্তে অখণ্ড বঙ্গদেশে সাহিত্য ও সংস্কৃতিচর্চার শ্রেষ্ঠ কেন্দ্ররূপে কলকাতা মহানগরীতে গড়ে উঠেছিল ‘বঙ্গীয় সাহিত্য পরিষদ’। তারপর কয়েক বছরের মধ্যে বাংলার বিভিন্ন জেলাতেও স্থাপিত হয়েছিল সাহিত্য পরিষদের শাখা কেন্দ্র। উত্সাহী সাহিত্য ও সংস্কৃতিপ্রেমী কয়েকজন বিদগ্ধ মানুষের সমবেত প্রচেষ্টায় ১৩১৮ বঙ্গাব্দে প্রতিষ্ঠিত হয় সাহিত্য পরিষদের মেদিনীপুর শাখা। ১৯৩৭ সালে বীরসিংহে বিদ্যাসাগরের স্মৃতিতে বঙ্গীয় সাহিত্য পরিষদের মেদিনীপুর শাখা এক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে কবি সজনীকান্ত দাস বিদ্যাসাগরের স্মৃতিতে মেদিনীপুর শহরে স্থায়ীভাবে কিছু করার প্রস্তাব দেন। এরপরে মেদিনীপুরে বিদ্যাসাগরের স্মৃতিতে এক ভবন তৈরি সিদ্ধান্ত নেওয়া হয়। এই শাখার নেতৃত্বেই গড়ে উঠেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে স্মৃতি সৌধ— বিদ্যাসাগর স্মৃতি মন্দির। স্মৃতি মন্দির নির্মাণ উপলক্ষ্যে পৃথক একটি কমিটি গঠিত হয়েছিল। ওই কমিটিতে ছিলেন- ১) বিনয়রঞ্জন সেন (সভাপতি) জেলা শাসক। ২) দেবেন্দ্রমোহন ভট্টাচার্যা ৩) মনীষীনাথ বসু ৪) চিত্তরঞ্জন রায় ৫) ক্ষিতীশচন্দ্র চক্রবর্তী ৬) অতুলচন্দ্র দে ৭) মহেন্দ্রনাথ দাস ৮) জ্ঞান...